মাদকের দায়ে অভিযুক্ত টাইসন
সাবেক হেভিওয়েট বক্সিং চাম্পিয়ন মাইক টাইসন মাদক ব্যবহারের দায়ে অভিযুক্ত হয়েছেন। গত শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তিনি মাদক ব্যবহার এবং সেই অবস্থায় গাড়ি চালানোর অপরাধে অ্যারিজোনা গ্র্যান্ড জুরি কর্তৃক অভিযুক্ত হয়েছেন।
অ্যারিজোনার মেরিকোপা কাউন্টি এটর্নি অ্যান্ড্রু থমাস জানান, ৪০বছর বয়স্ক টাইসন মাদক ব্যবহার ও বেসামাল গাড়িচালনা এই দুটি অপরাধে গত ২৯ডিসেম্বর গ্রেফতার হন।
থমাস আরো জানান, যদি টাইসনের বিরূদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি ৭বছরের বেশি সময় কারাগারে আটক থাকতে পারেন। টাইসনের আইনগত ঝুট ঝামেলার অনেক লম্বা ইতিহাস রয়েছে।
এদিকে পুলিশ জানায়, তার সাথে ও তার গাড়িতে কোকেন পাওয়া গেছে। আদালতের নথিতে দেখা গেছে, টাইসনকে গ্রেফতার করেছেন যে পুলিশ অফিসার তিনি বলেছেন, টাইসন সেদিন কোকেন ব্যবহারের কথা স্বীকার করছেন এবং জানিয়েছেন যে তিনি মাদকে আসক্ত।
টাইসন গত বছর ওয়াশিংটনে কেভিন ম্যাকব্রাইড এর কাছে হেরে গিয়ে বক্সিং থেকে অবসর নিয়েছেন। অবশ্য তার আগে তার ঝুলিতে যোগ হয়েছে ৪৪টি নকআউটের রেকর্ড।
