বিনিয়োগ বোর্ডের সমালোচনায় হানিফ
জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিনিয়োগসহ কয়েকটি ক্ষেত্রে সরকরের ব্যর্থতার কথা তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।
বুধবার বাজেট প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় হানিফ উচ্চশিক্ষায় ভ্যাট আরোপেরও সমালোচনা করেন।
এই আওয়ামী লীগ নেতা বলেন, বাংলাদেশে বিনিয়োগ বোর্ড বিদেশি বিনিয়োগকারীদের জন্য অবকাঠামো সৃষ্টি ও নীতিমালা বাস্তবায়নে ‘চরমভাবে ব্যর্থ’ হয়েছে।
জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে ১৫২ কোটি ৬৭ লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে। ২০১৩ সালে এর পরিমাণ ছিল ১৫৯ কোটি ৯১ লাখ ডলার।
গত ৪ জুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিদায়ী অর্থবছরে দেশে মোট বিনিয়োগের পরিমাণ ছিল জিডিপির ২৮ শতাংশ। নতুন অর্থবছরে সরকার এই পরিমাণকে ৩০ শতাংশে নিয়ে যেতে চায়।
হানিফ বলেন, “প্রতিটি সেক্টরে এই বিনিয়োগ বোর্ড বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এর দায়ভার বর্তমান বিনিয়োগ বোর্ডকেই নিতে হবে।”
এ ব্যাপারে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “পেশাদার, দক্ষ, পরিশ্রমী ও দেশপ্রেমী ব্যক্তিদের দিয়ে ঢেলে সাজালেই বিনিয়োগ বোর্ড ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারবে।”
তিনি বলেন, “ধীরে ধীরে দেশে আমরা বিদ্যুৎ উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলেও শিল্প কলকারখানায় প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে আমরা ব্যর্থ হয়েছি। গ্যাস সরবরাহের জন্য হাজার হাজার আবেদন পেট্রোবাংলায় জমা আছে।”
সংসদ সদস্য হানিফ শিক্ষার উন্নয়নে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। কিন্তু এবার বাজেটে উচ্চ শিক্ষার ওপর ভ্যাট আরোপের প্রস্তাবকে ‘নজিরবিহীন’ বলেন।
“বর্তমান প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজে শতকরা ১০ ভাগ মূসক নির্ধারণের প্রস্তাব নজিরবিহীন, যা আমাদের সংবিধানের মৌলিক অধিকার ও শিক্ষানীতির পরিপন্থি।”
শিক্ষাব্যয় কমাতে এই প্রস্তাব পুনর্বিবেচনা করার আহ্বান জানান তিনি।
