২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রহমান চলে গেলেও তাঁর রোমান্টিকতা থেকে যাবে

নায়ক রহমান তখন প্রচণ্ড জনপ্রিয় অভিনেতা। একদিন পত্রিকার জন্যে ছবি তুলতে আউটডোরে গেছি, ছবিও তুলেছি। হঠাৎ মনে হলো একটা মাত্র শার্টে এতগুলো ছবি একঘেয়ে হয়ে যাবে না তো! অনেক সাহস করে রহমান ভাইকে বললাম, আর কোনও শার্ট কি এনেছেন সঙ্গে করে? উত্তরে গম্ভীর হয়ে বললেন, না। সেদিন রহমান ভাইকে বলেছিলাম, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার শার্টটি পড়ে আরও কয়েকটি ছবির জন্যে পোজ দেবেন? রহমান ভাই বলেছিলেন, তুমি শার্টের নিচে কি গেঞ্জি পড়ো?

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 02:36 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

হ্যা।

ঠিক আছে, খুলে দাও।

আমার শার্ট পড়ার পর দেখা গেল, রহমান ভাইয়ের শরীরে আমার শার্ট আটছে না। কোনও রকমে বুকের বোতাম খুলে শার্ট পড়ে কয়েকটি ছবির জন্যে পোজ দিলেন।

রহমান ভাইয়ের পুরো নাম আবদুর রহমান। দিনাজপুর জেলার পঞ্চগড়ে ১৯৩৬ সালে তিনি জন্মগ্রহণ করেন।

বিএসসি পাস করার পর তৎকালীন হোটেল শাহবাগে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৫৮ সালে এহতেশাম পরিচালিত ‘এদেশ তোমার আমার’ ছবির মাধ্যমে শুরু হয় তাঁর অভিনয় জীবন। ১৯৬৩ সালে রহমান নামকরা নায়ক, তাঁর সঙ্গে তখন আমার পরিচয় হয়। এর আগে রহমান অভিনীত দু’একটি ছবি যে দেখিনি, তা নয়। পরে চলচ্চিত্র পত্রিকায় ফটো সাংবাদিক হওয়ার পর অনেক কাছ থেকে ব্যক্তি ও শিল্পী রহমানকে দেখার সুযোগ হয়েছিল। দিন যেতে থাকে আর রহমান ভাইকে চিনতে থাকি। কখনও স্যুটিংয়ে, কখনও ডাবিংয়ে আবার কখনও এডিটিংয়ে। এক সময় দু’জনের সম্পর্ক ঘনিষ্ট হয়ে যায়। 

রহমান ভাইয়ের অভিনয় দক্ষতাই নয়, আরও অনেক গুণ আমাকে মুগ্ধ করেছে সে সময়। একটা সময় রহমান ভাইয়ের সঙ্গে আমি খুব অন্তরঙ্গভাবে মিশে গিয়েছিলাম। সে সময়ে প্রায়ই আমাকে নিয়ে পানশালায় বসতেন। এ নিয়ে কুমকুম ভাবীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছে অনেকবার।

আমরা যখন আলাপ করতাম, তখন নানা বিষয় নিয়ে কথা হতো। ছবির পাণ্ডুলিপি তৈরির আগে আগে চরিত্র ও কাহিনী নিয়ে আলাপ হতো। রহমান ভাই যুক্তি দিয়ে চরিত্রের যৌক্তিকতা ও বাস্তবতা বোঝাতে চাইতেন আমাকে। অনেক সময় আমিও পাল্টা যুক্তি দাঁড় করতাম। রহমান ভাই কখনও আমার যুক্তি মানতেন, আবার কখনও মানতেন না। একবার আড্ডা শুরু হলে তিনি আর উঠতেন না। রহমান ভাই এমনভাবে কনভিন্স করতেন যে, আড্ডার সময় কাজের কথা ভুলে যেতাম।

