কুমিল্লার ওয়েল্ডিং কারখানা: পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ফেলছে ক্ষতিকর প্রভাব
কুমিল্লার আবাসিক এলাকায় অপরিকল্পিতভাবে ওয়েল্ডিং কারখানা গড়ে ওঠায় পরিবেশসহ জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলছে।
দূর থেকে হঠাৎ আলোর ঝলকানি দেখে মনে হবে জেলা সদরের ঢুলিপাড়ার মানুষগুলো আতশবাজি পোড়াচ্ছে। আসলে ব্যাপারটি অন্যরকম। কাছে না গেলে বোঝা যাবেনা এই আলোর ঝলকানির কারণ কি।
শহরের টমসন ব্রীজ এলাকা থেকে চাঁপাপুর রাস্তার দুপারে অসংখ্য ওয়েল্ডিং কারখানা। রাস্তার দু পারে জেলা সদর হাসপাতালসহ আবাসিক এলাকা রয়েছে। অথচ অনেকটা অবৈধভাবেই গড়ে উঠেছে এসব ওয়েল্ডিং কারখানা ।
ওয়েল্ডিংয়ের আলোর তীব্রতা সাধারণত তিন হাজার থেকে বত্রিশ শ’ ডিগ্রী সেলসিয়াস। গ্যাস ওয়েল্ডিংয়ে অক্সিজেন ও এসিটাইলিন ব্যাবহার করা হয়। দু’টো গ্যাসের সংমিশ্রনে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যা মানব দেহের জন্য ভীষণ ক্ষতিকর । তার উপর রয়েছে তেজস্ক্রিয়তা। ফলে বায়ু দূষণ সহ পরিবেশের ক্ষতি করছে।
কুমিল্লা শহরে পৌর এলাকার মধ্যে প্রায় পৌনে তিনশ’ আর পৌর এলাকার বাইরে প্রায় দেড়শ’ ওয়েল্ডিং কারখানা রয়েছে। এর মধ্যে অধিকাংশেরই ট্রেড লাইসেন্স নেই। এসব কারখানার বেশিরভাগ শ্রমিকই আবার শিশু শ্রমিক। টমসন ব্রীজ এলাকার একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক সাইফুল (১৫) জানায়, সারা রাত ধরে কাজ করে সকালের নাস্তার জন্য সে মাত্র ১৫ টাকা পায়।
ওয়েল্ডিং কারখানার শ্রমিকদের কাজের সময় প্রটেক্টশন সোলার গ্লাস ব্যবহার করার নিয়ম থাকলেও মালিকরা সেটি না দেওয়ায়, শিশু শ্রমিকদের মারাত্মক চোখের চোখের ক্ষতি হচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চোখের ডাক্তার জানান, বিদ্যুতের চেয়ে গ্যাসের ওয়েল্ডিংয়ের তীব্রতায় চোখের কর্ণিয়া খুব অল্প সময়ে নষ্ট হয়ে যায় । প্রাথমিক অবস্থায় তা ধরা না পড়লেও পাঁচ বছর পর মারাত্মক আকার ধারন করতে বাধ্য ।
সাইফুল আরও বলেন, সারারাত গাড়িতে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ করি, সকালে ফিটকারীর পানি দিয়া ধুইয়া ফেলি। তবে সাপ্তাহে তিন চারদিনের বেশি কাজ করতে পারি না ।
কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আবাসিক এলাকার আশপাশে ওয়েল্ডিং কারখানার গড়ে উঠছে। ফলে এলাকার ছোট বাচ্চাদের চোখের ক্ষতি করছে, শহরবাসীর স্বাস্থ্যের ওপরও পড়ছে ক্ষতিকর প্রভাব।
১৯৭৭ সালের এনভায়রমেন্ট পলিউশন কন্ট্রোল অর্ডিনেন্স-৯ অনুযায়ী যে কোনও ধরনের পরিবেশ দূষণের জন্য এক বছর কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় শাস্তির বিধান থাকলেও এখানকার ওয়েল্ডিং কারখানার বেলায় তা প্রয়োগ হচ্ছে না ।
পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা জানান, ওয়েল্ডিং কারখানা পথচারী এবং বস্তিবাসী শিশুদের যে ক্ষতি করছে সে কারণে তা অন্যত্র সরিয়ে নিতে তারা জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন।
কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান বিষটির সত্যতা মেনে নিয়ে বিডিনিউজকে জানান , দিনের বেলার চাইতে রাতের বেলায় বেশি কাজ হয় এটা সত্য। তবে ট্রেড লাইসেন্স বিহীন কারখানার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
