গোল্ডেন গ্লোবের নমিনেশনে এগিয়ে আছে ‘বাবেল’
এবারের গোল্ডেন গ্লোব এর লড়াইয়ে ৭টা নমিনেশন নিয়ে একেবারে সামনের কাতারে রয়েছে ‘বাবেল’। বিশ্বব্যাপী জাতিতে জাতিতে যে সাংস্কৃতিক পার্থক্য তার ঝাঁজটা মুখ্য হয়ে ফুটে উঠেছে এ ছবিতে। যেসব ক্যাটাগরিতে ‘বাবেল’ নমিনেশন পেয়েছে সেগুলির মধ্যে রয়েছে-সেরা ড্রামা, সেরা পরিচালক (মেক্সিকোর আলেসান্দ্রো গনজালেজ ইনারিটু), পার্শ্ব অভিনেতা (ব্রাড পিট) এবং পার্শ্ব অভিনেত্রী (আদ্রিয়ানো বারাজা ও রিনকো কিকুচি)।
এরপর রয়েছে মার্টিন স্করসেসের ‘দি ডিপার্টেড’, পেয়েছে ৬টি নমিনেশন। ৫টি নমিনেশন নিয়ে তালিকার ৩ নম্বরে আছে ‘ড্রিমগার্লস’। এর সঙ্গে লড়াই করবে ‘লিটল মিস সানশাইন’, ‘দি ডেভিলস ওয়্যার প্রাদা’ ও ‘বোরাত’ এবং ধুমপানবিরোধী স্যাটায়ার ‘ থ্যাংক ইউ ফর স্মোকিং’।
ব্রিটিশ রাজ পরিবারের কাহিনীকে কেন্দ্র করে তৈরি ছবি ‘দি কুইন’ এর সঙ্গে সেরা ড্রামার নমিনেশনে ঠাঁই পেয়েছে ‘লিটল চিলড্রেন’ এবং বিষ্ময়করভাবে সিনেটর রবার্ট কেনেডির হত্যাকান্ডের উপর বানানো ‘ববি’।
এ বছরের গোল্ডেন গ্লোাব নমিনেশনে যে সব ছবি বিষ্ময় তৈরি করেছে তাদের মধ্যে অন্যতম ‘ববি’। অধিকাংশ জায়গাতেই সমালোচকদের তালিকাতে এটা শীর্ষ দশে ঠাঁই পায়নি। বক্স অফিসে আয় করতে পারেনি ১০.৫ মিলিয়নের বেশি।
আরেক বিষ্ময় ‘ বোরাত’ ছবিতে কাজাকস্তানের এক টিভি রিপোর্টারের ভুমিকায় অভিনয় করা সাচা ব্যারন কোহেন। তিনি নমিনেশন পেয়েছেন সেরা কৌতুকাভিনেতা ক্যাটাগরিতে।
না পাওয়ার বিষ্ময়ও আছে। যেমন কিন্ট ইস্টউডের ‘ফ্লাগস অফ আওয়ার ফাদারস’ সেরা পরিচালকের ক্যাটাগরিতে নমিনেশন পেলেও বেস্ট ড্রামার ক্যাটাগরিতে নমিনেশন পায়নি।
ইস্টউডের মতো লিওনার্ডো ডি ক্যাপ্রিও সেরা অভিনেতার ক্যাটাগরিতে দুটো নমিনেশন পেয়েছেন। একটা ‘ব্লাড ডায়মন্ড’, অন্যটা ‘দি ডিপার্টেড’ এর জন্য।
“বলতেই হবে, খুব বিস্মিত হয়েছিলাম আমি, দারুন সম্মানিতও বোধ করছি।” প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন এই টাইটানিক তারকা। তার সঙ্গে নমিনেশন পেয়েছেন পিটার ও টুল ‘ ভেনাস’ ছবিতে অভিনয়ের জন্য, উইলি স্মিথ ‘দি পারস্যুট অফ হ্যাপিনেস এর জন্য, এবং ফরেস্ট হোয়াইটেকার ‘ দি লাস্ট কিং অফ স্কটল্যান্ড এর জন্য।
মিউজিক্যাল অথবা কমেডিতে সেরা অভিনেতা হিসেবে নমিনেশন পেয়েছে জনি ডেপ (পাইরেটস অফ দি ক্যারিবিয়ান), আরন একহার্ট (থ্যাংক ইউ ফর স্মোকিং), চিউটেল এজিওফর (কিঙ্কি বুটস) ও উইল ফারেল (স্ট্রেঞ্জার দ্যান ফিকশন)।
বেস্ট ড্রামাটিক একট্রেস হিসেবে মনোনয়ন পেয়েছেন পেনেলোপি ক্রুজ (ভলভার), ম্যা¹ি জিলেনহাল (শেরিবেবি), কেট উইন্সলেট (লিটল চিলড্রেন), হেলেন মিরেন (দি কুইন) ও জুডি ডেঞ্চ (নোটস অন এ স্ক্যান্ডাল)।
মিউজিক্যাল অথবা কমেডির অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন গায়িকা বেয়ন্স নোয়েল (ড্রিমগার্লস), টনি কলেট্টি (লিটল মিস সানশাইন), রেনে জেলাওয়েগার (মিস পটার), মেরিল স্ট্রিপ (দি ডেভিল ওয়্যারস প্রাদা), ও অ্যানেট বেনিং (রানিং উইথ সিজরস)।
ইস্টউড, ইনারিটু, মার্টিন স্করসেস ও স্টিফেন ফিয়ারস সেরা পরিচালকের নমিনেশন পেয়েছেন।
বিতর্কিত পরিচালক মেল গিবসনও আছেন। তবে তার মায়ান ছবি ‘অ্যাপোক্যালিপটো’ নমিনেশন পেয়েছে সেরা বিদেশী ভাষার ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির অন্যান্য ছবিগুলো হলো ইস্টউডের ‘আইও জিমা’, মেক্সিকান ফ্যান্টাসি ‘প্যান’স ল্যাবিরিন্থ’, স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমদোভার এর ‘ভলভার’ এবং জার্মানির ছবি ‘দি লাইভস অফ আদারস’।
আগামী ১৫ জানুয়ারি এদের ভেতর থেকেই একজন করে হাতে তুলে নেবেন বিজয়ীর পুরষ্কার।
হলিউডের ফরেন প্রেস এসোসিয়েশন কর্তৃক ফি বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এখানে যারা পুরষ্কৃত হয় সাধারণত তাদের অধিকাংশই অস্কারের প্রতিযোগিতায় এগিয়ে থাকবে বলে ধরে নেয়া হয়।
ফেব্রুয়ারির ২৫ তারিখে হবে অস্কার পুরষ্কার ঘোষণা।
