ঋণ কেলেঙ্কারি তদন্ত করবে সংসদীয় কমিটি
রাষ্ট্র মালিকানাধীন সোনালী, অগ্রণী ও বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি তদন্ত করবে সংসদীয় কমিটি।
কেলেঙ্কারি তদন্তে ইউসুফ আব্দুল্লাহ হারুনকে আহ্বায়ক করে বৃহস্পতিবার চার সদস্যের একটি কমিটি গঠন করেছে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির অন্য সদস্যরা হলেন- আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস।
কমিটি এক মাসের মধ্যে এই তিনটি ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সরকারি ব্যাংকের ঋণ কেলেঙ্কারি এবং ওই কেলেঙ্কারি বিষয়ে বাংলাদেশ ব্যাংক তদন্ত করে কী কারণ চিহ্নিত করেছে, ভবিষ্যতে যাতে এ ধরনের কেলেঙ্কারি না হয় তার জন্য কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এবং সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কি না সেই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেবে।
ইউসুফ আব্দুল্লাহ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ব্যাংকগুলোতে ঋণ নিয়ে যেসব দুর্ঘটনা ঘটেছে সেগুলো কেন ঘটেছে, এসব ঘটনার পেছনে কারা জড়িত ছিল, জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ নিয়েছে কি না সেগুলো খতিয়ে দেখার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে।
“একইসাথে ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে তার একটি পর্যবেক্ষণও আমরা দেওয়ার চেষ্টা করব,” বলেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি।
সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু। কমিটির অন্যান্য সদস্য দবিরুল ইসলাম, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম, সুকুমার রঞ্জন ঘোষ, ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং শাহানারা বেগম বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান, আইএমইডির সচিব ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই তিনটি ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা ঋণের অনিয়ম বাংলাদেশ ব্যাংকের তদন্তে ধরা পড়ে।
বেসিক ব্যাংকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ অনিয়ম হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের তদন্তে নিয়োগ, পদোন্নতিসহ বিভিন্ন অনিয়মও ধরা পড়েছে। এ প্রেক্ষিতে বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণের পাশাপাশি পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার সুপারিশ করে বাংলাদেশ ব্যাংক।
অগ্রণী ব্যাংকেও মুন গ্রুপকে সাড়ে তিনশ’ কোটি টাকা অনিয়ম করে ঋণ বিতরণসহ কয়েকশ’ কোটি টাকার ঋণ অনিয়ম ধরা পড়ে।
সম্প্রতি অর্থমন্ত্রী জাতীয় সংসদে বলেন, ক্ষমতাসীন দলের কারও কারও চাপে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
বৈঠকে বিদায়ী ২০১৪-২০১৫ অর্থবছরে বিভিন্ন উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) খাতে গত দুই মাসে কত তারিখে কী পরিমাণ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় হবে তার কোনো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কি না সেই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্যরা মত প্রকাশ করেন যে, প্রতি অর্থবছরে প্রথমদিকে প্রকল্প গ্রহণ করা উচিত।
বছর শেষে অর্থাৎ জুন মাসে অর্থ বরাদ্দ হওয়ায় সঠিকভাবে কাজগুলো মনিটরিং ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না বলে কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন।
ভবিষ্যতে বছরের শুরুতে অর্থ বরাদ্দ এবং মনিটর করার জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশ করা হয়। একইসঙ্গে এলজিআরডির প্রকল্পগুলোর কাজের মান সঠিকভাবে মনিটরিং বিষয়ে কী কী করণীয় সে সম্পর্কে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
