এমিরেটস এয়ারলাইন্স ফাউন্ডেশন বাংলাদেশে ভাসমান হাসপাতাল পরিচালনা করবে
এমিরেটস এয়ারলাইন্স ফাউন্ডেশন বাংলাদেশে এমিরেটস ফ্রেন্ডশিপ হসপিটাল নামে একটি ভাসমান হাসপাতাল পরিচালনা করবে। এ ব্যাপারে ফ্রেন্ডশিপ নামে একটি এনজিও’র সঙ্গে এমিরেটস চুক্তিবদ্ধ হয়েছে।
বঞ্চিত শিশুদের সাহায্য করার জন্যে এ ফাউন্ডেশন সারা বিশ্বে দাতব্য চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছে। এই ভাসমান হাসপাতালটিও ফাউন্ডেশনের এ উদ্যোগের আওতাধীন।
এছাড়া এমিরেটস’র যাত্রীরাও এ ফাউন্ডেশনে অর্থ সাহায্য দিচ্ছেন।
ঢাকায় ভাসমান এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতালটির কাজ শেষ হবে ২০০৭ সালের মাঝামাঝি। এটি দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা মানবেতর জীবনযাপন করে, তাদের সাহায্যার্থে কাজ করবে।
বাংলাদেশের বিভিন্ন অবহেলিত, দুর্গম এলাকা এবং যেসব নদীতে নাব্যতা কম, সেখানে চলার উপযোগী করে ভাসমান এ হাসপাতালটি তৈরি করা হয়েছে।
নদীমাতৃক এদেশে প্রায় ২০ লাখ লোক নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে এবং এদের মধ্যে শতকরা ৪০ জনের বয়স ১৫ বছরের নিচে।
এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট এবং এমিরেটস এয়ারলাইন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান টিম ক্লার্ক বলে, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জনগণের চিকিৎসা সুবিধা অত্যন্ত প্রয়োজন; কারণ তারা মানবেতর জীবনযাপন করছে।
তিনি বলেন, এমিরেটস এয়ারলাইন্স ফাউন্ডেশন বাংলাদেশের এসব মানুষকে চিকিৎসা সুবিধা দিতে পেরে আনন্দিত।
তিনি আরও বলেন, আমাদের যেসব যাত্রী গত দুই বছর যাবত এ ফাউন্ডেশনের জন্য অর্থ প্রদান করে আসছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বস্তুতঃ তাদের সহযোগিতা ছাড়া এ উদ্যোগ নেওয়া সম্ভব হত না।
এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল ‘ফ্রেন্ডশিপ’ কর্র্তৃক পরিচালিত যা ঢাকার নদীতীরবর্তী এলাকাগুলোতে ২০০১ সালের ডিসেম্বর থেকে কাজ করে আসছে।
এ ফাউন্ডেশনটি এর আগে ‘ফ্রেন্ডশিপ’র আরও একটি প্রকল্প ‘লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল’কে সাহায্য করেছে। এ প্রকল্পটি কয়েক বছর ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।
এমিরেটস এয়ারলাইন্স ফাউন্ডেশনের অনুদানে ইউরোপ থেকে স্বেচ্ছাসেবক ডাক্তার ও চিকিৎসার যন্ত্রপাতি আনা হয়েছে। ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান বলেন, বাংলাদেশের মানুষের কাছে তাদের যন্ত্রণা অসহনীয় এবং আমাদের কাছে তা অগ্রহণযোগ্য।
তিনি বলেন, আমাদের মিশন হচ্ছে চিকিৎসা সুবিধা, মা ও শিশু যতœ, বিভিন্ন অপারেশন সুবিধা এবং স্বাস্থ্য, পুষ্টি ও বিভিন্ন রোগ প্রতিরোধমূলক শিক্ষা দিয়ে তাদের সাহায্য করা।
তিনি আরও বলেন, আমরা প্রায় দুই লাখ মানুষকে সরাসরি সহায়তা দিচ্ছি।
ভ্রাম্যমান এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতালে রুগীদের জন্য বিভিন্ন ওয়ার্ড, একটি অপারেশন থিয়েটার, একটি ডেলিভারি রুম, একটি ডেন্টাল ইউনিট, একটি চক্ষু সেবা ইউনিট, একটি ঔষধের দোকান এবং একটি এক্স-রে রুম রয়েছে।
ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর বেতনসহ প্রতিদিনের বিভিন্ন ব্যয় এ ফাউন্ডেশন বহন করবে যা এক বছরে দাঁড়াবে ১৫০,০০০ মার্কিন ডলার। ২০০৭ সালে এ হাসপাতালের কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
