বার্ড ফ্লু: এক আতঙ্কের নাম
বার্ড ফ্লু, এক আতঙ্ক। ব্রিটেনের কোয়ারানটাইনে টিয়ে পাখির শরীরে বার্ড ফ্লু’র ভাইরাস খুঁজে পাওয়ার পর এ বিষয়ে আতঙ্ক আরো বেড়েছে। ওয়াইল্ড বার্ডের আক্রান্তের খবর এটাই প্রথম। এসব পাখি বনে বাদারে ঘুরে ফল মুল খায়।
এক পাখি থেকে অন্য পাখির শরীরে, এভাবে এক বন থেকে অন্য বনে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সেখান থেকে গৃহপালিত হাঁস মুরগীর আক্রান্তের সম্ভাবনা অনেক বেশি। যেসব অতিথি পাখি শীতের দেশগুলো থেকে অপেক্ষাকৃত উষ্ণতার আশায় বাংলাদেশে আসে সেগুলো নদীতে বা জলাশয়ে অবস্থান করে, এগুলোর সাথে গৃহপালিত হাঁস মুরগীর সংক্রমনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম ছিলো কিন্তু টিয়ে পাখি বা কবুতরের বার্ড ফ্লু আক্রান্ত হওয়া বাংলাদেশসহ গোটা বিশ্বের জন্যেই ভাবনার বিষয়।
কবুতরের বার্ড ফ্লু
২১ অক্টোবরের খবরে অস্ট্রেলিয়ার কোয়ারানটাইনে একশ’ দুইটি কবুতরের দেহে বার্ড ফ্লু ভাইরাস ধরা পড়ার পর এ ব্যাপারে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিদর্শকরা জানিয়েছেন কানাডা থেকে আমদানি লটের মধ্যে তিনটি কবুতরের মধ্যে বার্ড ফ্লু এন্টিবডিজ পজিটিভ ধরা পড়েছে।
তবে অস্ট্রেলিয় কোয়ারানটাইন ও পরিদর্শন বিভাগের মুখপাত্র ফিনলেসন অবশ্য বলেছেন, এসব পাখির কারণে মানুষের শরীরের জন্যে কোন ঝুঁকির কারণতো নেইই, পাখিরও ঝুঁকি নেই। কারণ, কোয়ারানটাইনে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে এসব আক্রান্ত পাখি।
কোয়ারানটাইনে রেখে আমদানিকৃত পাখি বা হাঁস মুরগীগুলো পরীক্ষা করে তবেই বাজারে ছাড়া হচ্ছে। এমনটা ঘটছে বিশ্বের উন্নত দেশগুলোর প্রায় সর্বত্রই। আর এইসব কোয়ারানটাইনে ধরা পড়ছে বার্ড ফ্লু’র জীবানু আক্রান্ত পাখি। কিন্তু এ ব্যবস্থা কি সত্যিই নিরাপদ। এর ওপর ভরসা করে কি বসে থাকার কোও উপায় আছে?
যুক্তরাজ্য সিরিয়াস
টিয়ে পাখির শরীরে বার্ড ফ্লু পজিটিভ ধরা পড়ার পর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নকে আহবান জানিয়েছে যাতে বিশ্বের কোনও দেশ থেকে এ ধরনের বন্য পাখি আমদানি নিষিদ্ধ করে দেয়া হয়। দক্ষিণ আমেরিকা থেকে আনা ওই পাখিটি সম্প্রতি ব্রিটেনের কোয়ারানটাইনে মারা যায়। ব্রিটেনের পশু কল্যাণ মন্ত্রী বেন ব্রাড শ বলেছেন, তার সরকার আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় কমিশনকে অনুরোধ জানিয়েছে যত দ্রুত সম্ভব এ বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করতে।
তবে গৃহপালিত হাঁস-মুরগী আমদানি বন্ধ করা হচ্ছে না।
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই অবশ্য যেসব দেশে এভিয়ান ফ্লু তীব্র আকার ধারণ করেছে সেসব দেশ থেকে কোনও ধরনের পোল্ট্রি আমদানি নিষিদ্ধ করেছে। এর মধ্যে রয়েছে রুমানিয়া, তুরস্ক ও থাইল্যান্ড।
ব্রাড শ’ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা আশা করি বন্য পাখি আমদানি নিষিদ্ধ করার ব্যাপারে গোটা ইইউ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে এবং স্বল্প দিনের মধ্যেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। তিনি বলেন, টিয়ে পাখিটি মারা যাওয়ার আগে থেকেই আমাদের এ ব্যাপারে ভাবা উচিত ছিলো।
