২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে অনেক সুখবর আছে: এফবিসিসিআই

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রবৃদ্ধি, ব্যবসা, বিনিয়োগ ও শিল্পবান্ধব বলে মনে করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 08:46 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

শনিবার বিকালে ‘২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি আবদুল মাতলুব আহমাদ এ মন্তব্য করেন। 

রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি ছাড়াও প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দীন ও অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

মাতলুব আহমাদ বলেন, “বাজেটের পর্যালোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশনের মতামত নিয়েছি, আমাদের পরিচালনা পর্ষদ এ বিষয়ে সভা করেছে, তারপর পর্যালোচনা এসেছে।

“আমরা মনে করি বাজেটে অনেক সুখবর আছে। সার্বিকভাবে ব্যবসায়ীদের পক্ষে গেছে বাজেট। তবে কয়েকটি প্রস্তাব আমরা পুনর্বিবেচনা করার জন্য বলব।” 

প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর হার ২ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করায় এফবিসিসিআই সভাপতি সরকারকে ধন্যবাদ জানান।

মাতলুব বলেন, “এই সিদ্ধান্ত ব্যাংক ঋণের সুদ হার কমিয়ে আনতে সহায়তা করবে, যা বিনিয়োগ-কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে। দেশের পুঁজিবাজারও উৎসাহিত হবে।”

বাজেট বাস্তবায়নে বছরের শুরুতে মনিটরিং জোরদার করার পরামর্শ দেন মাতলুব।

তিনি বলেন, “বাজেট সংশোধনের কারণে আর্থিক অব্যবস্থাপনা সৃষ্টি হতে পারে।”

তার মতে, বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য অনেক বড়। উন্নয়ন কার্যক্রমের জন্য সরকারকে উচ্চ লক্ষ্যমাত্রা নিতে হয়েছে।

“যেহেতু রাজস্ব আয়ের বড় অংশ আসে বেসরকারি খাত থেকে, সেহেতু ব্যবসাবান্ধব রাজস্ব আদায় প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে সফলতা পেতে হলে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে,” বলেন তিনি।

সরকার ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে রাজস্ব বোর্ড আদায় করবে এক লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা।

মাতলুব বলেন, “বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ৩৮ হাজার ৫২৩ কোটি টাকা নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা বেসরকারি খাতের ঋণ প্রাপ্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার সরকার যদি ঘাটতি অর্থায়ন ঠিকভাবে করতে না পারে সেক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। এফবিসিসিআই মনে করে সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে এ চ্য্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”

শিল্পের মৌলিক কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশের পরিবর্তে এক শতাংশ করার প্রস্তাব করেন মাতলুব।

তিনি মাইক্রোবাসের সম্পূরক শুল্ক ৩০ শতাংশ প্রত্যাহার করার প্রস্তাব করেন। এছাড়া রিকন্ডিশন গাড়ি আমদানির সুযোগ দেওয়ার সুপারিশ করেন।

ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী দোকানদারদের ভ্যাট আগের মত রাখার প্রস্তাব করেছে এফবিসিসিআই।

সুপারশপের ভ্যাট ৪ শতাংশের পরিবর্তে আগের মত ২ শতাংশ করার প্রস্তাব করেছে তারা।

বেসরকারি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়রিং কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০ শতাংশ মূসক প্রস্তাব প্রত্যাহার করার সুপারিশও করেছে তারা।

রপ্তানি পণ্যের মোট মুল্যের উপর এক শতাংশ উৎসে কর কাটার প্রস্তাব প্রত্যাহার করে বর্তমানের মত দশমিক ৩০ শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি। শিল্পের কাঁচামালের উপর অগ্রিম আয়কর ৩ শতাংশ করার প্রস্তাব করেছে।

প্রস্তাবিত বাজেট দেশের সার্বিক অর্থনৈতিক উন্নযনের লক্ষ্যে বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণ করতে সহায়ক হবে বলে মনে করে এফবিসিসিআই। তবে বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং মনে করে তারা। 

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য ইফতার সামগ্রী বিক্রির উপর ভ্যাট আরোপ না করার প্রস্তাব করেছে এফবিসিসিআই।

বাজেট শিল্পায়ন সহায়ক: বিসিআই

প্রস্তাবিত বাজেটকে নতুন বিনিয়োগ এবং শিল্পায়ন সহায়ক আখ্যা দিয়ে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) বলেছে, প্রস্তাবিত বাজেটে বরাবরের মতো দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী, যা দেশের শিল্প এবং বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিআই এ কথা বলে।

প্রস্তাবিত বাজেটে নতুন শিল্প স্থাপনে কর প্রণোদনা প্রদানের প্রস্তাবের প্রশংসা করেছে বিসিআই।

করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

শিশু বাজেট, ছিটমহলবাসীদের উন্নয়নের জন্য আলাদা বরাদ্দ, সরকারি চাকরিজীবীদের জন্য সমৃদ্ধি সোপান ব্যাংক, অনলাইন মার্কেট ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কর, অনুমোদনহীন বিদেশিদের নিয়োগে শাস্তি, কর্পোরেট ট্যাক্স, অর্থনৈতিক উন্নয়নে বিশেষ প্রণোদনা এবং উপজেলা ভিত্তিক কর অফিস স্থাপনেরও প্রশংসা করেছে ব্যবসায়ীদের এই সংগঠন।