‘নটখানা’: নীলফামারীর লুটেরা নটবংশের স্মৃতি
লুটেরা ‘নটবংশের’ অসংখ্য নির্যাতন নিপীড়নের স্মৃতি নিয়ে নীলফামারী শহরে দাঁড়িয়ে আছে ইট-সুরকির তৈরী একটি দালানের ধ্বংসাবশেষ। নটরাজের নামানুসারে এখনও এলাকাটির নাম ‘নটখানা’।
মোঘল আমলে দুর্ধর্ষ এই ‘নটদের’ উদ্ভব। ইংরেজদের আগমনের আগ পর্যন্ত তারা নীলফামারী শহরের তিন কিলোমিটার উত্তরে টুপামারী ইউনিয়নের দোগাছি, আলুপাড়া ও রামগঞ্জ এলাকায় বসবাস করত। লুটতরাজ, ডাকাতি ও অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরনের দস্যুতার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করত। তাদের নির্যাতনের ভয়াবহতায় মানুষজন সর্বদা আতঙ্কে থাকত।
নটরা কোন ধর্মের অনুসারী ছিল তা জানা যায় না। তবে তারা অগ্নি উপাসক ছিল বলেই সবার জোর ধারণা। এ অঞ্চলের হাজার হাজার মানুষ তাদের হাতে নিগৃহীত হয়েছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকেই, এমন কি প্রাণও গেছে অনেকের। দস্যু এই নটদের প্রধান টার্গেট ছিল জমিদার ও জমিদার বাড়ি। নটদের নিয়ে প্রচলিত আছে পৌরাণিক কাহিনীও।
নটদের অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকায় নির্যাতিত হাজার হাজার মানুষ ও জমিদারদের আবেদনের পরিপ্র্রেক্ষিতে বৃটিশ সরকার বর্তমান নীলফামারী সরকারি কুষ্ঠ হাসপাতালের কাছে পুলিশ ক্যাম্প স্থাপন করে। এই ক্যাম্পের মাধ্যমে নটদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। জীবিকা নির্বাহের জন্য দেওয়া হয় আবাদি জমি। কঠোর নজরদারির মধ্যে তাদের রাখা হয়, এমনকি সাধারণ মানুষের সাথে তাদের মিশতে দেয়া হত না। পুলিশ পাহারায় তাদের হাট-বাজারে নেওয়া হত। এদের মধ্যে শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হত। পুলিশ ক্যাম্পের পাশে এখনও মৃত্যুদণ্ড কার্যকরের সেই ফাঁসির মঞ্চটি রয়ে গেছে।
দীর্ঘ শৃঙ্খলিত জীবনযাপনের পর নটরা স্বাভাবিক জীবনে ফিরলেও তাদের সেই নির্যাতন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার স্মৃতি ধরে আছে নীলফামারীর নটখানায় ধ্বংস হতে হতে রয়ে যাওয়া একটি ইট-সুরকির দালান। নটখানার প্রায় দু’শ বছরের স্মৃতিবাহী এই দালানটি সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি একবারও।