ব্রিটিশ প্রাণীবিদরা যদিও পরীক্ষা নীরিক্ষা করে দেখছেন দক্ষিণ আমেরিকার সুরিনাম থেকে আসা পাখিটির এইচ৫এন১ ভাইরাস আক্রান্ত ছিলো কি না। কিন্তু পরিসংখ্যান বলছে ইতোমধ্যেই এ ভাইরাসে এশিয়াতে ৬০ জন মানুষের মৃত্যু হয়েছে।
হুমকি সংক্রান্ত মিশ্র বক্তব্য
গোটা বিশ্বেই এখন বার্ড ফ্লুু সংক্রান্ত হুমকির বিষয়ে মিশ্র বক্তব্য পাওয়া যাচ্ছে। প্রাণী ও পরিবেশবিদরা বলছেন বিপদ অত্যাসন্ন কিন্তু অন্যপক্ষ বলছেন, না, অতটা ভয়ের কিছু নেই। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি।
যুক্তরাষ্ট্রে এমনই মিশ্র সিগন্যাল দেওয়া হয়েছে বার্ড ফ্লু’র ভয়াবহতা সম্পর্কে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, আর দেরি নয়, বার্ড ফ্লু’র প্রতিষেধক তৈরি কর এবং তা সর্বত্র সরবরাহ করো। কিন্তু তার স্বাস্থ্যমন্ত্রী বার্ড ফ্লু মহামারি আকারে দেখা দিতে পারে এমন সম্ভাবনাই উড়িয়ে দিয়েছেন। তবে সংবাদ মাধ্যমের খবরা খবরে দেখা গেছে যুক্তরাষ্ট্র্রের প্রস্তুতি সামান্যই। সমস্যা মোকাবেলায় গুটিকয়েক বৈঠক ছাড়া তেমন কোনও উদ্যোগ নেই।
তবে দ্য নিউ স্ট্রেইট টাইমস লিখেছে, প্রেসিডেন্ট বুশ মার্কিন ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠানগুলো সাথে বৈঠক করে এইচ৫এন১ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্যে আহবান জানাবেন।
পরিসংখ্যান ভয়াবহ
২০০৩ সালের শেষ নাগাদ এ ঘাতক ভাইরাস ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত কয়েক কোটি পাখি, হাস মুরগী মেরে ফেলা হয়েছে। ১০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে মারা গেছে কমপক্ষে ৬০ জন।
গত শতাব্দীতে তিন দফা এ ধরনের মারাত্মক বার্ড ফ্লু দেখা দিয়েছে। এর মধ্যে ১৯১৮ থেকে ১৯১৯ সাল এ দু বছরে স্প্যানিশ ফ্লু’র অবস্থা ছিলো ভয়াবহ। সেবার ৫ কোটি মানুষ মারা গেছে এ ভাইরাসে। ১৯৫৭-৫৮ সালে ছড়িয়ে পড়া এশিয়ান ফ্লুতে মারা গিয়েছিলো ১০ লাখ মানুষ। ১৯৬৮-৬৯ এ ছড়িয়ে পড়ে হংকং ফ্লু, যাতে প্রাণ হারায় সাত লাখ মানুষ।
এবারের এভিয়ান ফ্লু’র এইচ৫এন১ ভাইরাস পূর্ববর্তী যে কোনওটার চেয়ে মারাত্মক এ কারণে যে, এ ভাইরাস খুব সহজেই মানব শরীরকেও আক্রান্ত করতে পারে।
ভবিষ্যতবাণী ভয়াবহ
বিশেষজ্ঞরা বলেছেন, গোটা বিশ্বে এ ভাইরাস ছড়িয়ে পড়তে কয়েক মাসের বেশি লাগবে না এবং এতে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে।
ভাইরাসটির পেছনে পেছনে ছুটছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। যেখানেই আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, বিজ্ঞানীরা ভাইরাসের স্যাম্পল নিয়ে পাঠিয়ে দিচ্ছেন পরীক্ষাগারে, প্রতিকার আবিষ্কারের আশায়।
স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলেছেন, মানব শরীরে ভাইরাসটি ব্যাপকহারে সংক্রমণের আগেই তা প্রতিরোধ করতে না পারলে গোটা মানব সভ্যতাকেই তার মূল্য দিতে হবে।
প্রতিষেধক তৈরিতে মেধাসত্ত্ব প্রত্যাহার
