ঢাকা ও চট্টগ্রামে ন্যূনতম কর অভিন্ন হবে: মুহিত
সরকার ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অভিন্ন হারে ন্যূনতম কর আরোপ করার কথা ভাবছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে কমিশনারদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান অর্থমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “ন্যূনতম কর পরিবর্তন করা হবে। এটা নিয়ে মন্ত্রিসভায়ও আলোচনা হয়েছে। আমরা ভাবছি, ঢাকা ও চট্টগ্রামের জন্য একটা রেট করব। আর বাকি দেশের জন্য আরেকটা রেট করব।”
৪ জুন জাতীয় সংসদে উত্থাপিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে সারা দেশের জন্য অভিন্ন ন্যূনতম কর ৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
বর্তমানে তিন স্তরে ন্যূনতম কর আদায় করা হয়; সিটি করপোরেশনে বসবাসরত নাগরিকদের জন্য ৩ হাজার টাকা, পৌরসভার জন্য ২ হাজার টাকা আর উপজেলার জন্য ১ হাজার টাকা।
এনবিআরের বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
