২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদী ভাঙ্গনের শিকার ইসলামপুরের ১২টি ইউনিয়ন

যমুনা-ব্রহ্মপুত্র বিধৌত অবহেলিত জনপদ পশ্চিম জামালপুরের ইসলামপুর। এ উপজেলার ১২টি ইউনিয়নের জনসংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এ বিশাল জনগোষ্ঠীর দুঃখ এখন রাক্ষুসী যমুনা-ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙ্গন। নদী ভাঙ্গনে গত ৩০ বছরে বিলীন হয়েছে গ্রামের পর গ্রাম, হাজার হাজার একর ফসলী জমি, রাস্তাঘাট, হাট-বাজার, মসজিদ, মন্দির, ব্রিজ-কালভার্ট, সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস-আদালতসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 11:15 AM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রায় ৩ যুগ ধরে যমুনা-ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙ্গনে উপজেলার মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়েছে নদী তীরবর্তী প্রায় শতাধিক গ্রাম, ৫০টি সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার একর ফসলী জমি, বহু রাস্তাঘাট পশ্চিমাঞ্চলের ৫টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। যমুনা গর্ভে তলিয়ে গেছে তাদের বসত ভিটা।

অপরদিকে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে উপজেলার পূর্বাঞ্চলে গোয়ালের চর, গাইবান্ধা, চর পুটিমারি ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ নদী গর্ভে হারিয়েছে তাদের বসত ভিটাসহ হাজার হাজার একর জমি। পৌর এলাকার পলবান্ধা, ফকির পাড়া গ্রাম দু‘টি ব্রহ্মপুত্রের অব্যাহত ভাঙ্গনে নিশ্চিহ্ন প্রায়। রাক্ষুসী যমুনা-ব্রহ্মপুত্রের ভাঙ্গনের শিকার প্রায় ২০ হাজার মানুষ পশ্চিমাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন উঁচু রাস্তার উপর চালা ঘর তুলে আশ্রয় নিয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ পার্শ্ববর্তী এলাকাসহ নদ-নদীর বুকে জেগে ওঠা বিভিন্ন চরাঞ্চলে খুপরি বেঁধে মানবেতর জীবনযাপন করছে। বাকিরা এলাকা ছেড়ে আশ্রয় নিয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর-বন্দরের বস্তিতে। আবার কেউ হাতে নিয়েছে ভিক্ষার ঝুলি। যমুনা-ব্রহ্মপুত্রের ভাঙ্গনের শিকার এ উপজেলার লক্ষাধিক মানুষের ৯০ ভাগই শিক্ষার আলো থেকে বঞ্চিত। মাত্র ১০ ভাগ শিক্ষিত মানুষ দেশের বিভিন্ন এলাকায় সরকারী-বেসরকারী চাকরী করে কোনও রকমে জীবনযাপন করলেও নদী ভাঙ্গনের শিকার ৯০ ভাগ অশিক্ষিত মানুষের ভাগ্যে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। লন্ডভন্ড হয়ে গেছে তাদের জীবন। আজ তারা নিঃস্ব যাযাবর। ভুখানাঙ্গা মানুষগুলো এখন নদীর বুকে জেগে ওঠা বিভিন্ন চরে এবং রাস্তাঘাটের পাশে চালাঘর ও খুপরি বেঁধে আশ্রয় নিয়ে অন্যের বাড়িতে দিনমজুরী করে, কেউ নদীতে মাছ ধরে জীবন নির্বাহ করছে। অধিকাংশ মানুষ চরাঞ্চলের নিু আয়ের ফসল কাউন, চিনাবাদামের চাষ করে একবেলা খেয়ে দু‘বেলা উপোস করে কোনও রকমে বেঁচে আছে। আবার যারা এলাকার মাটি ছেড়ে দেশের বিভিন্ন বস্তিতে বসবাস করছে, তারা কেউ ইট ভেঙ্গে, কেউ রিক্সা-ভ্যান চালিয়ে, কেউ বাস-ট্রাকের হেলপারী করে, গার্মেন্টসে কাজ করে দিনাতিপাত করছে। আবার কেউ বা ভিক্ষার ঝুলি হাতে পথে পথে ঘুরছে জীবিকার সন্ধানে। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা থেকে শুরু করে বিগত বছরের মহা প্রলয়ঙ্কারী বন্যা পর্যন্ত যমুনা ভাঙ্গনে পশ্চিমাঞ্চলের প্রায় সহস্রাধিক ধনাঢ্য প্রভাবশালী ব্যক্তি সর্বস্ব হারিয়ে পরিণত হয়েছে ভূমিহীন কৃষক, জেলে ও দিনমজুরে। যমুনার শিকার প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান দফায় দফায় স্থানান্তর করায় এখন সেগুলো পরিণত হয়েছে ছোট চালাঘরে অথবা পরিত্যক্ত ভবনে। সাপধরি, চর দিঘাইর, বেলগাছা, চিনাডুলি, কুলকান্দি, চর নন্দনের পাড়া, বৌসেরগড় ও রাজনগরসহ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। চলতি বছর বৈশাখের শুরুতেই পাহাড়ি ঢলে যমুনা যেভাবে ফুঁসে উঠছে, তাতে ঐতিহ্যবাহী গুঠাইল অঞ্চলের স্কুুল-কলেজ, মাদ্রাসা ও হাট-বাজারসহ প্রায় ৩‘শ কোটি টাকা মূল্যের সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ যমুনার ভাঙ্গনে নিশ্চিহ্ন হবার পথে। এছাড়াও কদমতলী, উলিয়া ও হাড়গিলা বাজার এলাকার প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা ভাঙ্গনের তান্ডবলীলায় আরও প্রায় ৩‘শ কোটি টাকা মূল্যের সম্পদ বিনষ্টের আশঙ্কা রয়েছে।

ভুখানাঙ্গা মানুষগুলোর চিকিৎসার জন্য চরাঞ্চলে নেই কোন হাসপাতাল। ভাঙ্গন এলাকায় কোন রাস্তাঘাট না থাকায় ডাক্তার স্বাস্থ্য সহকারী ও পরিবার-পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা ওইসব এলাকায় নিয়মিত পৌঁছতে পারছে না। ফলে ইসলামপুরের লক্ষাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সুবিধা বঞ্চিত।

ভাঙ্গন পীড়িত মানুষগুলো বন্যা নিয়ন্ত্রন বাঁধে রেল লাইনের ধারে, রাস্তায় ও চরাঞ্চলে খুপরি বেঁধে আশ্রয় নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। তাদের পরনে নেই কোন কাপড়, ঘরে নেই কোন কর্ম। তাদের ছেলেমেয়েরা শিক্ষা-চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারা যত্রতত্র মলত্যাগ করছে। প্রতিবছর ডায়রিয়ায় মারা যাচ্ছে অনেক শিশু-বৃদ্ধা।

বাসিন্দাদের অভিযোগ, যমুনা-ব্রহ্মপুত্র ভাঙ্গনরোধে দীর্ঘদিনেও কোন স্থায়ী ব্যবস্থা না নেয়ায় প্রতিবছর ইসলামপুরের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম ও ফসলী জমি। বালি চাপায় উর্বরতা হারিয়ে মাঠের পর মাঠ- বিস্তীর্ণ জমি অনাবাদী থাকছে বছরের পর বছর।