রাঙা বাইদানীর ২০ লাখ টাকা জালিয়াতি, প্রযোজক নিরুদ্দেশ
২০ লাখ টাকার ভূয়া পে-অর্ডার এফডিসিতে জমা দিয়ে কারিশমা শেখ তার প্রযোজিত ও অভিনীত ‘রাঙ্গা বাইদানীর’ প্রিন্ট বের করে এনেছিলেন। অগ্রণী ব্যাংক থেকে জাল এ পে-অর্ডারটি বাংলাদেশ ব্যাংকে পৌছালে তা ধরা পড়ে। বিষয়টি জানাজানি হবার পরপরই নিরুদ্দেশ হয়ে যান কারিশমা শেখ। খবর এফডিসি সূত্রের।
প্রয়াত নির্মাতা তোজাম্মেল হক বকুলের সর্বশেষ ছবি ‘রাঙ্গা বাইদানী’ মুক্তি পায় গত ১ ডিসেম্বর। ছবির প্রযোজক অভিনেত্রী কারিশমা শেখ। আফতাব খান টুলুর ‘সবাইতো সুখী হতে চায়’ ছবির মাধ্যমে ’৯৮ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ছবিটি ফ্লপ হওয়ায় পরবর্তীতে নির্মাতারা তাকে নিয়ে আর কাজ করার আগ্রহ পাননি। তাই বলে চলচ্চিত্রে ইতি টানতে রাজি হননি কারিশমা। আত্মপ্রকাশ করেন প্রযোজক হিসেবে। নিজের ছবিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ও করেন তিনি। মুক্তি প্রাপ্ত রাঙ্গা বাইদানীতে তার সহশিল্পী ইলিয়াস কাঞ্চন।
তাঁর প্রযোজিত প্রথম ছবি মুক্তি দিতে গিয়ে ঢাকার চলচ্চিত্রে কলংকজনক ঘটনার অবতারণা করলেন কারিশমা শেখ। জালিয়াতি ঘটনা জানাজানির পর তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ বলছেন তিনি আমেরিকা পাড়ি জমিয়েছেন। তবে তার সহকর্মদের কারো কারো ধারনা তিনি ঢাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছেন।
কারিশমা শেখের এ জাল জালিয়াতি ধরা পড়ার পরও নিশ্চুপ এফডিসি ও ব্যাংক কর্তৃপক্ষ। এ কারণেই প্রশ্ন উঠেছে, তাহলে কি এফডিসি ও ব্যাংক কর্মকর্তারাও জড়িত ছিলেন এ জালিয়াতিতে? সুষ্ঠ তদন্তের মাধ্যমে মূল ঘটনা উম্মোচনের দাবি জানিয়েছেন এফডিসির অধিকাংশ প্রযোজক।
