নিঝুম দ্বীপের বনভূমি হরিণের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে
বন উজার, অবৈধভাবে বনভূমি দখল এবং শিকার তৎপরতার কারণে নিঝুম দ্বীপের জাতীয় উদ্যান হরিণসহ অন্যান্য বন্যপ্রাণী ও অতিথি পাখিদের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। বিশেষ করে হরিণদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এ বনের পরিবেশ ও প্রতিবেশ।
জানা যায়, সরকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ২০০১ সালে নিঝুম দ্বীপ ও সংলগ্ন ১১টি চরে একটি প্রকল্প হাতে নেয়। ওই প্রকল্পের আওতায় বনাঞ্চলের মোট আয়তন ৪০ হাজার ৩শ’ ৯০ একর।
বনবিভাগ সূত্র জানায়, ১৯৭৮ সালে তারা সুন্দরবন থেকে চার জোড়া চিত্রা হরিণ এনে দ্বীপে ছাড়ে। গত ২৬ বছরে অনুকুল বংশবিস্তার পরিস্থিতির সুবাদে হরিণের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
নিঝুম দ্বীপ নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের একটি ওয়ার্ড। নোয়াখালীর উপকূলীয় বনবিভাগের জাহাজমারা রেঞ্জের চর ওসমান বিট অফিস এই জাতীয় উদ্যানের রক্ষক ও তত্ত্বাবধায়ক। বনবিভাগের চার সদস্যবিশিষ্ট একটি নামমাত্র ইউনিট ও পুলিশের একটি তদন্ত কেন্দ্র দ্বীপ রক্ষায় নিয়োজিত।
জাতীয় উদ্যান ঘোষণার পর চার বছর পার হয়ে গেছে, কিন্তু উল্লেখযোগ্য কোনও কার্যক্রম না থাকায় দ্বীপের গভীর অরণ্যে অবাধে বৃক্ষ নিধন, বসতি স্থাপন, বনভূমি দখল, হরিণ ও অতিথি পাখি নিধন চলছে। ফলে দ্বীপের পরিবেশ-প্রতিবেশ দিন দিন বন্যপ্রাণীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
পাশাপাশি এক শ্রেণীর ভূমিগ্রাসী দ্বীপের বন্দর টিলা, চর ওসমান, চর কমলা, চর হালিম ও চর রশিদে বন কেটে সাবাড় করে ফেলছে। অন্যদিকে হাতিয়ার উত্তরাংশে মেঘনার অব্যাহত ভাঙ্গনের কারণে নদীভাঙ্গা মানুষ এসে ভিড় জমাচ্ছে নিঝুম দ্বীপে। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যা ও বসতি স্থাপনে উজাড় হচ্ছে বনাঞ্চল।
বনপ্রহরী মোজাম্মেল হক সেলিম বিডিনিউজকে জানান, দ্বীপের বিশাল বনাঞ্চলের তুলনায় জনবল কম থাকায় বন রক্ষণাবেক্ষণে তাদের হিমশিম খেতে হচ্ছে। এভাবে বন উজাড় প্রক্রিয়ায় হরিণের অবাধ বিচরণ কেন্দ্র হিসাবে খ্যাত নিঝুম দ্বীপ এখন তাদের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া সংরক্ষিত বনে প্রতিনিয়ত মানুষের পদচারণাও হরিণদের আতঙ্কিত করে তুলছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, শুষ্ক মৌসুমে খাল ও নালার পানিতে লবণাক্ততা বেড়ে যায়, মিষ্টি পানি ও খাদ্যের তীব্র ঘাটতি দেখা দেয়। খাদ্যের অভাবে হরিণগুলো দল বেঁধে নদী ও খাল সাঁতরে জনবসতিপূর্ণ এলাকায় চলে আসে। নদীতে ঝাঁপ দিতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে মারা যায় অনেক হরিণ। মানুষের হাতেও প্রতিদিন ১০/১৫টি হরিণ মারা পড়ছে। লোকালয়ে এসে কুকুরের কামড়েও মারা যাচ্ছে অনেক হরিণ। শিকারীর ফাঁদেও ধরা পড়ে অনেক হরিণ।
হাতিয়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আহসান হাবীব শামিম ২০০৩ সালের নভেম্বর মাসে নিঝুম দ্বীপের মৃত ১০টি হরিণের ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, মানুষের হাতে ধৃত হরিণগুলো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে।
হরিণের জন্য সুপেয় পানির পুকুর এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছে বনবিভাগ সূত্র। তারা বলেন, নিঝুম দ্বীপে জ্যামিতিক হারে বেড়ে চলা হরিণ পালন-পোষণের শর্তে সৌখিন ক্রেতাদের কাছে বিক্রি করলে বছরে চার কোটি টাকার রাজস্ব আয় সম্ভব।