জাতিসংঘ মহাসচিব অবশ্য ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে জাতিসংঘ এ ভাইরাস প্রতিষেধকের ওপর মেধাসত্ত্ব উঠিয়ে নিয়ে যে কাউকে তা প্রস্তুতের সুযোগ করে দিতে কুণ্ঠাবোধ করবে না। তিনি বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে আমাদের একটি বিষয় স্পষ্টতই অনুধাবন করা দরকার, এ ভাইরাসের প্রতিষেধক যেন ধনী গরীব সকলের কাছে সহজলভ্য হয়। এ লক্ষ্যে তিনি ধনী দেশগুলোর ওযুধ প্রস্তুতকারীদের প্রতি যত বেশি করে সম্ভব প্রতিষেধক তৈরি করার আহবান জানান।
উৎসস্থলেই প্রতিকার দরকার
প্রাণীবিদ ও চিকিৎসকরা বলেছেন, উৎস পর্যায়েই বার্ড ফ্লু প্রতিরোধ করতে হবে। তারা বলেছেন, মানব দেহে মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগেই ভাইরাসের উৎস খুঁজে বের করে সেখানেই এর সমাধান করা প্রয়োজন। ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যনিম্যাল হেলথ এর শীর্ষ কর্মকর্তা আলেজেন্দ্র থিয়েরম্যান বলেন, এন্টি ভাইরাল ড্রাগ বা প্রতিষেধক উৎপাদনে যতটা মাতামাতি দেখা যাচ্ছে, তার তুলনায় পাখিদের মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়ার প্রবণতা রোধে খুব কমই আগ্রহ দেখা যাচ্ছে।
এশিয়ার পাখি খামারগুলোতে অনেক বেশি গুরুত্বের সাথে নজর দেওয়ার জন্যে ধনী দেশগুলোর প্রতি আহবান জানান তিনি। থিয়েরম্যান বলেন, আমাদের এই দেশগুলোর গণস্বাস্থ্য ও পশুস্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে জোর দিতে হবে। আর এভাবেই উৎসস্থলে আমরা ভাইরাস দমনে কাজ করতে পারবো।
বাংলাদেশ প্রসঙ্গ
বার্ড ফ্লু নিয়ে বাংলাদেশের আতঙ্ক বিশ্বের অন্যান্য দেশের মতোই। আমাদের দেশে এ পর্যন্ত বার্ড ফ্লু’র নজির মেলেনি কিন্তু এশিয়ান দেশগুলোতে তা ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে সেসব দেশ থেকে মুরগী আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বন্য পশু পাখির মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষত শীত আসন্ন এবং শীতে কোটি কোটি অতিথি পাখি বাংলাদেশে আসে অপেক্ষাকৃত উষ্ণতায় কাটানোর লক্ষ্যে। এ পাখির যাত্রা সভ্যতার সমান এবং এসব পাখি অতিথির মতোই ভালোবাসা পায় বাংলাদেশের মানুষের। কিন্তু এবারের অতিথি পাখিদের স্বাগত জানানো অনেকটাই হীতে বিপরীত হয়ে যেতে পারে। অতিথি পাখিদের আগমন ঠেকানোর কোনও উপায় নেই, এবং তা করাও ঠিক হবে না। কিন্তু এসব পাখি থেকে আমাদের গৃহপালিত হাঁস মুরগীর শরীরে ভাইরাস আক্রান্তের উদ্বেগ ক্রমেই দৃঢ় হচ্ছে।
বার্ড ফ্লু সম্পর্কিত কিছু সাধারণ প্রশ্ন ও তার উত্তর
বার্ড ফ্লু কি?
বার্ড ফ্লু’র আরেক নাম এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ফ্লু’র ১৫ ধরনের জীবাণু পাখিদের আক্রান্ত করতে পারে, কিন্তু এর মধ্যে এইচ৫এন১ নামের একটি জীবাণু সবচেয়ে আতঙ্কের। এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ানো পাখিদের দ্বারা এ জীবাণু ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে স্থানীয় হাঁস-মুরগী ও পাখিদের মাঝে ব্যাপক হারে দেখা দেয়। এবারে প্রথম ভাইরাসটি ব্যাপক হারে দেখা দেয় দক্ষিণ পূর্ব এশিয়ায়, সেখান থেকে রাশিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তুরস্ক এবং বর্তমানে অস্ট্রেলিয়ায় এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।
কিভাবে এ ভাইরাস মানব দেহে সংক্রমিত হয়?
