অবরোধে আটকে আছেন শিল্পীরা
অবরোধে ব্যবসা বাণিজ্য অচল হয়ে পরে এরকম খবর আমরা সংবাদ মাধ্যমে প্রায়ই দেখতে পাই। তবে সংস্কৃতি অঙ্গণও খুব সুবিধায় থাকে না সেকথা শিল্পী মাত্রেই জানেন। কেন ও কীরকম ক্ষতির শিকার হতে হচ্ছে তাদের। ওমর শরীফকে সে কথাই জানিয়েছেন শিল্পীরা।
রাজনৈতিক অস্থিরতার প্রভাব সংস্কৃতি অঙ্গনেও পরেছে। প্রেক্ষাগৃহের দরোজা বন্ধ, কোথাও কোন কনসার্ট বা গানের জলসা নেই, নেই সার্কাস, মেলা, প্রদর্শনী। বেইলি রোডে নাট্যকর্মীদের সান্ধ্যকালীন আড্ডাও জমছে না এই অবরোধে। মঞ্চনাটক প্রদর্শনীর নির্ধারিত সময়সূচিও বদলে যাচ্ছে। সংগীত ভুবনেও চলছে একই অবস্থা। ঈদের পর এমনিতেই সংগীতের কাজ কম হয়। আর এই অবরোধের কারণে সেই কাজের পরিমান চলে এসেছে শুণ্যের কোঠায়। চলচ্চিত্র অঙ্গনেও এসেছে স্থবিরতা। মহাজোটের ডাকা তিনদিনের অবরোধে নির্মানাধীন পাঁচশোটি ছবির নির্মাতাকে গুনতে হয়েছে প্রায় কোটি টাকার লোকসান। অপরদিকে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর নির্মাতারাও রাজনৈতিক সহিংসতার কারণে তাদের ছবিগুলোর উপর লগ্নিকৃত টাকা উঠে আসার ব্যাপারে অনিশ্চয়তার মাঝে রয়েছে।
এ প্রসঙ্গে প্রখ্যাত কন্ঠ শিল্পী শাহনাজ রহমতউল¬াহ বললেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ জরুরি। আমরা শিল্পী। গান করাই আমাদের কাজ। কিন্তু দেশের অবস্থা অস্থির হলে সাধারণ মানুষের মতো আমরাও কাজহারা হয়ে যাই। এই অবরোধের কারণে আমার দুটি ঘরোয়া স্টেজ শো বাতিল হয়েছে। এছাড়া বাপ্পা মজুমদারের সঙ্গে আমার একটি দ্বৈত অ্যালবাম তৈরি হয়ে বসে আছে। শুধু রাজনৈতিক অস্থিরতার কারনে সেটা প্রকাশ করতে সাহস পাচ্ছে না প্রযোজনা প্রতিষ্ঠান।”
সৈয়দ আব্দুল হাদী জানান,“ এখন যে পরিস্থিতিতে পড়েছে আমাদের প্রিয় বাংলাদেশ তা কারো জন্যই মঙ্গলজনক নয়। এর জন্য দায়ী রাজনৈতিক দলগুলোই। দেশে বিদেশে স্টেজশো কমিয়ে দিলেও মাঝে মধ্যে বিশেষ কিছু অনুষ্ঠানে আমাকে গান করতেই হয়। সেসব অনুষ্ঠানও এখন পিছিয়ে যাচ্ছে। গত চার দিন ধরে ৪টা প্লে ব্যাকের কাজও থেমে রয়েছে।”
সুবীর নন্দী বললেন,“ আমাকেও কয়েকটি স্টেজশো বাতিল করতে হয়েছে। দুটো অ্যালবামে সুর করার কাজ চলছিল। আটকে আছি স্টুডিওতে যেতে না পারার কারনে। আবার আমি গেলেও দেখা যায় সব যন্ত্রকৌশলীরা আসেনি। অথবা শব্দ প্রোকৌশলীই আসতে পারলেন না। সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে। একটি স্বাধীন দেশে কেন এই আতংক? ” অন্যান্যদের মতো তারও রাজনৈতিক দলগুলোর কাছে এই প্রশ্ন।
