‘সুলতান কমপ্লেক্সে‘র শিশুদের চিত্রাংকনের উৎসাহে ভাটা
শিশুদের কলরবে মুখরিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের স্বপ্নের শিশু স্বর্গের ‘সুলতান কমপ্লেক্সে’-এর প্রাণচাঞ্চল্য আর আগের মত নেই।
অবহেলা আর উপযুক্ত তদারকির অভাবে শিশুরাও চিত্রাংকন শেখার প্রতি উৎসাহ হারিয়ে ফেলছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থী শিশুর সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে।
শিশু প্রেমী সুলতান ভবিষ্যতে শিশুরা যাতে বড়শিল্পী হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে সে উদ্দেশ্যে এবং তাদের সৃজনশীল বিকাশে তার নিজস্ব প্রতিষ্ঠান সুলতান কমপ্লেক্সে শিশুদের চিত্রাংকন শেখার ব্যবস্থা করেন।
পাঁচ ছয়জন ছেলে নিয়ে ১৯৮৩ সাল থেকে তার এই স্বপ্নের যাত্রার প্রথম শুরু। ধীরে ধীরে ছাত্র সংখ্যার বৃদ্ধির মাধ্যমে তার এই স্বপ্ন পূর্ণতা লাভ করে।
তাঁর মৃত্যুর পরও এই কর্মসূচি বেশ কিছুদিন ভালোভাবে চলছিল। কিন্তু বর্তমানে সেই আগের মত অবস্থা আর নেই।
ছাত্র সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি বর্তমানে অভিভাবক মহলও-এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। তাদের অভিযোগ কমপ্লেক্সে শিক্ষক সংখ্যা কম হওয়ায় ছাত্রদের শেখানোর ব্যাপারে যত্ন নেওয়া হয় না এবং আগে যে রংতুলি ফ্রি দেওয়া হতো, তাও এখন আর দেওয়া হয় না। ফলে এই কার্যক্রম চলছে অনেকটা ঢিমেতালে। আগে শিক্ষক ছিলেন বেশ কয়েকজন। কিন্তু বর্তমানে একজন শিক্ষক রয়েছেন। শিক্ষার্থীর সংখ্যা খাতা কলমে ২০০ জন দেখানো হলেও প্রকৃতপক্ষে কতজন রয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
১০ আগস্ট শিল্পী এসএম সুলতানের জন্মজয়ন্তী। প্রতি বছরের মত এবারও এ দিনটির কথা মনে রেখে বৃহৎ কর্মসূচি নেয়া হয়েছে। আগামী ২৫-৩১ ডিসেম্বর সপ্তাহ ব্যাপী সরকারি এবং জেলার শিল্পকলা একাডেমীর উদ্যোগে মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই মেলায় চিত্রাংকন প্রতিযোগিতা, নৌকাবাইচ, নাচ, গান ইত্যাদিসহ সুলতানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হবে। কিন্তু প্রকৃতপক্ষে এসএম সুলতান শিশুদের নিয়ে যে স্বপ্নের জাল বুনেছিলেন তাদের ভবিষ্যতে বড় শিল্পী বানানোর, সেই স্বপ্ন কি শুধু স্বপ্নই রয়ে যাবে ? নাকি যথাযথ বাস্তবায়নে কোন উদ্যোগ গ্রহণ করা হবে ?
শিল্পীর পালিত পুত্র এবং এই প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত দুলাল সাহার সঙ্গে এ ব্যাপারে আলাপ করা হলে তিনি বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
তিনি বলেন, শিক্ষক সংকটের কারণে তার একার পক্ষে এত বড় দায়িত্ব সামলানো অনেকটা চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তাছাড়া দীর্ঘ এক বছর শিক্ষকরা কোন বেতনভাতা পান না বলে তিনি জানান।
