২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্তির পথে নড়াইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প

যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে আসা নড়াইলের তাঁত শিল্প এখন বিলুপ্তির পথে। একসময় সারা বাংলাদেশে নড়াইলের তাঁতীদের উৎপাদিত উৎকৃষ্ট মানের শাড়ী, লুঙ্গি গামছার চাহিদা ছিল সারা দেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 12:46 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

নামমাত্র এ শিল্পটি টিকে আছে।

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রামে মুলতঃ এই তাঁত শিল্পীদের বসবাস। এছাড়া গোবরা গ্রামেও কয়েক ঘর তাঁতীর সন্ধান পাওয়া গেছে। আর্থিক অসচ্ছলতা এবং পরিশ্রমের তুলনায় কম লাভ হবার কারণে এই শিল্পের প্রতি অনেকেই আকর্ষণ হারিয়ে ফেলছে।

আগে এই শিল্পে প্রায় একশ’ ঘর জড়িত থাকলেও বর্তমানে মাত্র ৩০-৪০ ঘর এ শিল্পের সাথে জড়িত রয়েছে। এখন আর আগের মতো প্রতি ঘরে তাঁতের শব্দ শোনা যায় না।

এ ব্যাপারে তাঁত শিল্পে কর্মরত সোনামুখী বিবি বিডিনিউজকে জানান, আমরা মুলতঃ গামছা তৈরি করি। কিন্তু সুতোর দাম অনুসারে গামছার দাম বাড়েনি। আগে ২৪ মোড়া সুতো বুনলে এক হাজার থেকে ১২শ’ টাকা লাভ হতো। কিন্তু বর্তমানে লাভ হয় ৫০০-৬০০ টাকা। ৬০ টাকা দরের এক মোড়া সুতোতে সাড়ে তিন হাত মাপের গামছা হয় চারটি। প্রতিটি গামছা বিক্রি হয় ২০-২৫ টাকায়। ফলে পরিশ্রম অনুপাতে লাভ হয় খুব কম। এজন্য এ পেশার পাশাপাশি আমরা খোয়া ভাঙ্গা, মাটি কাটার কাজসহ অন্যান্য কাজও করছি।

তাঁত শিল্প সম্পর্কে চল্লিশোর্ধ তৌহিদুর রহমান বিডিনিউজকে বলেন, ব্রিটিশ আমল থেকে এখানে তাঁত শিল্পের কাজ চালু আছে। তাই বাপ-দাদার আমলের এই পেশাটি আমরা এখনও আঁকড়ে রেখেছি। কিন্তু আর বুঝি ধরে রাখা সম্ভব হবে না। এখন অবসর সময়ে তাঁত বুনি এবং বাকী সময় অন্যান্য কাজ করি। এর কারণ হিসেবে তিনি বলেন, বর্তমানে সুতোর দাম অনেক বেড়েছে। কিন্তু সেই অনুপাতে তাঁতের উৎপাদিত পণ্যের দাম তেমন বাড়েনি। ফলে এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ধার-দেনা করে চলতে হয়। অভাবের কারণে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচও চালাতে পারি না।

অন্যদিকে, তাঁত যন্ত্রটি একবার বিকল হলে তা সারাতে অনেক টাকা লাগে।

তিনি আরও বলেন, আমাদের চাওয়া-পাওয়া খুবই সামান্য। সুতোর দাম কমলেই আমরা খুশী।

তাঁত শিল্পীদের সার্বিক অবস্থার উন্নয়নে প্রয়োজন সরকারি অনুদান। তাই এ শিল্পের উন্নয়নে সরকারকেই এগিয়ে আসতে হবে।

সরকার যথাযথভাবে এগিয়ে আসলেই এই শিল্পটি আবার তার গতি ফিরে পাবে। আবার তাঁতের শব্দে মুখরিত হয়ে উঠবে গ্রাম-বাংলার জনপদ।