২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বীর বিক্রম ইব্রাহিম: দারিদ্রের কাছে পরাভূত যোদ্ধা

জীবনবাজি রেখে যুদ্ধ করে, গুলি খেয়ে আমাদের বাবা জাতিকে স্বাধীনদেশ এনে দিয়েছেন আর এখন সেই দেশেই তাকে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে। আর আমাদের খবরতো কেউ রাখেনা।- কথাগুলো ৭১ এ স্বাাধীনতা যুদ্ধের বীর সেনা সুবেদার মেজর ইব্রাহীমের(বীর বিক্রম) মেয়েদের।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

স্বাধীনতার ৩৩ বছর পরও এই যোদ্ধাকে তার পরিবার পরিজন নিয়ে অভাব অনটনের মধ্যে অর্ধপঙ্গু অবস্থায় প্রায় বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরতে হচ্ছে। সীমাহীন দারিদ্র্য আর রোগশোক  স্বাধীনতা যুদ্ধে তার বীরত্বের স্বীকৃতি ‘বীর বিক্রম’ খেতাবকে যেন চরম উপহাস করছে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামে মুক্তিযোদ্ধা  ইব্রাহীমের জন্ম। ১৯৫৯ সালে ৩১ মে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগ দেন। ৭১ এর স্বাধীনতা যুদ্ধে সরাসরি  অংশগ্রহণ করেন। ১৯৮৬ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত  বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার নিরাপত্তা পরিদর্শক হিসেবে কাজ করেন। তিনি স্বাস্থ্যগত অক্ষমতার কারণে সেখানকার কাজ থেকে অব্যাহতি পেয়েছিলেন। রোগশোকে এখন আর কথা গুছিয়ে বলতে পারেন না । তারপরও অনেক কষ্টে একাত্তরের কিছু স্মৃতি বর্ণনা করেন।

ইব্রাহিম বীরবিক্রম ১৯৭১ সালে যশোর সেনানিবাসে  সুবেদার হিসাবে কর্মরত ছিলেন। সেখান থেকে জানুয়ারিতে প্রথম বেঙ্গল রেজিমেন্টের সাথে রিলিফ আপারেশনে বরিশাল জেলার খেপুপাড়ায় যান। ইতোমধ্যে দেশে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে। দেশের অন্যান্য জায়গার মতো তাদের রেজিমেন্টেও নানা গুজব ছড়িয়ে পড়ে।

সেনাবাহিনীর সিনিয়র সদস্য হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সতর্ক করে দেয়। মার্চের ৩/৪ তারিখ তাদের  অর্থাৎ প্রথম বেঙ্গলকে এক্সারসাইজের জন্য যশোহর সেনানিবাসে ক্লোজ করা হয়। হঠাৎ এ আদেশে তাদের মধ্যে সন্দেহ ঘনিভূত হয়। ২৪  মার্চ সারাদিন এক্সারসাইজের পর  সন্ধ্যার দিকে  তাদের তুলে নিয়ে রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ দেয়ার পরিকল্পনা করা হয়। এটা বুঝতে পেরে কিছু সিনিয়র সেনা রাতের খাওয়া থেকে বিরত থাকে। মধ্যরাতে ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার সেলিম খানের তত্ত্বাবধায়নে প্রথম বেঙ্গলের অস্ত্রাগারের চাবি সরিয়ে ফেলা হয়। এ সময় তড়িৎ গতিতে বেঙ্গলের সদস্যরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এর একটু পরই বেঙ্গল রেজিমেন্টের ওপর অতর্কিত হামলা চালানো হয়। রেজিমেন্ট  প্রথমে  প্রতিরোধের কথা চিন্তা করলেও পরে ক্ষয় ক্ষতির কথা চিন্তা করে এ থেকে বিরত থাকে। এর পর সুবেদার ইব্রাহিম ভারত চলে যান।

পরবর্তীতে দেশে এসে সিলেট সেক্টরে বিভিন্ন রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে অবর্তীর্ণ হন। এ সময় তার হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়। সে আঘাতে এখনও তিনি স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারেন না। স্বাধীনতার পরবর্তীতে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর প্রতিমাসে ৮৯০ টাকা পেনশন ছাড়া  আর কোন সাহায্য তিনি পান নি।দুরারোগ্য হেমিপারকিনিজনিজম রোগে  আক্রান্ত  হয়ে বর্তমানে তিনি পঙ্গু। চিকিৎসকরা বলেছেন এ রোগের কোনও স্থায়ী চিকিৎসা নেই। তবে প্রতি মাসে আড়াই হাজার টাকা মূল্যের পাঁচটি করে  ওষুধ খেলে তিনি চলাফেরার জন্য কিছূটা শক্তি পাবেন। সংসারে আছে স্ত্রী, ছয় মেয়ে এবং এক ছেলে। দুই মেয়েকে কোনমতে বিয়ে দিতে পারলেও  বিয়েযোগ্য বাকি চার মেয়েকে অর্থাভাবে এখনও বিয়ে দিতে পারছেন না। দুকামরার নড়বড়ে থাকার ঘরটিও সংস্কার করা যাচ্ছে না।

মেয়েদের বিয়ে দেওয়া ও নিজের চিকিৎসার জন্য ইব্রাহীম বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীসহ বিভিন্ন জনের কাছে সাহায্য প্রার্থনা করেও কোন সাড়া পাননি। সরকারি সাহায্যের কথা বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এই বীর বিক্রম।

 আওযামী লীগ সরকার আমলে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে এক বান্ডিল টিন দেওয়া হয়। এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ১০ হাজার টাকা ও একটি পদক দেন।

বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একবার সংবর্ধনায় ১২ হাজার টাকা ও একটি পদক দেন। এছাড়া যুদ্ধাহত বীর বিক্রম হিসেবে এমনকি একজন সাধারণ মুক্তিযোদ্ধা  হিসেবেও সুবেদার মেজর (অব.)  ইব্রাহীম কোনও ভাতা পাননি। তার কাছে সংরক্ষিত সরকারি গেজেটে বীর বিক্রম হিসেবে তার নাম ঠিকানা স্পষ্ট লেখা থাকলেও বেগমগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কিংবা জেলা, উপজেলা প্রশাসন কখনও তার খবর নেয়নি।

ইব্রাহীম বীর বিক্রমের দ্বিতীয় মেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলেন, আর্থিক অনটনের কারণে সংসারই চলেনা। কিভাবে বাবার চিকিৎসা করাব। চিকিৎসার অভাবে তিনি দিনদিন দুর্বল হয়ে পড়ছেন। গত ১৫ বছর থেকে তার শরীরের ডান অংশ কাঁপে। ফলে স্বাভাবিক চলাফেরাও করতে পারেন না। যুদ্ধের সময গুলিবিদ্ধ হওয়ায় চিকিৎসার অভাবে তার ডান হাত ও পা অসাড় হয়ে হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।