ব্যাংক ঋণে ক্রেডিট রেটিংয়ে ছাড় নতুন বছরেও
২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথম এ সুবিধা দেওয়া হয়।
ঋণ দিতে গ্রাহকের ঝুঁকির মান নির্ধারণে ব্যাংকগুলোকে ক্রেডিট রেটিংয়ে দেওয়া ছাড়ের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
বুধবার এ বিষয়ে সাকুর্লার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ব্যাংকের ঋণ গ্রহীতাদের বিদ্যমান আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে ব্যাংকিং খাত হতে প্রয়োজনীয় ঋণ সুবিধা প্রদানসহ বিদ্যমান ঋণ নবায়ন অব্যাহত রাখতে এ সময়সীমা বাড়ানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত এ সুবিধা পাওয়া যাবে। নতুন ঋণ ও পুরনো ঋণ নবায়নের ক্ষেত্রে এ সুবিধা বহাল থাকবে।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে দেশের অর্থনীতির বিভিন্ন খাত পর্যুদস্ত হওয়ায় ২০২৩ সাল পর্যন্ত রেটিং সুবিধা শিথিল করেছিল বাংলাদেশ ব্যাংক।
তখন বলা হয়েছিল, ২০২০ ও ২০২১ সালে ব্যবসায়িক কার্যক্রম আগের মতো স্থিতিশীল না থাকা, শিল্প/ব্যবসা/সার্ভিস খাতের কিছু কিছু প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর চিত্র অপেক্ষাকৃত খারাপ/দুর্বল হওয়ায় সেগুলো নতুন ঋণ গ্রহণ বা আগের ঋণ নবায়নে সমস্যার সম্মুখীন হচ্ছে। যে কারণে এ সুবিধা দেওয়া হয়।
ঋণ ঝুঁকি বের করতে গ্রহীতার আর্থিক অবস্থা মূল্যায়নে ২০১৮ সালের অক্টোবরে ‘গাইডলাইনস অন ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম’ নামে নীতিমালা করে বাংলাদেশ ব্যাংক।
এতে গ্রাহকের আর্থিক ঝুঁকি কতটা আছে তা দেখতে বিভিন্ন সূচকের বিপরীতে মোট ১০০ নম্বর দিতে বলা হয় ব্যাংকগুলোকে। এ নম্বর বলে দেয় প্রস্তাবিত ঋণটির ঝুঁকি কতটা আছে।
গ্রাহকের ঋণ পরিশোধের ইতিহাস, সামর্থ্য, আর্থিক অবস্থা, নগদ অর্থের প্রবাহ, মুনাফার প্রবৃদ্ধি, পুরনো ঋণ, ব্যাবসায়িক দক্ষতা, সংশ্লিষ্ট ব্যবসায়িক খাতের পরিস্থিতি, ব্যবস্থাপনায় নিয়োজিতদের সামর্থ্যসহ আনুষঙ্গিক তথ্য বিবেচনা করে এ রেটিং নির্ধারণ করতে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
এসব বিবেচনায় গ্রাহকের ‘রেটিং’ এ প্রাপ্ত নম্বর ৮০ এর উপরে হলে ওই গ্রাহক ‘এক্সিলেন্ট’, ৭০-৮০ হলে ‘গুড’, ৬০-৭০ পেলে ‘মার্জিনাল’ বলে ধরতে হবে।
এর নিচে ৬০ এর চেয়ে কম পেলে ‘আনএক্সেপ্টেবল’ অর্থাৎ এই মান পেলে গ্রাহক ঋণ পাওয়ার অযোগ্য বিবেচিত হবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে এক সার্কুলারে আর্থিক খাতের বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণ উল্লেখ করে গ্রাহকের মান নির্ধারণি এ রেটিং নম্বরগুলো কমিয়ে ধরে ঋণ দেওয়ার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।
তখন বাংলাদেশ ব্যাংক বলেছিল, ৫০ নম্বর পেলে ‘আনএক্সেপ্টেবল’ হবে, আগে যা ছিল সর্বনিম্ন ৬০।
‘মার্জিনাল’ ৬০-৭০ নম্বরের পরিবর্তে ছাড় দিয়ে করা হয় ৫০-৬৫ আর ‘গুড’ পেতে ৭০-৮০ নম্বরের পরিবর্তে ৬৫-৭৫ ও ‘এক্সিলেন্ট’ পেতে ঠিক করা ৮০ এর উপরে নম্বর কমিয়ে ধরা হয় ৭৫ এর উপরে।
