২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার দক্ষিণ ডিহি ’পাপড় গ্রাম’ নামে পরিচিত

খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুুরের শ্বশুর বাড়ির গ্রাম হিসেবে সারাদেশে সমধিক পরিচিত হলেও এ গ্রামের আরও একটি পরিচয় রয়েছে। গ্রামটি এখন পাপড় তৈরির জন্য বিশেষভাবে পরিচিত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 09:59 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা এসব পাপড় প্রতিদিন সরবরাহ করা হচ্ছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত । আর এ পাপড় তৈরি করে স্বাবলম্বী হয়ে উঠেছেন গ্রামের এক হাজার নারী পুরুষ। ‘পাপড় গ্রাম’ নামে বর্তমানে গ্রামটি পরিচিত হয়ে উঠেছে।

দক্ষিণ ডিহি গ্রামের হরিতলা, তমালতলা ও তরতিবপুর গ্রামের প্রায় প্রতিটি পরিবারেই তৈরি হচ্ছে পাপড়। সকাল থেকে শুরু করে রাত অবধি চলে পাপড় তৈরি, শুকানো এবং প্যাকেটে ভরার কাজ। তবে আবহাওয়া খারাপ থাকলে সেদিন কাজ বন্ধ থাকে।

গ্রামবাসীরা বিডিনিউজকে জানান, পাপড় অত্যন্ত মুখরোচক হওয়ায় উৎপাদনের সাথে সাথে তা বিক্রিও হয়ে য়ায়। কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত এবং বিভিন্ন উৎসব পার্বনে পাপড়ের চাহিদা থাকে সবচে’ বেশি।

তারা আরও জানান, ব্রিটিশ আমলের শেষদিকে এ গ্রামের কিছু হিন্দু পরিবার শখের বশে পাপড় তৈরি করতো। ক্রমান্বয়ে তা সম্প্রসারিত হয় গ্রামের প্রায় প্রতিটি পরিবারে। এখন তা তৈরি হচ্ছে বাণিজ্যিকভাবে।

গ্রামের মুকুল হোসেন (৩৫) পাপড় তৈরি সম্পর্কে বিডিনিউজকে বলেন, মাষকলাই, খেসারি কিংবা বুটের ডালের মিহি গুড়োর সাথে চালের গুড়ো মিশিয়ে তৈরি করা হয় মন্ড। পরে এই মন্ড থেকে ছোট ছোট গুটি বেলুন দিয়ে বেলে তৈরি করা হয় পাপড়। পরে তা রোদে শুকিয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।

পঙ্গু স্বামী, একছেলে ও দুই মেয়ে নিয়ে পূর্ণিমা রানী কুন্ডুর (৪২) সংসার। পাপড় তৈরির টাকা দিয়ে সংসার ও ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালান তিনি।

তিনি বলেন, প্রতিদিন একাই গড়ে দুই থেকে আড়াই হাজার পিস পর্যন্ত পাপড় তৈরি করি। ফুলতলা বাজারে তা বিক্রি করে গড়ে ৫০/৫৫ টাকা থাকে।

কিন্তু বর্তমানে ডাল ও চালের দাম বেড়ে যাওয়ায় লাভ অনেকটাই কমে গেছে।

সোমা কুন্ডু (৩৫), প্রভাতী কুন্ডু (৩৮) ও পুষ্প কুন্ডু (২৮) স্বামীর আয়ের সাথে নিজের পাপড় তৈরির আয় যোগ করে আর্থিক স্বাচ্ছন্দ্য এনেছেন নিজ নিজ সংসারে।

তারা জানান, সমস্ত উপকরণ মহাজনের। আমরা শুধু পাপড় তৈরি করে দেই। এজন্য প্রতি হাজার পাপড়ে আমরা পাই ১৪/১৫ টাকা।

সরেজমিনে গিয়ে জানা যায়, দক্ষিণ ডিহি গ্রামে মহাজন আছেন ৫০ জন। প্রত্যেক মহাজনের অধীেেন ১০ জন থেকে শুরু করে ২০ জন মহিলা পাপড় তৈরির কাজ করেন। মহাজন আনন্দ দত্তের (২৭) অধীনে পাপড় তৈরি করেন ২০ জন মহিলা।

তিনি বলেন, বর্তমানে ২৭/২৮ টাকা কেজির ডাল ৩৬ টাকা দিয়ে কিনতে হচ্ছে। অথচ উৎপাদিত পাপড় বিক্রি করতে হচ্ছে আগের দামেই।

তিনি বলেন, স্থানীয় ফুলতলা, নওয়াপাড়া, খুলনার মোকাম ছাড়াও এ পাপড় ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোরের মোকামে বিক্রি করি। এক কেজি মন্ডে ৯০ থেকে ১০০ পিস পাপড় তৈরি হয়। প্রতি কেজি পাপড়ের উৎপাদন ব্যয় ২৪/২৫ টাকা এবং তা বিক্রি হয় ২৬/২৭ টাকা দরে।

ভ্যান চালকের স্ত্রী স্বপ্না রাণী বিশ্বাস (৩২) তার তিন মেয়ের লেখাপড়ার পাশাপাশি সংসারের সকল ব্যয় নির্বাহ করেন স্বামীর আয় এবং পাপড় তৈরি করে।

তিনি বলেন, প্রতি মাসে পাপড় তৈরি করে পাঁচ/ছয়শ’ টাকা আয় করি। এতে করে নিজের সময়টাও কেটে যায় আবার সংসারের খরচটাও চলে যায়।