‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’- প্রতিভা সন্ধানে দারুণ উদ্যোগ
চলমান সময়ে এনটিভি আয়োজিত দর্শকপ্রিয় প্রতিযোগিতামূলক সঙ্গীতানুষ্ঠান ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’- এর চূড়ান্ত রাউন্ডটি হয়ে গেল মহান বিজয় দিবসের রাতে।
সেরা তিন--এ পৌঁছুনো নোলক, বিউটি ও রাজিব প্রত্যেকেই শোনান একটি করে দেশাত্মবোধক গান। নিয়মিত তিন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী ছাড়াও শেষ রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সুরকার আলম খান।
একমাত্র আলম খান ছাড়া বিচারকদের মন্তব্যে এটি স্পষ্ট হয়ে ওঠে, তারা রাজিবের পক্ষেই রায় দিয়েছেন। এখন দর্শকদের পাঠানো এসএমএস--এর ভোটের ওপর নির্ভর করছে চূড়ান্ত রায়। ইতোপূর্বে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, দর্শকশ্রোতারা রাজিবের তুলনায় এগিয়ে রেখেছেন দরিদ্র পরিবার থেকে আসা দুই সঙ্গীত--বিত্তবান প্রতিনিধি নোলক ও বিউটিকে। যথাক্রমে লোকগান এবং লালনগীতিতে অসাধারণ প্রতিভাসম্পন্ন নোলক ও বিউটি প্রচলিত দেশপ্রেমের আধুনিক গান আত্মবিশ্বাসের সঙ্গে কণ্ঠে তুলে নেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছেন, এমনটি মনে হতে পারে অনেক দর্শকেরই। তবে সবধরনের গান সবাই সমান পারদর্শিতার সঙ্গে গাইতে পারবেন-- এই দাবিও অযৌক্তিক।
আরেকটি বিষয় লক্ষণীয়, রাজিবের জন্যে নির্ধারিত এবারের গানটি (সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি) নোলক ও বিউটির জন্যে নির্ধারিত গানের তুলনায় অপেক্ষাকৃত সরল। নোলকের কণ্ঠে সুরসমৃদ্ধ গান ‘মাগো ভাবনা কেন’ উপভোগ্য হয়েছে। অন্যদিকে বিউটি ‘হায়রে আমার মন মাতানো দেশ’ গানটিও নিজস্ব গায়কীতে পরিবেশন করেন।
নোলক, বিউটি বা রাজিব যে--ই আসুক না কেন শীর্ষে, এরা প্রত্যেকেই বিপুল সংখ্যক দর্শক--শ্রোতার মনের গভীরে আসন করে নিতে পেরেছেন। প্রতিযোগিতার সেরা ১১--র বাকি আটজনও দর্শকনন্দিত হয়েছেন।
ভারতীয় একটি চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল’--এর আদলে পরিকল্পিত এনটিভির এ অনুষ্ঠানটি অনেকাংশেই সফল। যদিও কর্তৃপক্ষের এসএমএস--এর ভোট সংগ্রহ ও গণনার পদ্ধতিটি সর্বাংশ--স্বচ্ছ নয়। তারপরও সঙ্গীতক্ষেত্রে প্রতিভা অনুসন্ধানের এ কার্যক্রম অনুসরণে সৃজনশীলতার ভিন্ন শাখায়ও প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানের বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল সেরকমই একটি আহ্বান জানালেন দেশের বিত্তবান প্রতিষ্ঠানসমূহের প্রতি।
