আরউইনের মৃত্যুর ভিডিওচিত্র নষ্ট করে ফেলা হয়েছে
ক্রোকোডাইল হান্টার’ খ্যাত স্টিভ আরউইনের স্ত্রী টেরি আরউইন জানিয়েছেন, স্টিংরের আঘাতে স্টিভ আরউইন এর মৃত্যুর দৃশ্য ধারণ করা একমাত্র ভিডিওচিত্রটি নষ্ট করে ফেলা হয়েছে।
৪৪ বছর বয়স্ক স্টিভ গত বছর ৪ সেপ্টেম্বর সামুদ্রিক মাছ স্টিংরের আঘাতে মৃত্যুবরণ করেন। ওইসময় তিনি অস্ট্রেলিয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চলে তার পরবর্তী প্রামান্য চিত্রের কাজ করছিলেন।
অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ গত সপ্তাহে বিবৃতিতে জানিয়েছে, স্টিভের মৃত্যু বিষয়ে তাদের তদন্ত কাজ সমাপ্ত হয়েছে এবং তারা এই তদন্তের কোন কিছু জনসমক্ষে প্রকাশ করেনি । তদন্ত কাজে ব্যবহৃত সকল আলামত নষ্ট করে ফেলা হলেও স্টিভের মৃত্যু দৃশ্যের একটি ভিডিও টেপ রেখে দেওয়া টেপটি টেরির কাছে হস্তান্তর করা হয়েছিল।
দূর্ঘটনার পুরো দৃশ্যটি ভিডিওতে ধারণ করেছিলেন ডিসকভারি ওয়াইল্ড লাইফের বিশেষ প্রামাণ্যচিত্র ‘ওশান’স ডেডলিয়েস্ট’ এর একজন কর্মী।
ভিডিও চিত্রটি সম্পর্কে বলতে গিয়ে টেরি টিভি অনুষ্ঠান ‘একসেস হলিউড’ এ এক সাক্ষাৎকারে জানান, তিনি ওই সর্বশেষ ভিডিওটিও নষ্ট করে ফেলেছেন।
“সবগুলো ফুটেজই আমি নষ্ট করে ফেলেছি। তদন্ত কাজ ছাড়া এ ভিডিওটির আর কোনো প্রয়োজন নেই।”
কিন্তু মৃত্যু দৃশ্যের অংশটুকু নষ্ট করে ফেলা হলেও ‘ওশান’স ডেডলিয়েস্ট’ এর সেই পর্বের জন্য ধারণ করা বাকি অংশটুকু নষ্ট করা হয়নি। জানুয়ারির ২১ তারিখ সেটি ডিসকভারি ও অ্যানিমেল প্লানেট চ্যানেলে প্রচার করা হবে। এ বিষয়ে টেরি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “আমাদের খুবই ভালো লাগছে যে স্টিভের তৈরি করা সর্বশেষ প্রামাণ্য চিত্রটি প্রচারিত হতে যাচ্ছে।”
অনুষ্ঠানটি প্রচারিত হওয়ার সময় টেরি এবং তাদের আট বছর বয়সী কন্যা বিন্দি আরউইন আমেরিকায় অবস্থান করবেন। বিন্দির বয়স আট হলে কি হবে সেও তার অ্যাডভেঞ্চারপ্রিয় বাবার পথ ধরেই এগুতে চলেছে। এবারের আমেরিকা সফরে সে তার শোবিজ ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে। সেই সঙ্গে ডিসকভারি চ্যানেলে শিশুদের জন্য নির্মিতব্য ‘বিন্দি, দি জাঙ্গল গার্ল’ এর প্রচারণাতেও সে অংশ নেবে।
সিএনএন এর ল্যারি কিংকে দেওয়া এক সাক্ষাৎকারে বিন্দি তার বাবা সম্পর্কে বলতে গিয়ে জানায়,“আমি আমার বাবাকে পৃথিবীর সবচেয়ে গর্বিত বাবা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সবাইকে এটাই দেখাতে চাই যে আমি আমার বাবার মতোই ভালো হয়েছি। আর আমার বাবা তো পৃথিবীর সেরা।”
