২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি ‘ভুল’ সংশোধন করলেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার প্রস্তাবিত বাজেটে আরেকটি সংশোধনী এনেছেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 09:38 PM

Updated : 22 Aug 2022, 12:35 PM

তার সেই সংশোধনী অনুযায়ী, শুষ্ক মরিচ, তেলবীজ, পরিশোধিত-অপরিশোধিত ভোজ্য তেল, চাল, চালের খুদ, গম, পরিশোধিত-অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে কোনো কর দিতে হবে না।

সোমবার জাতীয় সংসদে এই সংশোধনী আনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমার বাজেট বক্তৃতার ৭৩-৭৪ পৃষ্ঠায় কতিপয় পণ্যে উৎস করের পরিধি বৃদ্ধি এবং করহার যৌক্তিকীকরণের প্রস্তাব করেছি। সেই মোতাবেক বিস্তৃত আকারে একটি নির্দেশনা প্রস্তুত করা হয়েছে।

“সেখানে দেখছি যে, একটি ভুল রয়েছে। এটা আমি এখানে শোধরাতে চাই। যাতে এটা নিয়ে আলোচনার প্রয়োজন না হয়।”

মুহিত বলেন, “বাজেট প্রস্তাবে আমি বলেছিলাম শুষ্ক মরিচ, তেলবীজ, পরিশোধিত-অপরিশোধিত ভোজ্য তেল, চাল, চালের খুদ, গম, পরিশোধিত-অপরিশোধিত চিনি- এগুলো আমদানির ক্ষেত্রে উৎসে কর আগে ৩ পার্সেন্ট নেওয়া হত; সেটা এখন ২ পার্সেন্ট হারে আদায় করা হবে।

“এখানে ‘উৎসে’ শব্দটা খুব অসুবিধার সৃষ্টি করছে। কারণ এটা বাজারকে অস্থিতিশীল করে দিচ্ছে। সে জন্য এটা যেন না হতে পারে, এটা নিয়ে যাতে সংসদে আলোচনার সুযোগ না থাকে, সেজন্য জানাচ্ছি যে, এই সব পণ্য আমদানির ক্ষেত্রে কোন উৎসে কর অর্থ্যাৎ ২ শতাংশ উৎসে কর আদায় করা হবে না।”

এর আগে চিনি আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ সংক্রান্ত একটি প্রস্তাবও সংশোধন করেছিলেন মুহিত।

Image
বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী (ফাইল ছবি)

বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী (ফাইল ছবি)

অর্থমন্ত্রী ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছিলেন তাতে প্রতি মেট্রিক টন অপরিশোধিত চিনি আমদানির শুল্ক দুই হাজার টাকা থেকে বাড়িয়ে চার হাজার টাকা এবং প্রতি টন পরিশোধিত চিনি আমদানির শুল্ক চার হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করার প্রস্তাব করেছিলেন।

পরের দিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মুহিত বলেন, “এটা ভুল হয়েছে। সংসদে এ বিষয়ে সংশোধনী আনা হবে।”

পরে ৮ জুন জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে অর্থমন্ত্রী মুহিত এ বিষয়ে সংশোধনী আনেন।

পুরনো খবর:

চিনির ‘ভুল’ সংশোধন করলেন অর্থমন্ত্রী