অর্থনৈতিক অঞ্চলে কাতারকে চাইলেন শেখ হাসিনা
কাতারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাতারকে জমি দেওয়ার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশটি তাদের বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য বৃহত্তর পরিসরে বিনিয়োগ করতে এসব অঞ্চলে জমি নিতে পারে।
সোমবার বিকালে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন স্মাইখ আল মারি গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা বলেন, চীন, জাপান, ভারত ও কোরিয়া ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চলে জমি নিয়েছে এবং সেখানে শিল্প স্থাপনের জন্য কাজ করছে।
জ্বালানি খাতে দেশটির সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা বর্তমানে কাতার থেকে এলএনজি আমদানি করছি এবং এ খাতে আমাদের আরও সহযোগিতা প্রয়োজন।”
কাতারের মন্ত্রী জ্বালানি ও চিকিৎসা খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন।
একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার সময় প্রধানমন্ত্রী কাতার থেকে সার আমদানির আগ্রহ প্রকাশ করেন।
তিনি বলেন, ঘনিষ্ঠ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে কাতারের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ অগ্রাধিকার দেয়।
রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা বলেন, “২০১৭ সাল থেকে প্রায় ১১ লাখ রোহিঙ্গা জোরপূর্বক বাংলাদেশে আশ্রয় নিয়েছে, যা এখন বাংলাদেশের জন্য একটি বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে।”
এ বিষয়ে কাতারের কাছে সহায়তা চেয়ে তিনি বলেছেন, “ইসলামিক সম্মেলন সংস্থা (ওআইসি) এই ইস্যুতে বাংলাদেশকে সহায়তা দিচ্ছে।
“বাংলাদেশ ইতোমধ্যে ৩০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করেছে।”
বাংলাদেশে করোনাভাইরাস এখন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “তবে, আমরা খুব সতর্ক আছি।”
ড. মারি তার দেশের আমির ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। কাতারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।
দেশটির শ্রমমন্ত্রী বলেন, জনবল ইস্যুতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস ছালেহীন, কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন, বাংলাদেশে কাতারের চার্জ ডি' অ্যাফেয়ার্স সাঈদ আল সামিখ বৈঠকে উপস্থিত ছিলেন।
