নাম নিয়ে বিপাকে মারায়া ক্যারি
নামে কিবা আসে যায় বলেছিলেন বটে সেক্সপিয়ার, কিন্তু কিছু যে আসে যায় সেটা বেশ ভালোই টের পাচ্ছেন গ্র্যামি বিজয়ী পপগায়িকা মারায়া ক্যারি।
কারণ তার নামের সঙ্গে মিলে গেছে আরেক শিল্পীর নাম। শিল্পী বটে তবে সংগীত শিল্পী নন, ম্যারি ক্যারি একজন পর্ণো নায়িকা হিসাবেই পরিচিত। ২০০২ সালে ম্যারি কারি তার এই নাম ব্যবহার শুরু করেন। ওই বছরই ক্যালিফোর্নিয়ার গভর্ণর নির্বাচনের সময় আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ন হন। তার আসল নাম ম্যারি কুক।
মারায়া ক্যারি মনে করছেন একই ধরণের নামের কারণে তার ইমেজ ক্ষতিগ্রস্থ হবে। তার ভক্তরাও একই ধরণের নামের জন্য হবেন বিভ্রান্ত। আর এই কারনে মারায়া ক্যারির আইনজীবি ম্যারি ক্যারির মুখপাত্রের কাছে হুমকি দিয়ে একটি পত্র পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, যদি ম্যারি ক্যারি তার নাম পরিবর্তন না করে তবে তার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠানো ছাড়া আর কোন উপায় থাকবেনা।
এই হুমকি পত্রটিকে থোরাই কেয়ার করছেন ম্যারি ক্যারি। তিনি রয়টার্সকে জানিয়েছেন, ‘নাম সম্পর্কিত জটিলতা নিয়ে আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি আমি। এটি হাস্যকর যে আমার নাম পরিবর্তন করতে হবে। আমি তো অনেক আগে থেকেই ম্যারি ক্যারি হিসেবে পরিচিত। আর আমার কাজের মাধ্যম এবং তার কাজের মাধ্যম আলাদা। তাই কারোর মধ্যে বিভ্রান্তি ছাড়ানোরও কোন অবকাশ নেই।’
তবে ম্যারি ক্যারির আইনজীবি মনে করছেন, বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে মারায়া ক্যারির জয়লাভের আশা খুবই ক্ষীন।