প্রায় শতাব্দীকাল আগে ইতালিতে প্রথম এভিয়ান ফ্লু দেখা যায়। ১৯৯৭ সাল পর্যন্ত মানুষের ধারণাও ছিলো না এ ভাইরাস মানবদেহে সংক্রমিত হতে পারে। সেবছরই প্রথম হংকংয়ে মানব দেহে এইচ৫এন১ এর অবস্থান নিশ্চিত করা হয়। বর্তমান সংক্রমণে শতাধিক এশীয় মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত কমপক্ষে ৬০ জনের প্রাণহানি ঘটেছে। মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভাইরাসটি মানবদেহে প্রবেশ করে। এটি কোনও খাদ্যজাত ভাইরাস নয়। সুতরাং মুরগী যদি সঠিকভাবে রান্না করা হয় তা হলে তা থেকে ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই।
বার্ড ফ্লু’র লক্ষণ কি কি?
বার্ড ফ্লু’র ভাইরাস আক্রান্ত মানুষের সাধারণ লক্ষণ সর্দি, কাশি হলে যেমনটা হয়, ঠিক তেমনই। যেমন জ্বর, কফ, গলা ব্যাথা, শরীর ব্যাথা, জোড়াগুলোতে ব্যাথা, নিউমোনিয়া এবং অন্য যেকোন শ্বাস-প্রশ্বাস জনিত কষ্ট।
ঝুঁকি:
বর্তমানে কেবল পাখি থেকে খুব সহজেই মানব শরীরে এইচ৫এন১ সংক্রমিত হতে পারে না। আক্রান্ত ব্যক্তিকে পাখিদের থেকে ব্যাপক পরিমানে ভাইরাস গ্রহণ করতে হয়। আর এগুলো সহজে মানবদেহ থেকে মানবদেহে সংক্রমিত হতে পারে না। এ পর্যন্ত এ ধরনের তিনটি সন্দেহভাজন ঘটনা ঘটেছে থাইল্যান্ড, হংকং ও ভিয়েতনামে।
উদ্বেগ কেন?
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে এইচ৫এন১ ভাইরাস স্বাভাবিক মানব ফ্লু ভাইরাস থেকে জিন নিয়ে নিতে পারে। তখন এ দুটো মিলে অনেক বেশি ঘাতক এবং সংক্রামক হয়ে উঠে। যারা ইতোমধ্যে সাধারণ ফ্লুতে আক্রান্ত তারা কোনও না কোনওভাবে বার্ড ফ্লু’র সংযোগে এলেই মারাত্মক পরিণতি বরণ করে নিতে বাধ্য।
অতীতের মহামারিগুলো কেমন ছিলো?
গত শতাব্দীতে তিন দফা এ ধরনের মারাত্মক বার্ড ফ্লু দেখা দিয়েছে। এর মধ্যে ১৯১৮ থেকে ১৯১৯ সাল এ দু বছরে স্প্যানিশ ফ্লু’র অবস্থা ছিলো ভয়াবহ। সেবার ৫ কোটি মানুষ মৃত্যুবরণ করেছে এ ভাইরাসে, যা দুই দশকে ঘাতক ব্যাধি এইচআইভি/এইডস আক্রান্ত হয়ে মৃত্যুবরণের মোট সংখ্যার চেয়েও বেশি। ১৯৫৭-৫৮ সালে ছড়িয়ে পড়েছিলো এশিয়ান ফ্লু, যাতে মারা গিয়েছিলো ১০ লাখ মানুষ। ১৯৬৮-৬৯ এ ছড়িয়ে পড়ে হংকং ফ্লু, যাতে মারা যায় সাত লাখ মানুষ।
ভবিষ্যতে কি হতে যাচ্ছে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে আরেক দফা মহামারি এখন সময়ের ব্যাপার মাত্র। বর্তমানে মানুষ যে হারে স্থানান্তরিত হচ্ছে তাতে স্প্যানিশ ফ্লু’র রেকর্ড ছাড়িয়ে যাওয়া খুবই সহজ ও স্বাভাবিক।
মানব সভ্যতার প্রস্তুতি
