২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঘন্য অভিনয়ের পুরষ্কারের জন্য লড়ছেন স্টোন

কে বলেছে পুরষ্কার পাওয়ার জন্য শুধু ভালো কাজই করতে হয়? বাজে পারফরম্যান্স দিয়েও পুরষ্কার মেলে। শুধূ মেলেই না, রীতিমতো লড়াই করে পেতে হয় এ পুরষ্কার। হলিউড, যেখানে অস্কারের মতো পুরষ্কার দেয়া হয়ে থাকে সেখানেই, বিখ্যাত অভিনেত্রী শ্যারন স্টোন জঘন্য অভিনয় ক্যাটাগরিতে র‌্যাপসবেরি বা র‌্যাজি অ্যাওয়ার্ড এর জন্য লড়ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2007, 04:55 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

এর আগে ‘বেসিক ইনস্টিংক্ট’ দিয়ে রূপালী পর্দা গরম করলেও এর সিকুয়েলটি যে দর্শকদের চরম হতাশ করেছে  সেটা  বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে র‌্যাজির নমিনেশন দেখে। ২৭তম বার্ষিক গোল্ডেন র‌্যাপসবেরি অ্যাওয়ার্ড এর আসরে ‘বেসিক ইনস্টিংক্ট  --  টু’ ৭টা নমিনেশন পেয়েছে। এর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছে ‘লিটল ম্যান’।

আগামী ২৪ ফেব্র“য়ারি, অস্কার পুরষ্কার ঘোষনার ঠিক আগের দিনে, বোঝা যাবে কে হবে বিজয়ী। ওই দিনই ঘোষনা করা হবে মজার এই পুরষ্কারের বিজয়ীদের নাম।

‘বেসিক ইনস্টিংক্ট টু’ নমিনেশন পেয়েছে জঘন্য চলচ্চিত্র, অভিনত্রী, সহ অভিনেত্রী, পরিচালক, সিকুয়েল, চিত্রনাট্য, রূপালী পর্দার জুটি ক্যাটাগরিতে। এর পাশাপাশি ‘লিটল ম্যান’ জঘন্য চলচ্চিত্র, রিমেক, পরিচালক, চিত্রনাট্য, রূপালী পর্দার জুটি এবং বাজে অভিনেতা হিসেবে দুটো আলাদা এই মোট ৭টা মনোনয়ন পেয়েছে।

অস্কারকে ব্যঙ্গ করে এই পুরস্কার প্রবর্তনের দলনেতা জন উইলসন শ্যারন স্টোনের ছবিটি সম্পর্কে বলেছেন, “এটা হলো এক কামোদ্দীপক রগরগে হত্যাকান্ডের কাহিনী যা দম ফাটানো হাসির ছবিতে পরিণত হয়েছে।” ‘লিটল ম্যান’ সম্পর্কে তার মন্তব্য, “এটি একটি কমেডি ছবি, অথচ দেখে মনে হবে হাস্যরসবর্জিত ‘শিন্ডলার্স লিস্ট’ দেখছি।”

শন ও মার্লোন ওয়্যানস অভিনীত ‘লিটল ম্যান’ ছবিটি পরিচালনা করেছেন তাদেরই ভাই কেনি আইভরি ওয়্যানস। উইলসন ছবিটি ১৯৫৪ সালে নির্মিত বাগস বানি কার্টুনের নিলর্জ্জ অনুকরণ বলে মন্তব্য করেছেন।

বাজে ছবির লড়াইয়ে আরো আছে এম নাইট শ্যামালানের ‘লেডি ইন দি ওয়াটার,’ নিকোলাস কেজ অভিনীতি ‘দি উইকার ম্যান’ এবং ওয়ে বোল পরিচালিত রক্তশূন্য ভ্যাম্পায়ার মুভি ‘ব্লাডরেন’। এই ছবির জন্য ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে বাজে চলচ্চিত্রকার হিসেবে ‘প্রসংশিত’ হয়েছেন বোল।

বাজে অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন টিম অ্যালেন। ‘সান্তা ক্লস থ্রি’ ‘দি শ্যাগি ডগ’ ও ‘জুম’ ছবিতে অভিনয়ের জন্য এই মনোনয়ন জুটেছে তার কপালে। নিকোলাস কেজ মনোনয়ন পেয়েছেন ‘উইকার ম্যান’ ছবিতে তার দুর্বল অভিনয়ের জন্য। ড্যান হুইটনি পেয়েছেন ‘ল্যারি, দি কেবল গাই: হেলথ ইনস্পেক্টর’ এর জন্য। ‘দি বেঞ্চওয়ার্মারস’ এ অভিনয়ের জন্য রব শিন্ডার এবং মার্লোন ও শন ওয়্যান পেয়েছেন ‘লিটল ম্যান’ এর জন্য।

ওদিকে শ্যারন স্টোনের সাথে সবচেয়ে বাজে অভিনেত্রীর ক্যাটাগরিতে লড়ছেন হিলারী ও হেইলি ভগ্নিদ্বয়। তাদের অভিনীত ছবি ‘ম্যাটেরিয়াল গার্লস’। লিন্ডসে লোহান মনোনয়ন পেয়েছেন ‘জাস্ট মাই লাক’ ছবিতে অভিনয়ের জন্য। ক্রিস্টিয়ানা লোকেন ‘ব্লাডরেন’ এবং জেসিকা সিম্পসন মনোনয়ন পেয়েছেন ‘এমপ্লয়ি অফ দি মান্থ’ এ অভিনয়ের জন্য।

এছাড়াও এ বছর র‌্যাজি অ্যাওয়ার্ডস এর অন্যান্য ক্যাটাগরিতে বিখ্যাত প্রতিযোগিদের মধ্যে রয়েছেন বেন কিংসলে, মার্টিন শর্ট, ড্যানি ডিভিটো প্রমুখ।