গোল্ডেন গ্লোবের নতুন মুখ
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড নমিনেশনের সুবাদে বেশ কিছু স্বল্প পরিচিত অভিনেতা আর পরিচালক চলে এসেছেন হলিউডের প্রথম সারির তারকাদের কাতারে।
প্রথমেই বলা যায়, ‘ড্রিমগার্লস’ এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে নমিনেশন পাওয়া জেনিফার হাডসন কিংবা সেরা মিউজিক্যাল বা কমেডি ক্যাটাগরিতে নমিনেশন পাওয়া কম বাজেটের ছবি ‘মিস সানশাইন’ এর পরিচালক দম্পতি জোনাথন ডেটন ও ভ্যালেরির কথা।
এদের দলেই আছেন ২৯ বছর বয়সী পরিচালক জ্যাসন রেইটম্যান। বিখ্যাত পরিচালক ইভান রেইটম্যানের এই কৃতী সন্তানের ‘থ্যাংক ইউ ফর স্মোকিং’ মনোনয়ন পেয়েছে সেরা মিউজিক্যাল বা কমেডি ছবির ক্যাটাগরিতে।
‘কিঙ্কি বুটস’ এর অভিনয়ের জন্য ব্রিটিশ অভিনেতা চিউয়েটেল এজিওফর এবং ‘বাবেল’ এ বোবা-কালা মেয়ের ভুমিকায় অভিনয়ের জন্য তার সহ-অভিনেত্রী আদ্রিয়ানা বারাজাও পেয়েছেন নমিনেশন।
নমিনেশন পাওয়া আরেক তারকা সাবেক আমেরিকান আইডল হাডসন এনবিসি টেলিভিশনের একটা শোতে অংশ নেয়ার ঠিক আগ মুহুর্তে খবরটা পেয়ে আনন্দে দিশেহারা হয়ে পরেন। “আনন্দে আমার কান্না আসছিল, কিন্তু শো আছে, মেকাপ নষ্ট হয়ে যাবে এ কারণে কাঁদতে পারছিলাম না।...এখনো আমার ভিতরটা কাঁপছে।”
ফারিসও উত্তেজিত তবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শান্তভাবে, “ আরো মনোযোগ পাওয়ার এটা একটা উত্তম উপায়।” তবে তার স্বামী ডেটন বেশ উচ্ছসিত স্বরেই বলেছেন, “আমি আমার বাবা-মার কথা ভেবে বেশ উত্তেজিত। ইশ্বরকে ধন্যবাদ। তারা এখনো বেঁচে আছেন। আমার এ সাফল্যে ওরা খুবই গর্বিত হবে।”
রেইটম্যান এর প্রতিক্রিয়া : “শোনার পর থেকেই পুরো বিষয়টাই আমার কাছে বিষ্ময়কর লাগছে।”