দেশগুলোকে ইতোমধ্যেই এন্টিভাইরাল ড্রাগ মজুদ করার জন্য বলা হয়েছে। এছাড়া কড়া নজরদারি এবং আক্রান্ত হলে নিজস্ব প্রতিকার পদ্ধতি তৈরি জন্যে বলা হয়েছে। যত দ্রুততার সাথে সম্ভব প্রতিষেধক তৈরি করে রাখা এবং তা ধনী গরীব সকল শ্রেণীর কাছে সহজলভ্য করে তোলা প্রয়োজন। কোনও কোনও দেশ ইতোমধ্যেই যারা সাধারণ ফ্লুতে আক্রান্ত তাদের প্রতিষেধক নিয়ে নেয়ার পরামর্শ দিচ্ছে, যাতে যুগপৎ সংক্রমণ এড়ানো যায়। আন্তজার্তিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের সর্বত্র তথ্য জানানো এবং ঝুকি সম্পর্কে সচেতন করে তোলার কাজ চালিয়ে যাচ্ছে।
প্রতিষেধক
ভাইরাসটির বিরুদ্ধে কোনও সুনির্দিষ্ট প্রতিষেধক নেই। কারণ কেউই জানে না, ভাইরাসটির মূল ধাচ কি হতে পারে। কিছু প্রোটোটাইপ দেখানো হচ্ছে কিন্তু তাও হয়তো আংশিক কাজে লাগবে কিংবা মোটেই কাজে না লাগতে পারে। কারণ ভাইরাস তার আকার পরিবর্তন করতে পারে কিংবা এন্টিবডিজ-এ তা কার্যকর না হতে পারে।
ওষুধ
এন্টি ভাইরাল ওষুধের আবিস্কার এ পর্যন্ত কমই হয়েছে। আর যখন বার্ড ফ্লু’র প্রশ্ন তখন তো একেবারে নেই বললেই চলে। এ ক্যাটাগরির ইনফ্লয়েঞ্জা ভাইরাসেরচার ধরনের এন্টি ভাইরাল রয়েছে, যাতে এইচ৫এন১ একটি সাবগ্রুপ মাত্র। ওই চারটির মধ্যে এ্যামানটেডিন ও রিম্যানটেডিন নামে দুটি এন্টি ভাইরাল এইচ৫এন১ এর বিরুদ্ধে কার্যকর। অসুস্থ হয়ে পড়ার পর এ ওষুধ গ্রহণ করলে রোগ প্রশমিত হতে পারে এবং অসুস্থতা কমিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর মতে ওষুধ দুটির এইচ৫এন১ এর বিরুদ্ধে কাজ করার সম্ভাবনা রয়ছে। কিন্তু তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
উৎস: ডব্লিউএইচও, সিডিসি, এনআইএআইডি, ওআইই।
স্প্যানিশ ফ্লু ভাইরাস ও এশিয়ান ফ্লু ভাইরাস একই ধরনের
বিজ্ঞানীরা বলেছেন, তারা ১৯১৮ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া স্প্যানিশ ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেছেন এবং বুঝতে শুরু করেছেন ভাইরাসটির ধরণ ধারণ এবং এর আক্রমনাত্মক প্রভাব সম্পর্কে। তারা দেখেছেন উভয় ভাইরাস অনেকটা একই রকম।
কিভাবে এটা সম্ভব হলো:
১. ১৯১৮ সালের ফ্লুতে মৃত এক নারীর দেহাবশেষ থেকে জিন সংগ্রহ করা হয়।
২. নিউ ইয়র্কের এক দল গবেষক অনুবিক্ষনীয় ভাইরাসের মতো দেখতে প্লাসমিড নামের এক ধরনের জিন তৈরি করতে রিভার্স জেনেটিক ব্যবহার করেন।
৩. পুনর্গঠনের চূড়ান্ত স্তরে প্লাজমিডগুলো আটলান্টার সিডিসিত পাঠানো হয়।
৪. বিজ্ঞানীরা প্লাজমিডগুলো কিডনি সেলে ঢুকিয়ে দেন। এবং তার সাথে সাথেই ভাইরাস নিজে নিজেই ক্রিয়াশীল হয়ে ওঠে।
ফাইন্ডিংস
১. বিজ্ঞানীরা সনাক্ত করেছেন, ফুসফুসের মারাত্মক রোগ সৃষ্টিতে ভাইরাসটি কাজ করে।
২. যখন তারা ভাইরাসটির হেমাগ্লাটিনিন নিয়ে একটি আধুনিক ফ্লু’র সাথে প্রতিস্থাপন করেন তখন যে ভাইরাসটির জন্ম নেয় সেটি অতটা জোরদার ছিলো না।
৩. অস্বাভাবিক পরিস্থিতিতেও ভাইরাসের নিউরামিনিডেজ নিজে নিজেই প্রতিরূপ ধারণ করতে পারে।
৪. পাখির ডিম্বানুতে ভাইরাসটি ইনজেক্ট করে বিজ্ঞানীরা দেখেছেন ডিম্বানুগুলো মরে গেছে। ঠিক যেমনটা এশিয়ান বার্ড ফ্লু’র ক্ষেত্রে ঘটছে।
