টাঙ্গাইলে নবান্ন উৎসব শুরু
টাঙ্গাইলে নবান্ন উৎসব শুরু হয়েছে। নবান্নের উৎসবের সঙ্গে চলছে পিঠা উৎসব। বাঙালি সংস্কৃতিতে নবান্নকে ঘিরেই এসেছে একের পর এক সাংস্কৃতিক উৎসব।
এবার আমন ধানের বাম্পার ফলন হওয়ায় গ্রামে কম-বেশি হলেও নবান্নের আমেজ পড়েছে।
কৃষকদের বাড়ির আঙ্গিনায় চলছে ধান দলাই-মলাই, ঝাড়াই-বাছাইয়ের কাজ।
কৃষক বধূরাও ঢেঁকিতে ধান ভানার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। তারা নানারকম সুস্বাদু পিঠা তৈরি করছে।
গত বছর অতিরিক্ত খরা, বৃষ্টি ও বন্যাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষকের ঘর ছিল শূন্য। কিন্তু এবার আমনের বাম্পার ফলন হওয়ার ফলে গ্রাম বাংলার চিত্র পাল্টে গেছে।
কৃষকরা জানায়, চলতি মৌসুমে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় তারা সন্তুষ্ট।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর টাঙ্গাইল জেলায় ৩২ হাজার ৪০৮ হেক্টর জমিতে বোনা আমন ধানের চাষ করা হয়। রোপা আমন ধানের আবাদ হয়েছে এক লাখ আট হাজার ৩০ হেক্টর জমিতে।
এর মধ্যে উফসী জাতের ধান আবাদ হয়েছে ৭৪ হাজার ৮৪০ হেক্টর এবং স্থানীয় জাতের ৩৩ হাজার ১৯০ হেক্টরে।
চলতি মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ নয়শ’ হেক্টর। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত হাজার ১৩০ হেক্টর বেশি জমিতে ধানের চাষ করা হয়।
উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা দুই লাখ ২৫ হাজার ৩৫০ টনের বেশি হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
