২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ-বাংলাদেশ ফিউশন ফুড ফেস্টিভ্যাল: খাবারে প্রাচ্য ও পাশ্চাত্যের যুগলবন্দি

এমনিতে খুব আস্তে কথা বলেন মাহিন বখত, কিন্তু তার মোরগ মাখানি যিনি একবার খেয়েছেন, প্রশংসায় পঞ্চমুখ না হয়ে তার উপায় নেই-অক্সফোর্ডশায়ারে তার দ্য মোগল রেস্টুরেন্টে মাখন দিয়ে রান্না মুরগীর এ অসাধারণ পদটি খেয়ে সবাই যা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গনী আদম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:02 PM

একই কথা খাটে ‘জয় ইয়র্কশায়ারের’ বেলায়ও। শুনতে কাউন্টি ক্রিকেট টিম ইয়র্কশায়ারের সমর্থকদের শ্লোগান মনে হলেও এটি আসলে উপমহাদেশীয় ধরনে রান্না গরুর মাংস। ৩১ বছর ধরে ইয়র্কশায়ার প্রবাসী বাংলাদেশী শেফ মর্তুজা আলী নজরুলের এই আইটেমের সুনাম পুরো ইংল্যান্ড জুড়ে। একাধিকবার বিবিসিসহ অন্যান্য গণমাধ্যমে ব্যাপক প্রচারও পেয়েছেন তিনি।

এরকম অসাধারণ সব খাবার জহুর আলীর ‘নবাবী কিচেন’, অলি খানের ‘শ্রিম্প আলবেলা’সহ আরও অনেক কিছুই এখন ইংল্যান্ডে না গিয়ে ঢাকায় বসেই খাওয়া সম্ভব।

‘ব্রিটিশ বাংলাদেশ ফুড ফেস্টিভ্যালে’ এসব মজাদার খাবারের বিপুল আয়োজনের কারণে হোটেল শেরাটনের বীথিকা রেস্টুরেন্টটি এখন ভোজনরসিকদের তীর্থে পরিণত হয়েছে।

উৎসব পরিচালক এবং ‘কারি লাইফ’ ম্যাগাজিনের সম্পাদক সৈয়দ বেলাল আহমেদ উল্লেখ করেন, ব্রিটিশদের রুচি বদলের এ সাফল্য নিজ দেশে পরিচিত করার জন্যেই তাদের এ উদ্যোগ। বেলাল আহমেদ আরও জানান, ইংল্যান্ডে বর্তমানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে পরিচিত প্রায় ১২ হাজার রেস্তোরাঁ রয়েছে, যার বেশির ভাগই আসলে বাংলাদেশী। তিনি বলেন, এ রেস্তোরাঁ শিল্পের বার্ষিক আয় প্রায় তিন বিলিয়ন পাউন্ড এবং প্রবাসী বাংলাদেশীদের জন্যে এখানে রয়েছে কাজের বিশাল সুযোগ।

অবশ্য প্রায় এক লাখ প্রবাসী এসব রেস্তোরাঁয় কাজ করে এবং দিন দিন এ শিল্প সম্প্রসারিত হওয়ার সাথে সাথে কাজের সুযোগও বাড়ছে।

রবিশংকরের সেতার কিংবা ইয়াহুদি মেনুহিনের পিয়ানো বাদনের যুগলবন্দির মতোই ব্রিটিশ-বাংলা পদ্ধতির মিশেলে তৈরি এসব খাবারের স্বাদ ভোলা সম্ভব না। ২০০২ সালে প্রথম বারের আয়োজনের প্রায় তিন বছর পর আবারো ঢাকাবাসীকে এমন খাবারের সুযোগ করে দিয়েছে এ উৎসব।

শেরাটনের হেঁসেলখানার খ্যাতিমান অধিকর্তা লিনাস রোজারিও বলেন, উৎসবে প্রতিদিন ভিন্ন ভিন্ন পদ সার্ভ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো পদের পুনরাবৃত্তি করা হয়নি।

উৎসব চলবে ৩০ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা। ১২ রকমের ঝাল খাবার আর ১৫ রকমের সালাদসহ ১৫টি ফ্লেভারের ডেজার্ট আর ১০-১২ রকমের রুটি রয়েছে ফিউশন ফুড ফেস্টিভ্যালে। দাম ? বিপুল আয়োজনের তুলনায় জনপ্রতি বারোশ’ পঁচাত্তর টাকা খুব বেশি কি ?

তো আর দেরী কেনো ? দেখে আসুন, চেখে আসুন ফিউশন ফুড।