২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালতামামি: গানের জগতে সবচেয়ে আলোচিত ছিলো রেডিও টুডে ও ফুর্তি

অডিও শিল্পের জন্য ২০০৬ সালটি মোটেই ভালো ছিলো না। রাজনৈতিক অস্থিরতা, নকল ক্যাসেটের ছড়াছড়ি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে আর্থিক দৈন্য অডিও বাজারকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। অডিও বাজারে এ বছরটা কেমন গেল জানতে চাইলে বিভিন্ন অডিও বিক্রেতা ও প্রযোজক এরকম কথাই বললেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 01:25 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ভ্যালেন্টাইন, নববর্ষ আর ঈদকে কেন্দ্র করে ছোট বড় শতাধিক প্রযোজনা প্রতিষ্ঠান প্রায় পাঁচশত অডিও অ্যালবাম প্রকাশ করেছে এ বছর। এরমধ্যে আসিফ, আইয়ুব বাচ্চু, মনির খান, এস ডি রুবেল, কুমার বিশ্বজিৎ, মমতাজ, বেবী নাজনীন, ডলি সায়ন্তনী, মেহরিন, এন্ড্রু কিশোর, বিপ্লব এর অ্যালবামগুলো ছাড়া বাকী সবগুলোই ব্যবসায়িকভাবে সফল হয়নি। বছরের শেষে হাবিব এবং মিলা’র অ্যালবাম দুটি অবশ্য চমক জাগিয়েছিল, পেয়েছিল প্রত্যাশিত সফলতা। এর সুবাদেই অডিও বাজারে কিছুটা হলেও চাঙ্গা ভাব ফিরে আসে। তবে রাজনৈতিক অস্থিরতায় সেই চাঙ্গাভাব আবার মিইয়ে যায়।

চলচ্চিত্রের গানে গত পাঁচ বছর ধরেই খরা চলছে। তবে এ বছর বেশ কয়েকটি চলচ্চিত্রের গান নতুন প্রজন্মের কিছু শ্রোতা তৈরি করেছে। এর মধ্যে জুয়েল মাহমুদের কথায় ও হাবিবের কম্পোজিশন ‘ভালবাসবো বাসবোরে’ গানটি ছিল মানুষের মুখে মুখে। গানটিতে হাবিবই কণ্ঠ দিয়েছেন। এছাড়াও এস আই টুটুল, আসিফ, বেবী নাজনীন, এন্ড্রু কিশোর কয়েকটি গানের জন্য আলোচনায় ছিলেন সারা বছর।

এবছর অডিও’র গানে উল্লেখযোগ্য কোন সফলতা না আসলেও হাবিবের প্রথম অ্যালবাম ‘শোনো’র বেশ কয়েকটি গান ছিলো আলোচিত।

ব্যান্ড ও ব্যান্ডশিল্পীদের জন্য এবছরটি ছিলো চরম ব্যর্থতার। শীর্ষস্থানীয় ব্যান্ডের মধ্যে ‘মাইলস’র অ্যালবাম প্রকাশিত হয় এ বছর। তবে তেমন ভাবে অ্যালবামটি আলোচনায় আসেনি। প্রমিথিউসের রাজপথ অ্যালবামটিও তেমন ভাবে সাড়া ফেলেনি। দ্বৈত বা মিশ্র অ্যালবাম দু’চারটি প্রকাশিত হলেও সাফল্যের মুখ দেখেনি। তবে অন্যান্য ব্যান্ড শিল্পীদের থেকে জেমস ছিলেন সবচেয়ে বেশি আলোচিত। কারন হিন্দি চলচ্চিত্রে তার প্রথম বারের মতো গান করা। বলিউডের ‘গ্যাঙস্টার’ ছবিতে ‘ভিগি ভিগি’ গানটি করে ভারত-বাংলাদেশে তিনি দারুন সমাদৃত হন। ষাট দশকের আলোচিত ব্যান্ড মহিনের ঘোড়গুলো’ অ্যালবামের ‘তুমি দেখেছো কী তারারাও কত আলোকবর্ষ দূরে’ গানের সুর অবলম্বনে ভিগি ভিগি গানটি নতুনভাবে কম্পোজ করেন ভারতীয় সংগীত পরিচালক প্রিতম।

ক্লোজআপ ওয়ান তারকারা টিভি মিডিয়ায় বা প্রতিযোগিতার সময় যতই জনপ্রিয়তা পাননা কেন, তাদের প্রকাশিত অ্যালবাম তেমন ভাবে সাড়া ফেলেনি অডিও বাজারে।

বাজার মন্দা থাকলেও এর মধ্যে চারটি নতুন অডিও প্রযোজনা সংস্থার যাত্রা শুরু হয় এ বছর। প্রতিষ্ঠানগুলো হলো-গানচিল, ইমপ্রেস অডিও, যাদু মিউজিক ও ডেট লাইন অডিও।

গানের জগতে এবছর সবচেয়ে আলোচিত ছিলো সংগীত নির্ভর দুটি এফএম রেডিওর আত্মপ্রকাশ। একটি রেডিও টুডে। অন্যটি রেডিও ফুর্তি।

সংগীতে অন্যান্য উল্লেখযোগ্য ঘটনার মধ্যে ছিলো রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের একসঙ্গে গান করা। এছাড়া গত ঈদে সাবিনা ইয়াসমীন তার মেয়ের সঙ্গে গান করেও হন আলোচিত। পুরোন শিল্পীদের মধ্যে আব্দুল জব্বার আলোচিত ছিলেন মামলা মোকদ্দমা নিয়ে। নকল গান পরিবেশন করায় ছয়টি অডিও প্রতিষ্ঠানের বিরূদ্ধে তিনি মামলা করার হুমকি দেন। আব্দুল জব্বারের অভিযোগ-গানগুলো তার অনুমতি না নিয়েই রিমিক্স করে অন্য শিল্পীদের মাধ্যমে নতুন করে অ্যালবাম প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানগুলো। তবে এই মামলা করার হুমকি আদলত পর্যন্ত আর গড়ায়নি।

গত বছরের প্রথম দিকে এদেশে গানের অতিথি হয়ে এসেছিলেন ইন্ডিয়ান ফেম জুটি কাজী তৌকির ও প্রযুক্তা। অন্তর শোবিজের আয়োজনে ঢাকা এবং চট্টগ্রামের দুটি কনসার্টে অংশ নেন তারা। বছরের শেষে নভেম্বর মাসে পাকিস্তানি সংগীত শিল্পী আতিফ হাসান এসেও ঢাকা মাতিয়ে যান।

এবছর আমাদের সংগীত জগত ছেড়ে যারা চিরতরে চলে গেলেন তারা হলেন সংগীত পরিচালক আনোয়ার পারভেজ, গীটারিস্ট-কম্পোজার গায়ক নীলয় দাস ও অডিও প্রযোজক আরজু।

নতুন বছরের শুরুতে আমরা তাদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি।