বিদেশি বিনিয়োগ কমেছে ৪.৭৪%
বাংলাদেশে ২০১৪ সালে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ আগের বছরের তুলনায় ৪ দশমিক ৭৪ শতাংশ কমেছে।
জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
এতে বলা হয়, ২০১৪ সালে বাংলাদেশে নিট ১৫২ কোটি ৬৭ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যা ২০১৩ সালে ছিল ১৫৯ কোটি ৯১ লাখ ডলার।
বাংলাদেশে বিনিয়োগ বোর্ড বুধবার ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন-২০১৫’ শিরোনামে এই প্রতিবেদন প্রকাশ করে।
ঢাকার দিলকুশায় জীবন বীমা ভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীর উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনিীতির অধ্যাপক এম ইসমাইল হোসেন এই প্রতিবেদনের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
তিনি জানান, ২০১৪ সালে সবচেয়ে বেশি, ৭২ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলারের বিনিয়োগ এসেছে ‘ম্যানুফ্যাকচারিং’ খাতে।
এরপরেই রয়েছে ‘ট্রেড অ্যান্ড কমার্স’ খাতের বিনিয়োগ। এ খাতে ৩৬ কোটি ৬৭ লাখ ডলারের বিনিয়োগ হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
এছাড়া ট্রান্সপোর্ট, স্টোরেজ অ্যান্ড কমিউনিকেশন খাতে এসেছে ২৩ কোটি ৫০ লাখ ডলারের বিনিয়োগ।
একক খাত হিসেবে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে বস্ত্র ও পোশাক খাতে, যা পরিমাণ ৩৯ কোটি ৯ লাখ ২০ হাজার ডলার।এরপরেই রয়েছে ব্যাংকিং খাতের ৩১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলারের বিনিয়োগ।
এই দুই খাতেই বিনিয়োগ আগের বছরের তুলনায় কমেছে বলে আঙ্কটাডের প্রতিবেদনে জানানো হয়।
এসব বিনিয়োগের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে উপার্জিত আয়কে পুনঃবিনিয়োগ করার মাধ্যমে। এভাবে বিনিয়োগ হয়েছে ৯৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ডলার।
এছাড়া ‘ইক্যুইটি’ বা নিজস্ব মূলধন এসেছে ২৮ কোটি ৩ লাখ ১০ হাজার ডলারের। আন্তঃকোম্পানি ঋণের মাধ্যমে এসেছে ২৫ কোটি ৭৬ লাখ ডলার।
কী কারণে বিনিয়োগ কমেছে জানতে চাইলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, “বিনিয়োগ কমে যাওয়ার কোনো কারণ নেই। বরং আমরা আশা করেছিলাম বিনিয়োগ বাড়বে। কারণ বিনিয়োগ করার সকল ব্যবস্থা আগের চেয়ে সহজ হয়েছে।”
অনুষ্ঠানের প্রধান অতিথি তৌফিক-ই-এলাহী চৌধুরী জানান, আঙ্কটাডের এই তথ্য ‘যথাযথ’ বলে তিনি মনে করেন না।
“এই প্রতিবেদনের মাধ্যমে পুরো বিনিয়োগ চিত্র যথাযথভাবে ফুটে ওঠেনি। এখানে যেসব সূচক ধরে এফডিআই হিসাব করা হয়েছে এর বাইরেও অনেক বিনিয়োগ রয়েছে।”
এর উদাহরণ হিসেবে শেভরনের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি বলেন, “শেভরন ৫০০ মিলিয়ন বিনিয়োগ করেছে। অথচ এই রিপোর্টে বলা হচ্ছে গ্যাস, পাওয়ার ও পেট্রোলিয়াম খাতে মাত্র ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।”
তবে সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান মহিউদ্দীন খান আলমগীর অনুষ্ঠানে বলেন, বাজার অনুযায়ী বাংলাদেশে যে বিনিয়োগ কম, তা স্বীকার করতেই হবে।
“শুধু বিদেশি বিনিয়োগ নয়, দেশি বিনিয়োগও উদ্বুদ্ধ করতে হবে।... বিনিয়োগের প্রধান চাহিদা বিদ্যুৎ, সে বিষয়ে সরকার যথেষ্ট অর্জন করেছে। যদিও গ্যাস সঙ্কট এখনও আছে। এছাড়া জমির অপ্রতুলতা ও মূলধনের অভাব রয়েছে।”
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি রূপালী চৌধুরী বলেন, “আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছি। কিন্তু বিশ্ব বিনিয়োগ ফোরামে বলা হচ্ছে, প্রধানত তিনটি কারণে বাংলাদেশে বিনিয়োগ করা সহজ হচ্ছে না।”
অবকাঠামো দুর্বলতা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি সেই তিন কারণ বলে জানান তিনি।
এই উদ্যোক্তা বলেন, “আমাদের সকলের উচিৎ এসব সমস্যা দূর করার জন্য উদ্যোগ নেওয়া।”
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর নাজনীন সুলতানা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
