দোষী সাব্যস্ত হলেন নাওমি ক্যাম্পবেল
আমরা শুধু তারকাদের বাইরের রূপটুকুই দেখি এবং প্রায়ই ভুলে যাই যে তারাও আমাদের মতো মানুষ। তাদেরও রাগ, অভিমান, বিদ্বেষ ইত্যাদি রয়েছে। যেমন সুপারমডেল নাওমি ক্যাম্পবেলের খ্যাতি রয়েছে বদরাগী হিসাবে।
অতিরিক্ত রাগের মাসুল হিসাবে মঙ্গলবার নাওমিকে হাজিরা দিতে হলো ম্যানহাটান কোর্টে। তার অপরাধটাও ফেলনা নয়। অতিরিক্ত রাগের বশবর্তী হয়ে তিনি গৃহপরিচারিকার দিকে নিজের মোবাইল ফোনটি ছুড়ে মেরেছিলেন। ফলাফলও পেয়েছেন হাতেনাতে। কোর্ট তাকে জরিমানা করেছে ৩৬৩ ডলার। সেই সঙ্গে পাঁচদিন বাধ্যতামূলক সমাজ সেবামূলক কাজে ব্যস্ত থাকতে হবে তাকে। এবং রাগ প্রশমনের জন্য রাগ ব্যবস্থাপনা ক্লাসে উপস্থিত থাকারও আদেশ দিয়েছে আদালত।
সমাজসেবার কাজটা ঘরের বাইরে গিয়ে করতে হবে না তাকে। নাওমির আইনজীবী আদালতকে জানান, তার উপর যেরকম আক্রমণের হুমকি রয়েছে তাতে বাইরে থেকে সমাজ সেবামূলক কাজ করাটা তার জন্য বিপদজনক হতে পারে। উল্লেখ্য এর আগে আদালতের আদেশে গায়ক বয় জর্জ লোয়ার ম্যানহাটনের রাস্তা ঝাড়ু দিতে নামলে ফটোগ্রাফাররা তাকে ছেঁকে ধরে এক জটিল পরিস্থিতির অবতারণা করে।
২০০৬ সালের মার্চ মাসে নাওমি এই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। একজোড়া জিন্সের প্যান্ট সংক্রান্ত বিষয়ে ভিন্নমত পোষন করায় ৪২ বছর বয়স্ক গৃহপরিচারিকা অ্যানা স্কোলাভিনোর দিকে ফোন ছুঁড়ে মারেন নাওমি। ফোনটি আঘাত করে অ্যানার মাথার পিছনের অংশে। এতে তার মাথা ফেটে যাওয়ায় চারটি সেলাইয়ের প্রয়োজন হয়।
কালো প্যান্ট, গ্রে টুইড ডাবল ব্রেস্টেড জ্যাকেট এবং কালো সানগ্লাস পরিহিত নাওমি ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ত্যাগ করার সময় তার সাজা বিষয়ে কোন মন্তব্য করা থেকে বিরত থাকেন। তার আইনজীবি ডেভিড ব্রেইটবার্ট বলেন নাওমির ফোন ছুড়ে মারার পুরো বিষয়টিই ছিলো নিছকই একটি দূর্ঘটনা।
ডেভিড আরো জানান, “নাওমি বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করেছে যদিও অ্যানের জন্য এটা ছিলো একটা কষ্টকর অভিজ্ঞতা।”