রহমান ভাইয়ের বাসায় ছবি তুলতে গেলে সহজে ছবি তুলে ফিরতে পারতাম না। বাসায় গেলে কুমকুম ভাবীকে এবং মেয়েদের নিয়ে আমার সঙ্গে গল্প শুরু করে দিতেন। আর বারে বারে আমাকে ‘ও মনু ও মনু’ বলে ডাকতেন। গল্প ও খাওয়া-দাওয়ার পর যখন ছবি তোলা শুরু করবো, তখন আলোর স্বল্পতা দেখা দিতো। তবু স্বল্প আলোর মধ্যে ছবি তুলে ফিরতে হতো।

রহমান ভাই ছবি তুলার সময় কুমকুম ভাবী ও মেয়েদের সাহায্য নিতেন আর বলতেন, আমার তো ছেলে নেই, এরাই আমার ছেলে। রহমান ভাই পাঁচ মেয়ের নাম রেখেছিলেন ভিন্ন রকমের। যেমন টম, লোলো, লোপা ইত্যাদি।

স্থিরচিত্রে রহমান ভাইয়ের দুটি এঙ্গেলই ভালো ছিল। তাঁর প্রোফাইলের একটা এঙ্গেলকে আমার মনে হতো উত্তম কুমারের মতো। কারও সঙ্গে তুলনা দিয়ে তাঁর ছবির কথা বললে তিনি রেগে গিয়ে বলতেন, ‘রহমান ইজ রহমান, রহমান ইজ ইনডিভিজুয়াল।’ রহমান ভাই নিজেই নিজের ছবির জন্যে পোজ দিতেন আর আমি একের পর এক ছবি তুলে যেতাম। কখনও যদি বিশেষ কারণে ছবির পোজ বা এক্সপ্রেশন দেখিয়ে দিতে চাইতাম, তাহলে রহমান ভাই বলতেন, ‘মনোয়ার, রহমান ইজ স্টিল এলাইভ।’

ছবির সুটিংয়ের অবসরে রহমান ভাইয়ের কাছে জানতে চাইতাম, আপনি কয়েকটি বাণিজ্যিক ছবি তৈরি করার পর একটা এক্সপেরিমেন্টাল ছবি তৈরি করেন কেন?

তাহলে শোনো, বাণিজ্যিক ছবি তৈরি করি ব্যবসার জন্যে, সংসার চালানোর জন্যে। আর স্বচ্ছ, সুন্দর ও বক্তব্যসমৃদ্ধ ছবি তৈরি করি আমার মনের তৃপ্তির জন্যে।

ছবির সুটিংয়ে অভিনয় করার সময় দেখেছি, রহমান ভাইয়ের একটি অসাধারণ ক্ষমতা হচ্ছে সিকোয়েন্সকে হোল্ড করে রাখা। তাছাড়া তাঁর কণ্ঠস্বরে একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, যা অন্য কারও সঙ্গে তুলনা করা যায় না।

রহমান ভাইয়ের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ দেখতে দেখতে একটা বিষয় বুঝতে পেরেছি, তাঁর অভিনেতা ও তারকা ইমেজের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করতো। তাঁর চলচ্চিত্র জীবনের শেষের দিকে এই দ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছিল। তাঁর অভিনিত ‘ইন্ধন’ ও ‘চাহাত’ ছবি যারা দেখেছেন তাদের কাছে বিষয়টি স্পষ্ট। রহমান ভাইয়ের তারকা ইমেজ গড়ে উঠেছিল। কিছু কিছু ছবিতে তা ভাঙ্গার চেষ্টাও তিনি করেছেন। পরিচালক হিসেবে রহমান ভাইকে আমি কখনও কমপ্রোমাইজ করতে দেখেনি। গতানুগতিক ছকে বাঁধা ছবি তৈরিতে তার আপত্তি থাকতো। রহমান ভাই সামাজিক সমস্যা এবং নিটোল প্রেমের কাহিনী নিয়ে ছবি তৈরি করতে স্বচ্ছন্দবোধ করতেন। যেমন ‘ইন্ধন’, ‘কংগন’ ইত্যাদি।

