এবারের ঈদে হাজির থাকছেন না আইয়ূব বাচ্চু
ফি বছর ঈদ মৌসুমে এলআরবির ব্যানারে কিংবা একক অ্যালবাম নিয়ে হাজির হয়েছেন আইয়ূব বাচ্চু। কিন্তু এবারের ঈদে কোনো অ্যালবামেই পাওয়া যাবে না তাকে।
এর কারণ জানতে চাইলে আইয়ূব বাচ্চু জানান, একই ধরনের গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই এবার ইচ্ছে করেই বিরতি দিলাম। বহু দ্বৈত ও মিশ্র অ্যালবাম করার প্রস্তাব থাকা সত্ত্বেও শুধুমাত্র শ্রোতাদের ‘মুক্তি’ দেয়ার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি।
আপাতত আগামী দুই বছর আইয়ূব বাচ্চু দ্বৈত ও মিশ্র অ্যালবামে গান না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এখন তার ব্যস্ততম সময় কাটছে এলআরবি’র নতুন অ্যালবাম নিয়ে। অ্যালবামের নাম বা গানের তালিকা এখনো চুড়ান্ত হয়নি। তবে ইতিমধ্যেই নির্মিতব্য অ্যালবামটির বেশ কয়েকটি গানের মিউজিক ট্রাক সম্পন্ন হয়েছে।
