২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ মাসে ২৮ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি

রপ্তানি আয়ের ইতিবাচক ধারার মধ্য দিয়েই শেষ হতে চলেছে ২০১৪-১৫ অর্থবছর।

আবদুর রহিম হারমাছি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 08:27 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি রপ্তানির হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ দুই হাজার ৮১৪ কোটি ৪৪ লাখ (২৮ দশমিক ১৪ বিলিয়ন) ডলার আয় করেছে।

গত অর্থবছরের একই সময়ের চেয়ে এই আয় প্রায় ৩ শতাংশ বেশি।

তবে এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৬ শতাংশ রপ্তানি আয় কম এসেছে দেশে।

সর্বশেষ মে মাসে গত বছরের মে মাসের চেয়ে রপ্তানি আয় বাড়ে সাড়ে ৪ শতাংশ। অর্থবছরের শেষ মাস জুনেও রপ্তানি আয় বাড়বে বলে প্রত্যাশা করছেন ইপিবি ভাইস চেয়ারম্যান শুভাশিষ বসু।

টানা তিন মাসের সহিংস রাজনীতি, ইউরোর দরপতনসহ নানা বাধা-বিপত্তির মধ্যেও রপ্তানি আয়ে ৩ শতাংশ প্রবৃদ্ধিকে ‘ইতিবাচক’ হিসেবেই দেখছেন অর্থনীতির গবেষক জায়েদ বখত।

ইপিবির তথ্য পর্যালোচনায় দেখা যায়, নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু হয় অর্থবছর। ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৩৭ শতাংশ রপ্তানি আয় কম এসেছিল।

প্রথম চার মাসে অর্থ্যাৎ জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি আয় কম ছিল ১ শতাংশ। তবে তার পর থেকেই রপ্তানি আয় বাড়তে থাকে। জুলাই-ডিসেম্বর সময়ে প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৫৬ শতাংশ।

এপ্রিল মাসে গত বছরের চেয়ে ৫৫ শতাংশ রপ্তানি আয় কম এলেও দশ মাসের (জুলাই-এপ্রিল) হিসাবে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৬৩ শতাংশ।

সর্বশেষ মে মাসে ৪ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হওয়ায় জুলাই-মে সময়ে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৮০ শতাংশ।

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পের মালিক-উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসের ভয়াবহ দুর্ঘটনার পরও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। ২০১৪ সাল ভালোই গিয়েছিল। কিন্তু ২০১৫ সালের শুরুতেই শুরু হয় সহিংসতা।”

এর প্রভাব এখন দৃশ্যমান হচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, “তিন মাসের সহিংসতায় বাংলাদেশের ‘ইমেজ’ নষ্ট হয়েছে। তারপরও ৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখেছি আমরা।

“অ্যাকর্ড-অ্যালায়েন্সের কমপ্লায়েন্স শর্ত পূরণে বেশ সমস্যায় ছিলাম। সেটাও কাটিয়ে উঠেছিলাম। কিন্তু বাজেটে রপ্তানি মূল্যের উপর উৎসে কর দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করায় প্রতিযোগিতায় টিকে থাকতে সমস্যা হবে আমাদের।

“সে কারণেই আমরা বাড়তি কর বসানোর প্রস্তাব প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করছি।”

আতিক জানান, চলতি অর্থবছরে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানির লক্ষ্যামাত্রা ধরা হয়েছিল ২৭ বিলিয়ন ডলার। কিন্তু এখন তা আর পূরণ হবে বলে মনে হয় না।

“আমাদের ধারণা, এক বিলিয়ন কমে ২৬ বিলিয়ন ডলার হবে। তবে গত বছরের চেয়ে আয় বেশি হবে।”

২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ ২৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার আয় করেছিল। বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ২২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার রপ্তানি আয় দেশে এসেছে, যা মোট রপ্তানির ৮১ দশমিক ৪৫ শতাংশ।

এর মধ্যে উভেন পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। নিট পোশাক থেকে আয় হয়েছে ১১ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

গত ২০১৩-১৪ অর্থবছরে ৩০ দশমিক ১৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আর চলতি অর্থবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩ দশমিক ২০ বিলিয়ন ডলার।

আতিকুল ইসলাম বলেন, “২০২১ সালের মধ্যে আমরা আমাদের পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছি। যদি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে তাহলে অবশ্যই সে লক্ষ্য অর্জন করতে পারব।”

লক্ষ্য অর্জনে সরকারি নীতি-সহায়তা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

ইপিবির তথ্যে দেখা যায়, ৩০ জুন শেষ হতে যাওয়া ২০১৪-১৫ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) অন্যান্য রপ্তানি পণ্যের মধ্যে পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ৫ শতাংশ। হোম টেক্সটাইল রপ্তানি বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। বাই সাইকেল রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ১৫ শতাংশ বেড়েছে।

এছাড়া ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি ৬৭ দশমিক ৬৪ শতাংশ, প্রকৌশল পণ্য ২৩ দশমিক ৬৫ শতাংশ, জাহাজ এবং জাহাজের যন্ত্রাংশ রপ্তানি ২৪৫১ শতাংশ বেড়েছে।

তবে হিমায়িত খাদ্য রপ্তানি কমেছে ৫ দশমিক ১৯ শতাংশ। কৃষি পণ্য কমেছে ১ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে দশমিক ৩ শতাংশ।