খুরশিদ আলম জানান,“গান বাজনা এমনিতেই ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে দু’চারটা অনুষ্ঠানে অংশ নেই। বর্তমান রাজনৈতিক পরিস্থতিতে তাও বাতিল হয়ে যাচ্ছে। যে রাজনীতি দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই ধ্বংসের হাত থেকে আমরা শিল্পীরাও মুক্ত নই।”
সুরকার আলাউদ্দিন আলী মুক্তিযুদ্ধ করেছিলেন। দেশের বর্তমান অবস্থা তাকে পীড়িত করে বেশ। কাজ প্রসঙ্গে বললেন, “ চার পাঁচটা চলচ্চিত্রে সুরারোপের কাজ জমা হয়ে আছে। কোন কাজই শুরু করতে পারিনি রাজনৈতিক অস্থিরতার কারনে।”
এসময়ের আলোচিত গায়ক আসিফ জানান, “রাজনৈতিক অস্থিরতার প্রভাব অবশ্যই সঙ্গীতাঙ্গনকে ক্ষতিগ্রস্থ করেছে। গত সপ্তাহে আমার চারটি স্টেজ শো এবং অডিও রেকর্ডিং বাতিল হয়েছে। মানুষের মনে ভয় আর আতংক বিরাজ করলে গান শোনার সময় কোথায়। তাছাড়া হরতাল অবরোধের কারনে কোরবানীর ঈদে প্রকাশিত আমার ১৮তম একক অ্যালবাম ‘হৃদয়ের রক্তক্ষরণ’ সারাদেশে পরিবেশন করাও সম্ভব হয়নি। আর এই কারনে অ্যালবামটি পাইরেসির কবলে পড়ে হাজার হাজার অবৈধ কপি হবার আশংকা দেখা দিয়েছে। এই রাজনৈতিক অস্থিরতা যত তাড়াতাড়ি শেষ হবে ততই মঙ্গল।”
গায়ক মুনির খানেরও একই দশা। তিনি জানান, যশোর আর রাজশাহীতে দুটি করে চারটি স্টেজ শো করার কথা ছিলো। অবরোধের কারণে তা বাতিল করতে হয়েছে। তাছাড়া প্রতিদিনই তার চলচ্চিত্রে প্লে ব্যাকের কাজ থাকে। অবরোধের কারণে সেটাও বন্ধ হয়ে আছে।
শুধু সংগীত শিল্পীরই নন। একই পরিস্থিতির শিকার নাট্যশিল্পীরাও। অভিনেতা আজিজুল হাকিম জানালেন তার অবস্থার কথা, “ বাসায় শুয়ে বিশ্রাম নিচ্ছি। অথচ অবরোধ না থাকলে এখন আমি থাকতাম শুটিংয়ে। তবে ঢাকার ভিতরের কাজগুলো হচ্ছে। হরতাল অবরোধ হলে আমরা ভোরে শুটিং স্পটে চলে যাই। আর কাজ করে যখন রাতে ফিরে আসি তখন অবরোধ থিতিয়ে আসে। ঢাকার ভিতর যেমন উত্তরা, গুলশান বা ধানমন্ডি এলাকায় শুটিং হলে সমস্য হয় না। সমস্যাটা হয় ঢাকার বাইরের শুটিং থাকলে। যেমন সাভার, পুবাইল এসব এলাকায়। আমার জানা মতে পরিচালক এস এ হক অলিক ৭, ৮, ৯ জানুয়ারির অবরোধের জন্য তার শুটিংয়ের কাজ পেছাতে বাধ্য হয়েছেন। আর একবার পেছালে ফের কলাকুশলী সবার সুবিধামতো দিনক্ষন ঠিক করা দুরুহ।” এতো অসুবিধা সত্বেও হাকিম চান রাজনীতিবিদরা সকলে মিলে এমন একটি পন্থা অবলম্বন করুক যাতে দেশ ও দশের ক্ষতি হবে না।
