যশোর জেলার দৌলতপুরের ইন্ডিয়ানপাড়ার বাসিন্দারা
রাষ্ট্রের সাধারণ নিয়ম অনুযায়ী নাগরিকরা তার নিজ দেশেই অবস্থান করবে। কিন্তু এ নিয়মের ব্যত্যয় ঘটছে দৌলতপুর গ্রামে। কাঁটাতারের বেড়ার অপারেই থাকার কথা থাকলেও ১৯টি ভারতীয় পরিবার বাংলাদেশের গ্রাম দৌলতপুরে বসবাস করছে।
এ কারণে দৌলতপুর গ্রামের যে অংশে তাদের বসতি সে অংশটির নামই হয়ে গেছে ইন্ডিয়ানপাড়া।
যশোর জেলার চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের ভারতীয় সীমান্তঘেঁষা গ্রাম দৌলতপুর। গ্রামের পশ্চিম ও দক্ষিণ পাশে ভারতীয় কাঁটাতারের বেড়া। ওপারে পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার বাগদা থানার মামাভাগ্নে গ্রাম।
যাই হোক, ভারতীয় নাগরিক হলেও ওইসব পরিবারের সদস্যরা এদেশের পোশাক-আশাক, খাবার-দাবারে অভ্যস্থ হয়ে গেছে। তাদের সন্তানরা এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। তারা নিজেদের বাংলাদেশী এবং দৌলতপুর গ্রামের বাসিন্দা বলে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
ইন্ডিয়ানপাড়ার বাসিন্দাদের গেট পার হয়ে ভারতে যাওয়ার জন্য বিএসএফকে ভোটার আইডি কার্ড দেখাতে হয়। সকাল সাতটা থেকে আটটা, দুপর বারোটা থেকে একটা এবং বিকাল তিনটা থেকে সাড়ে পাঁচটা, দিনে মাত্র তিনবার নিজস্ব ভূখণ্ড ভারতে যাওয়ার সুযোগ মেলে তাদের।
সরজমিন পরিদর্শন কালে ইন্ডিয়ানপাড়ার বাসিন্দা ভারতীয় নাগরিক নূর ইসলাম মণ্ডল, আমানত ও আশরাফসহ আরও কয়েক জন বিডিনিউজকে জানায়, নিজেদের দেশে যাওয়ার জন্যও কত রকম নিয়মকানুন মানতে হয়। বিএসএফকে আইডি কার্ড দেখাতে হয়। নিজেদের অতি প্রয়োজনেও ইচ্ছে মতো নিজ ভূখণ্ডে যাওয়া কিংবা ফিরে আসা সম্ভব হয় না।
ছিটমহলে বসবাসকারী এই ভারতীয় পরিবারগুলো এখানকার মসজিদে নামাজ আদায় করছে, বাজার করছে এবং নৈমিত্তিক অন্যান্য সব কাজই করছে। তাদের ছেলেমেয়েরা দৌলতপুর প্রাথমিক বিদ্যালয়, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং স্থানীয় দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছে।
তবে বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেলেও এসব ছেলেমেয়ে উপবৃত্তি পাওয়ার যোগ্য নয় বলে জানালেন স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষক। ভারতীয় নাগরিক রুমা আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। লেখাপড়া শিখে সে চাকরি করতে চায়। কিন্তু কোন দেশে তার চাকরি হবে তা সে জানে না।
সীমান্তঘেঁষা দৌলতপুর গ্রামের ভোটার ২৩৮ জন। আর ইন্ডিয়ানপাড়ার শ’ খানেক অধিবাসীর মধ্যে ভোটার মাত্র ৩৮ জন। স্থানীয় ইউপি মেম্বার শহীদুল ইসলামের মতে, তারা ভারত সরকারকে ট্যাক্স দিলেও কার্যত বাংলাদেশের ’নাগরিক সুবিধাবলী’ ব্যবহার করে। তিনি বলেন, ওরা সবাই মুসলমান, আমাদেরই ভাই।
ইন্ডিয়ানপাড়ার লোকজন জানায়, ভারতের সাথে তাদের সম্পর্ক সীমিত। ভোটের সময় তারা শুধু ভোট দেয়। তারা আক্ষেপ করে বলে, গ্রাম পঞ্চায়েতের সদস্যরাও তাদের খোঁজ-খবর নেয় না। মাঝে মাঝে খোঁজ নিতে আসে বিএসএফ’র সদস্যরা।
ভারত সরকার তাদের সামান্য রেশন দিয়ে থাকে। ভারতীয় নাগরিক হলেও তারা সীমান্তে বিএসএফ’র বাড়াবাড়ি, উস্কানি ইত্যকার ঘটনার নিন্দা জানায়, কারণ এসব তাদের জন্যও ভাল নয়। ইদানিং তারা আত্মীয়তা গড়তে বাংলাদেশের মানুষের সাথে বিয়েশাদির সম্পর্কও গড়ে তুলছে। জীবন তো আর থেমে থাকে না।
