আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কার্যালয় উদ্বোধন
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান রাজস্ব আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট 'গুরুত্বপূর্ণ ভূমিকা' পালন করবে বলে আশা প্রকাশ করেন।
দীর্ঘদিন অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম চালিয়ে আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এবার আনুষ্ঠানিকভাবে কার্যালয় পেল।
সোমবার এ ইউনিটের কার্যালয় উদ্বোধন হয়েছে বলে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রথমে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের সঙ্গে সংযুক্তিতে, পরে রাজস্ব ভবনে দুটি রুম নিয়ে ছোট পরিসরে তকাজ চালালেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত সরকারের আমলে হওয়া কর ফাঁকির তদন্তে গতি আনতে এ ইউনিটকে ডাক ভবনে পাঠানো হয়; এ কার্যালয়েরই উদ্বোধন হল।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান রাজস্ব আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট 'গুরুত্বপূর্ণ ভূমিকা' পালন করবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ তার বক্তব্যে সকল কার্যক্রমে মেধা ও সততার প্রতি গুরুত্বারোপ করেন।
এ ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব দেশের স্বার্থে ও জাতীয় রাজস্ব আদায়ে সর্বাত্মক কার্যক্রম গ্রহণের দৃঢ় সংকল্প জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলে মহাপরিচালকসহ আয়কর বিভাগ ও ডাক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