পরিচালক অরুণ চৌধুরীকে ৭, ৮, ও ৯ জানুয়ারির শুটিংয়ের কাজ বাতিল করতে হয়েছে। এটা ছিলো ভালোবাসা দিবসের নাটকের শুটিং।
অভিনেত্রী তাজিন আহমেদকেও একটি নাটকের কাজ পিছিয়ে দিতে হয়েছে। তার কথায়, “আমরা যারা শুধু নাটক করেই আয় করি তাদের জন্য এই অবরোধ হরতাল সত্যিই অসুবিধাজনক। কারণ আমরা দিন হিসেবে পয়সা পাই। এই যে শুটিংটা বাতিল হলো, হয়তো এই নাটকে কাজ করা আমার হবেই না। কারণ প্রযোজকরা পরবর্তী যে তারিখটা চাচ্ছেন সেই তারিখগুলোয় আমি চ্যানেল ওয়ান এর পূর্বনির্ধারিত কাজে ব্যস্ত থাকবো। এরকম ক্ষতি আমার মতো অন্য শিল্পীদেরও হচ্ছে।”
এমনিভাবে আটকে গেছেন অভিনেত্রী পরিচালক শান্তা ইসলাম। আরটিভিতে তার দুটি অনুষ্ঠান প্রচারিত হয়: চারদেয়াল ও যুগলবন্দি। একটিরও শুটিং করতে পারেননি। তাহলে চলছে কিভাবে। শান্তা ইসলামর বললেন, “ বেশির ভাগ অনুষ্ঠানই পুনঃপ্রচার হচ্ছে। শুটিং করতে না পারলে নতুন পর্ব তৈরি করবো কীভাবে। এই অবরোধে আমার কাজগুলো শেষ হয়ে যেত। এখন নতুন করে সবার সময় নিতে হবে। তবে আমি আশা করি রাজনীতিবিদরা একটু হলেও সাধারণ মানুষের কথা ভাবুক। আমরা না হয় একমাস কাজ না করেও চলতে পারবো। তবে যারা দিন আনে দিন খায়, তাদের কী অবস্থা তা একবারও কী রাজনীতিবিদরা ভাবেন। দেশের মানুষদের জিম্মি করে না রেখে আন্দোলনের অন্য কোন পন্থা অবলম্বন করা সবার জন্য ভালো হবে।”
ফিল্মপাড়া এফডিসিও জাতীয় সংসদ নির্বাচন জ্বরে আক্রান্ত। চলচ্চিত্র শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের মুখে এখন ছবির গল্প বাদ দিয়ে রাজনৈতিক আলোচনাই শোভা পাচ্ছে। প্রযোজক খোরশেদ আলম খসরুর মতে. “জাতীয় স্বার্থে অনেক সময় নিজ স্বার্থকে বিসর্জন দিতে হয়। রাজনৈতিক অস্থিরতায় ঈদে মুক্তি পাওয়া আমার ‘জানোয়ার’ ছবির বিক্রি কিছুটা কমেছে। তবে বিষয়টি নিয়ে আমি হতাশ নই। আন্দোলনের মাধ্যমে যদি একটি রাজনৈতিক সমাধান আসে সেটাই আমার কাছে বড় পাওয়া।”
অভিনেত্রী মৌসুমি দেশের এই রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জানান, “সবারই আগে দেশের স্বার্থ দেখা উচিত। তাই বলে এখন যেভাবে রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে ভোগাচ্ছেন তা মেনে নেয়া যায় না। হরতাল আর অবরোধ কোনদিনই দেশের মঙ্গল বয়ে আনতে পারে না। যারা দেশের মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করে তারা কোনমতেই প্রকৃত রাজনীতিবিদ হতে পারে না বলে আমার বিশ্বাস।”
