তুলসীখালির ছানা: সুস্বাদু বিষের লোভনীয় হাতছানি
বাঙালির ভোজন ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ মিষ্টি। উৎসবে-উপলক্ষে, আনুষ্ঠানিক খানাপিনার যে কোনো আয়োজনে মিষ্টি ছাড়া খাবারের তালিকা তো সম্পূর্ণ-ই হয় না।
কারো যদি ডায়াবেটিস থেকে না থাকে, তবে মিষ্টি ছাড়া নিমন্ত্রণের খাবারে তার হতাশ-ই হওয়ার কথা।
তবে খাবারে ভেজাল ও দূষণের এ যুগে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, কেউ যদি মিষ্টি তৈরির মূল উপাদান ছানা প্রস্তুত প্রণালী সম্পর্কে জানেন, তবে হয়তো মিষ্টি খাওয়া ছেড়ে দিতে ডায়াবেটিসের দোহাই দিতে হবে না।
ঢাকা শহরের অনেক মিষ্টির দোকানই নিজেরা ছানা তৈরি করে না। বরং পেশাদার ছানা প্রস্তুতকারকদের কাছ থেকে কিনে আনে। রাজধানীর অদূরে কেরানীগঞ্জের তুলসীখালিতে এ রকমই ছানা তৈরির কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেলো, কালীগঙ্গা নদীর ভয়াবহ দূষিত পানিতে অবলীলায় ছানা ঠাণ্ডা করার কাজ চলছে। কারিগররা হাঁটু পানিতে দাঁড়িয়ে পায়ের কাছ থেকে তুলেই মগের পর মগ নদীর পানি ছানা রাখা বড় বড় পাত্রে (সাধারণতঃ হাফ ড্রাম) নির্বিকারে ঢালছে। তারপর জল ঝরানোর জন্য পাড়ে বাঁধা বাঁশের আড় থেকে কাপড়ের পোঁটলায় করে ঝুলিয়ে রাখা হচ্ছে।
জ্বাল দেওয়া দুধের মধ্যে আগের দিনের তৈরি ছানার জল দিয়ে সাধারণত ছানা তৈরি করা হয়ে থাকে। এটা শুকানোর আগে পানি দিয়ে ঠাণ্ডা করা হয়। এরপর ছানা কাপড়ের মধ্যে রেখে পানি ঝরানো হয়। আর এভাবেই তৈরি হয় সুস্বাদু ছানা।
ইদানিং কালের কালীগঙ্গা নদী সম্পর্কে একটু বলা যাক। কালীগঙ্গা বুড়িগঙ্গারই একটি উপধারা। রাজধানীর সমস্ত নোংরা আবর্জনা, নিকটস্থ শিল্প কারখানার বর্জ্য, সারাক্ষণ চলাচল করা লঞ্চ-বার্জ-ইঞ্জিন নৌকা থেকে চুঁইয়ে পড়া তেল-মবিল ও অন্যান্য দূষণ বুড়িগঙ্গা বেয়ে কালীগঙ্গাতেও এসে পৌঁছায় ব্যাপক মাত্রায়। ফলাফল, নদীর পানিকে কাকচক্ষু বলার উপায় হারিয়ে গেছে অনেক আগেই ।
নদীতে ছানা ধোয়ার কাজে ব্যস্ত এক কারিগর জানান, এখানকার ছানা মূলতঃ পুরনো ঢাকার কবিরাজ গলিতে পাইকারী বিক্রি হয়। এখান থেকে বিভিন্ন মিষ্টির দোকান চাহিদামতো কিনে নিয়ে যায়। এক কেজি ছানা এখানে বিক্রি হয় মাত্র ৯৫ থেকে ১২০ টাকায়। অথচ খাঁটি দুধে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি ছানা প্রতি কেজি ২০০ টাকার নীচে বিক্রি করা কিছুতেই সম্ভব নয় বলে জানিয়েছেন পুরনো ঢাকার মিষ্টি কারিগর রতন চন্দ্র ঘোষ। বংশ পরম্পরায় তিনি এ পেশায় আছেন-তিনি জানান, তুলসীখালির কারিগররা এই দামে বেচলেও ভালো লাভ করতে পারে। কারণ একবার তো দুধে পানি মেশাচ্ছেই, তারপর ছানা ঠাণ্ডা করার জন্য আছে নদীর মাগনা পানি।
রতন ঘোষ আরও জানান যে জ্বাল দেওয়া দুধ থেকে ছানা করার জন্য প্রয়োজনীয় অম্লতা কালীগঙ্গার মারাত্মক দূষিত পানিতে অধিক মাত্রায়-ই আছে। এর ফলে এমনিতে যেখানে প্রতি মণ দুধে ছানা হতে পারে টেনেটুনে সাত কেজির মতো, সেখানে তুলসীখালির লোকেরা অনায়াসেই আট কেজি ছানা বের করতে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক সচেতন তরুণ জানান যে, তিনি নিজে কখনোই এখানকার ছানা বা মিষ্টি খান না। তার মতে, হাজারীবাগের ট্যানারিগুলো থেকে বিষাক্ত রাসায়নিক বর্জ্য এবং চামড়ার অবশেষ বুড়িগঙ্গা বাহিত হয়ে এখানকার পানিও দূষিত করেছে।
আর স্বচক্ষে ওই পানি দিয়েই ফ্রি-স্টাইলে ছানা ধোয়া দেখার পর খাওয়া সম্ভব কি?-ওই তরুণের সরল জিজ্ঞাসা।
