২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরটি অবহেলার শিকার

জাপানের পর চট্টগ্রামে এশিয়ার দ্বিতীয় জাতিতাত্ত্বিক জাদুঘরটি প্রতিষ্ঠার তিন দশক পরও অবহেলিত অবস্থায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সমির বড়ুয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 03:50 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

চট্টগ্রামের আগ্রাবাদ বানিজ্যিক এলাকার কেন্দ্রবিন্দুতে ১ দশমিক ২৫ একর জমিতে স্থাপিত জাদুঘরটির মানোন্নয়নের জন্য এখনও পর্যন্ত ব্যাপক কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি। এশিয়ার দেশগুলোর পাশাপাশি আমাদের দেশীয় আদিবাসী সম্প্রদায়ের ব্যবহৃত বিভিন্ন উপাদান ও পুরাকীর্তি সংগ্রহের জন্যও কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন একজন নৃবিজ্ঞানী। ঐতিহাসিক গুরুত্বের কথা বিবেচনা করে উপজাতীয় সংস্কৃতি সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য কোন গবেষণা ও অনুসন্ধানমূলক কাজও করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

জাতিতত্ত্ব বিষয়ে জানতে আগ্রহী, এমনকি এর শিক্ষার্থীরাও সহজে যেতে চান না দেশের গৌরবময় এই জাদুঘরটিতে। ‘নৃতত্ত্বের শিক্ষার্থী হিসেবে আমরা খুব কমই এই জাদুঘরে যাই’-এভাবেই অভিযোগের সুর ভেসে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাহেদের কন্ঠে।

এদিকে জাদুঘর দর্শনার্থীর সংখ্যাও ক্রমে কমে আসছে বলে জাদুঘর সূত্রে জানা গেছে। প্রতি মাসে ৬ হাজার ৫শ’ থেকে এখন গড়ে দর্শনার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার।

১৯৭৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ, পাকিস্তান, কিরগিজস্তান এবং অস্ট্রেলিয়ার ৩৬টি উপজাতির প্রায় এক হাজার পাচশ’ জাতিতাত্ত্বিক উপাদান নিয়ে ছয়টি গ্যালারিতে বিভক্ত জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী ইউসুফ আলী।

এখানে রয়েছে চাকমা, মারমা, তংচঙ্গা, খুমি, মুরং, সাওতাল, গারো, চাক কোচ, বোম, মনিপুরি, পালিয়া, ত্রিপুরা হাজনাগ এবং শিমিজ আদীবাসীদের নিজস্ব নানা সমৃদ্ধ উপকরণ। এখানে আরও আছে ভারতীয় আদিবাসী, পাকিস্তানী পাঠান, সিন্ধি, পাঞ্জাবি, কাতির সাবত, অস্ট্রেলিয়ার অস্ট্রাল ও কিরগিজদের বিভিন্ন ছবি। জাদুঘরের একটি গ্যালারিতে সংরক্ষিত রয়েছে বার্লিন সীমানার খন্ডিত অংশও। বন্দর নগরীতে এলেই পর্যটকরা এক নজর দেখতে ভোলেন না জাদুঘরটি। যদিও দেখামাত্রই হতাশ হন তারা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের চেয়ারম্যান আহমেদ ফজলে হাসান চৌধুরী বলেন, নৃতত্ত্বের শিক্ষার্থী ও গবেষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জাদুঘরটি ক্রমেই এর গুরুত্ব হারাচ্ছে। তিনি আরও বলেন, জাতিতাত্ত্বিক জাদুঘরের পুরনো উপকরণগুলো দর্শনার্থীদের একঘেয়েমি ধরিয়ে দিচ্ছে। অথচ নতুন নতুন প্রাচীন কীর্তি আবিষ্কারের জন্য প্রয়োজনীয় গবেষণা ও অনুসন্ধানও করা হচ্ছে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরটির সংরক্ষক শামসুল হোসেনও একই কথা বলেন। তিনি বলেন, নাসিরাবাদে দেশের প্রথম প্রাণী জীবাশ্ম পাওয়া যায়, যা এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ব্রিটিশ শাসনামলে চট্টগ্রামের বিভিন্ন নৃতাত্ত্বিক নিদর্শন প্রাপ্তির পরিকল্পনাপত্রটি শেলফবন্দি অবস্থায়ই রয়ে গেছে বলে তিনি জানান।

বাংলাদেশের কোন সরকারই এ ব্যাপারে সুদৃষ্টি দেন নি। ঢাকার নৃতত্ত্ব ও জাদুঘর বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজস্ব বাজেট দিয়ে কেবল জাদুঘরগুলোর সাধারণ সংরক্ষণের কাজটুকুই করা হয়ে থাকে এবং বাজেট স্বল্পতার কারণে জাতিতাত্ত্বিক উপকরণ ও পুরাকীর্তি খনন ও সংরক্ষণ সম্ভব নয়।