আমার সিনে পত্রিকায় যোগ দেওয়ার আগে থেকেই শুরু হয়েছিল জুটি প্রথা। রহমান-শবনম জুটি দিয়ে শুরু হয় এদেশে জুটি প্রথা। রহমান-শবনম জুটি এক পর্যায়ে দর্শকপ্রিয়তার দিক থেকে শীর্ষ অবস্থানে চলে যায়। যেমন পূর্ব পাকিস্তানে, তেমনি পশ্চিম পাকিস্তানের উর্দু ছবিতেও।

গত কয়েকদিন থেকে মনটা বিক্ষিপ্ত ও খারাপ। কবরী সরওয়ারকে ফোন করলাম। জানতে চাইলাম, ফ্রি আছে কিনা। কবরী বললেন, তোমার জন্যে একটা খারাপ খবর আছে। রহমান ভাই (নায়ক রহমান) ভীষণ অসুস্থ। হাসপাতালে আছেন। কবরী বললো, বারিধারা পার্কে হাঁটতে গিয়েছিলাম। সেখানে শবনমের সাথে দেখা। উনিই আমাকে খবরটা দিলেন। ধানমণ্ডির সেন্ট্রাল হাসপাতালে ৭০২নং কেবিনে রহমান আছেন। কবরী বললো, তুমি যদি যেতে চাও, আমার অফিসে এসো। একসঙ্গে যাব।

পরদিন কবরীর সঙ্গে নায়ক রহমানকে দেখতে গেলাম। শবনম আগে থেকেই কবরীকে বলে দিয়েছিল, রহমান আজকাল সহজে কাউকে চিনতে পারে না। আমি আগে থেকেই জানতাম, নায়ক রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছেন। কিন্তু এমন ভীষণ খারাপ অবস্থায় আছেন, ভাবতে পারিনি।

হাসপাতালে গিয়ে দেখি সত্যি গুরুতর অবস্থায় পড়ে আছেন এককালের দারুণ জনপ্রিয় নায়ক রহমান। আগের দুর্ঘটনায় এক পা কাটা গিয়েছিল। তদুপরি বাম পা আর বাম হাত পক্ষাঘাতগ্রস্ত। কোমরের নিচের অংশে আবার অপারেশন হয়েছে। নায়ক রহমানকে এমন করুণ অবস্থায় দেখে গভীর বেদনায় মন ভারাক্রান্ত হয়ে গেল। নায়ক রহমানের সাথে আমার খুবই ঘনিষ্ট সম্পর্ক ছিল। আর ছিল কয়েকটি অবিস্মরণীয় ঘটনা। সেগুলো স্মৃতির পাতায় ভেসে উঠলো। তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের চিত্রজগতে যে অভিনেতা দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন, সেই নায়ক রহমান আজ হাসপাতালের বেডে বিনিদ্র রাত কাটাচ্ছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কবরীকে প্রথমে চিনলেন। বললেন, ম্যাডাম কবরী, তুমি এসেছো। কবরী তাঁর বেডের পাশে বসে বললো, আপনি আমার এক ছবির নায়ক ছিলেন, মনে পড়ে? রহমান যেন মনে করতে পারছেন না। কবরী বললো, ‘বাহানা’। কিছুক্ষণ পর রহমান সাহেব বললো, হ্যাঁ হ্যাঁ, করাচির একটি হোটেলে স্যুটিং হয়েছিল।

নায়ক রহমান অল্পক্ষণ পরে আমার ডাক নাম ধরে ডাকলেন, মনু ও মনু, দেশের, দশের খবর কি? মনে মনে বললাম, হায়রে, যে নিজের খবর জানে না, সে দেশ ও দশের খবর জানতে চায়। আমার দু’চোখ ঝাপসা হয়ে আসছিল, চোখের পানি সামাল দিতে পারছিলাম না।

নিজেকে কোনোমতে সংযত করে কেবিনের এককোণে দাঁড়িয়ে ভাবছিলাম, ‘রাজধানীর বুকে’ ছবিতে তালাত মাহমুদের কন্ঠে গাওয়া সেই গান, ‘তোমারে লেগেছে এত যে ভাল চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাইসে আমারে টানে।’

রহমান ভাইয়ের এই যে রোমান্টিকতার পরিচয় তা এত দ্রুত আমাদের মন থেকে মুছে যাবে না।