২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবু গারিব চলচিত্রে ফুটে উঠেছে আমেরিকার নোংরা দিক

আবু গাবি কারাগারে আটক করা নিরীহ ইরাকিদের উপর ইঙ্গ-মার্কিন বাহিনী অবর্ণনীয় ও পাশবিক নির্যাতনের সচিত্র প্রতিবেদন প্রচারিত হওয়ামাত্র বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। সম্প্রতি আবার তা আলোচনায় উঠে এসেছে সানডেন্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত একটি প্রামাণ্য চলচ্চিত্র ‘গোস্ট অফ আবু গারিব’কে উপলক্ষ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

 ‘গোষ্ট অব আবু গারিব’ শিরোনামের এই প্রামাণ্য চিত্রটি সানডেন্স ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। ছবির নির্মাতা ররি কেনেডিকে নিয়েও চলছে ব্যাপক আলোচনা। ররি কেনেডি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্ট এফ কেনেডির মেয়ে।

এই প্রামান্যচিত্রের জন্য ররি ২০০৩ সালে আবু গারিব কারাগারের কুকর্মের সাথে জড়িত ১৫ জন সৈন্য এবং প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়েছেন। ছবি শুরু হয়েছে কারাগারে অসহায় বন্দীদের নগ্ন করে তোলা যৌন নিপীড়নের আলোচিত আলোকচিত্রগুলি দিয়ে। নিপীড়নকারী ইঙ্গ  -  মার্কিন সৈন্যদের অধিকাংশই ররিকে বলেছেন যে এ ধরনের নিপীড়ন চালানোর জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। প্রামাণ্যচিত্রের উপসংহারে ররি মন্তব্য করেছেন, এটা আসলে ৯/১১ এর সন্ত্রাসীদের বিরূদ্ধে যুদ্ধের চেয়ে কিছু অসহায় মানুষের উপর অদ্ভুত আক্রমণ।

আবু গারিব কারাগার থেকে মুক্তি পাওয়া ৬ জন বন্দীর সাথেও ররি কথা বলেছেন। নিরাপত্তার খাতিরে তারা তাদের নাম প্রকাশ করেননি। একই কারণে তাদের সাক্ষাৎকার নেয়া হয়েছে তুরষ্কে।

বুশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি ও সামরিক কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেও ররি ব্যর্থ হয়েছেন। বাধ্য হয়ে তাদের দেয়া সরকারি বিবৃতির উপরই নির্ভর করতে হয়েছে তাকে।

ররি রয়টার্সকে তার প্রামান্য চিত্র সম্পর্কে জানান, এটা শুধু আবু গারিব নিয়ে নয়, আমেরিকাকে নিয়ে নির্মিত এবং আমাদের দেশ আসলে এরকমই।

আমেরিকার একটি প্রখ্যাত রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে বেড়ে ওটা ররি কেনেডি আরো জানান, তিনি এই বিশ্বাস নিয়ে বড় হয়েছেন যে, আমেরিকা ব্যক্তির মানবিক অধিকার ও মানবিক মর্যাদাকে প্রাধান্য দেয়। কিন্তু গত তিন বছরে আমরা এমন এক দেশে পরিণত হয়েছি যা আসলে ঠিক তার উল্টোটাই প্রকাশ করে। তিনি বলেন, “ বর্তমানে আমরা সবার কাছে যন্ত্রনাদায়ক মানুষ হিসেবে পরিচিত।”

এইচবিও প্রযোজিত প্রামাণ্য চলচ্চিত্রটি এ মাসে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে দেখানো হবে এবং আগামী ফেব্র“য়ারিতে প্রদর্শিত হবে এইচবিও চ্যানেলে।