বিন্দির উপর কোনরকম চাপ প্রয়োগ করা হচ্ছে না
আমেরিকায় গিয়ে বিন্দির শোবিজে নেমে পরাটা অস্ট্রেলিয়ানরা একেবারেই পছন্দ করছেন না। বিন্দি নয়, তার মার্কিনি মা আর মন্ত্রণাদাতাদের এ জন্য দায়ী করছেন তারা। আরউইন পরিবারের ব্যবস্থাপক জন স্টেইনটন অবশ্য গত মঙ্গলবার বিষয়টি অস্বীকার করে বলেছেন, এ ব্যাপারে বিন্দিকে কোন চাপই দেয়া হচ্ছে না।
অস্ট্রেলিয়ার সমালোচকরা বিন্দির যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া মা টেরি আরউইন এবং তার মন্ত্রণাদাতাদের সমালোচনা করে বলছেন, ওইটুকুন মেয়েকে এখনই শোবিজে নামানোটা মোটেই কাজের কথা নয়। এই বয়সে ও শোবিজে খাপ খাওয়াতে পারবে না।
ক্রেকোডাইল হান্টার বলে পরিচিত স্টিভ আরউইন এর ৮ বছরের কন্যা বিন্দি আরউইন সম্প্রতি আমেরিকার শোবিজে নামার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সপ্তাহেই ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাব এ একটি বক্তৃতা এবং ‘দি এলেন ডেজেনারস শো’ এবং ডেভিড লেটারম্যানের বিখ্যাত ‘দি লেট শো’ এ হাজিরা দিয়েই শুরু হবে তার শোবিজ যাত্রা। এছাড়া একটা কনসার্টেও সে অংশ নেবে। এর পাশাপাশি বিন্দি আরউইন ২৬ পর্বের ‘বিন্দি, দি জাঙ্গল গার্ল’ নামের একটি সিরিজে অভিনয় করবেন বলেও ঠিক হয়েছে। সিরিজটি দেখানো হবে ডিসকভারি কিডস চ্যানেলে।
“আমার বিবেচ্য হলো বিন্দি যদি এভাবে এ কাজ করতে না চায়, সে যদি চায় চিড়িয়াখানায় বা বিচে স্রেফ বেড়াতে যাবে, তাহলে আমরা সেটাই করবো।” নিজেদের অবস্থান বোঝাতে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন রেডিওকে বলেছেন স্টেইনটন। “সে যেটা করতে চাইবে সেটাকেই আমরা অগ্রাধিকার দেবো।”
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় এক প্রামাণ্যচিত্র শুটিংয়ের সময় ৪৪ বছর বয়সী স্টিভ আরউইন স্টিংরে নামের এক সামুদ্রিক মাছের আঘাতে মারা যান। বিন্দির যুক্তরাষ্ট্র সফরের সময়েই ‘ওশান’স ডেডলিয়েস্ট ’ নামের ওই প্রামাণ্যচিত্রটি দেখানো হবে।
স্টেইনটন বলেছেন, “এখনো যদি বিন্দি মনে করে সে ক্লান্ত হয়ে পরবে বা আমেরিকায় চুক্তিবদ্ধ কাজগুলো সে করতে চায় না তাহলে সংক্ষিপ্ত নোটিশেই সে তা বাতিল করতে পারবে। ”
“কোন কিছু করার ব্যাপারে তার উপরে আদতেই কোন চাপ দেয়া হচ্ছে না।” এ মন্তব্য করে স্টেইনটন এটাও জানিয়ে দিয়েছেন যে এ সপ্তাহে বিন্দির কর্মসূচী পালন করতে গিয়ে সে ও তার পরিবার বেশ ঝামেলাতেই থাকবে।
আমেরিকায় অস্ট্রেলিয় অভিনেতা রাসেল ক্রো ও নাওমি ওয়াটস এর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া মিডিয়া ব্যারন রুপার্ট মারডকের সঙ্গে এক ডিনারেও যোগ দেবে বিন্দি।
