২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হান্না-বারবারা’ জুটির বারবারাও মারা গেলেন

চলে গেলেন অ্যানিমেশন জগতের প্রবাদ পুরুষ জোসেফ বারবারা। ‘হান্না-বারবারা’ জুটির উইলিয়াম হান্না চলে গিয়েছিলেন ২০০১ সালে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তার পাঁচ বছর পর ৯৫ বছর বয়সে সোমবার লস এঞ্জেলসে নিজের বাসভবনে মারা গেলেন বারবারা। সে সময় পাশে ছিলেন তার স্ত্রী শেইলা। ওয়ার্নার ব্রাদার্স ফিল্ম স্টুডিও এর বাইরে আর কোন তথ্য প্রকাশ করেনি।

১৯১১ সালের ২৪ মার্চ নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন বারবারা। তিনি ছিলেন মূলত অ্যানিমেটর। অন্যদিকে জোসেফ হান্না ছিলেন ডিরেক্টর। দুজন মিলে ১৯৫৭ সালে প্রতিষ্ঠা করেন হান্না-বারবারা স্টুডিও। প্রতিষ্ঠার পর থেকেই তারা তাদের কাজ দিয়ে অ্যানিমেশন দুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলেন। টম এন্ড জেরি, দি ফ্লিন্টষ্টোন, স্কুবি ডু ইত্যাদি যুগান্তকারী এনিমেশন ক্যারেকটার তাদের হাতের ছোঁয়ায় শুধু এনিমেশন ক্যারেকটারই থাকেনি, হয়ে উঠেছে জীবন্ত চরিত্র এবং বিশ্বের অসংখ্য শিশুর মনোজগতে রাজ্যপাট বিস্তার করেছে এরা। শুধু শিশুরাই নয়, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, লন্ডনের অধিকাংশ বয়স্ক মানুষেরও পছন্দের তালিকার শীর্ষ দশ-এ রয়েছে টম এন্ড জেরির নাম।

জোসেফ বারবারা একজন অ্যানিমেটর হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ‘মেট্রো গোল্ড মেয়ার’ (এমজিএম) স্টুডিওতে ১৯৩৭ সালে। সেখানেই হান্নার সঙ্গে তার প্রথম পরিচয় এবং দু’জনে মিলে তৈরি করেন ‘টম এন্ড জেরি’র প্রথম পর্ব ‘পুস্ গেটস দি বুট’। সেখান থেকেই শুরু হয় টম এন্ড জেরির অগ্রযাত্রা। তারপর থেকে আজ অব্দি এই টম আর জেরির মজার মজার সব কাণ্ডকারখানা সবার মনে আনন্দের খোরাক দিয়ে আসছে।

হান্না-বারবারা এমজিএম ছাড়েন ১৯৫০ সালে। এরপর তারা নিজেদের স্টুডিও থেকেই তৈরি করেন ফ্লিন্টস্টোন ফ্যামিলি, জেটসন ক্লেন, স্কুবি ডু এবং গুফি ইয়োগি বিয়ার। শুধু টম এন্ড জেরিই নয়, এসব চরিত্র তৈরির দক্ষতা ও সৃজনশীলতা হান্না-বারবারা জুটিকে অ্যানিমেশন জগতে স্থায়ী আসন করে দিয়েছে।

তাদের কাজের স্বীকৃতি স্বরূপ তারা অসংখ্যবার ইউএস টেলিভিশনের সর্বোচ্চ পুরস্কার অ্যামি অ্যাওয়ার্ড লাভ করেন। ১৯৯৪ সালে আমেরিকা ভিত্তিক একাডেমি অফ টেলিভিশন আর্টস এন্ড সায়েন্সের হল অফ ফেম এর জন্য নির্বাচিত হন দু’জনে।

১৯৯৪ সালে বারবারা প্রকাশ করেন তার আত্মজীবনী ‘মাই লাইফ ইন টুনস’। সেখানে উঠে আসে তার জীবন সংগ্রামের কাহিনী, নিউ ইয়র্ক সিটিতে তার বেড়ে ওঠা, কীভাবে তিনি একজন সাধারণ মানুষ থেকে হয়ে ওঠেন অ্যানিমেশন জগতের প্রবাদ পুরুষ ইত্যাদি।