বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ওই প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিসভার সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভায় অনুমোদনের পর বাজেট বিলে সই করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রায় ৩ লাখ কোটি টাকা ব্যয়ের এই বাজেটের দুই-তৃতীয়াংশই রাজস্ব খাত থেকে আদায়ের লক্ষ্য ঠিক করেছেন।
অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ ধরে সরকারের মেয়াদের দ্বিতীয় এই বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন মুহিত, যাতে মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে বেঁধে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে।
বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ২ লাখ ৮ হাজার ৪৪৩ কোটি টাকা। ফলে প্রায় ৮৬ হাজার ৬৫৭ কোটি টাকা ঘাটতি থাকছে।
বিশ্ব বাজারে সস্তা জ্বালানি তেল, কয়েক মাসের ঝড়ের পর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, নিয়ন্ত্রিত মূল্যস্ফীতির মধ্যে দেশবাসীর জীবনমান উন্নয়নে বড় ব্যয় পরিকল্পনা করে নিজেকে সাহসী ভাবছেন ৮৩ বছর বয়সী মুহিত।
সব উপজেলায় কর অফিস স্থাপন, কর কর্মকর্তাদের ‘পুরোনো স্টাইল’ থেকে বেরিয়ে আসার সতর্কবার্তা এবং জরিপ করে পাওয়া নতুন ৫ লাখ করদাতাকে করজালে নিয়ে আসা রাজস্ব আদায়ে উচ্চাভিলাষী হতে আশাবাদী করছে তাকে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তৃতার মধ্য দিয়ে টানা সপ্তম বারের মতো বাংলাদেশের বাজেট উপস্থাপনের মতো বিরল কৃতিত্বের অধিকারী হলেন মুহিত।
শেখ হাসিনার সরকারের অর্থমন্ত্রী হিসেবে এর আগে ছয় বার বাজেট দিয়েছেন তিনি। আর ব্যক্তিগতভাবে এটা হতে যাচ্ছে তার নবম বাজেট।
বিশ্ববাজারে তেলের দাম কমে আসাকে বিনিয়োগের জন্য সেরা সুযোগ বলে মনে করছেন শিল্পোদ্যোক্তারাও। তবে তাদের হতাশা রয়েছে গ্যাস-বিদ্যুৎ না পাওয়ার।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক বছরে অর্ধেকে নেমে এসেছে। খাদ্যপণ্যের দামও এখন কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
বিপরীতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড গড়ে ২৪ বিলিয়ন ডলারে উঠেছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাড়ছে। আমদানি বাড়ার সঙ্গে রপ্তানি খাতেও ইতিবাচক ধারা।
“সব মিলিয়েই আমাকে সাহস দিয়েছে বড় বাজেট দিতে,” বলেন মুহিত।
চার দশক আগে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। তিনটি বাজেট দেওয়া জিয়াউর রহমানের শেষ বাজেটও ছিল আড়াই হাজার কোটি টাকার মধ্যে।
৪ হাজার ১০০ কোটি দিয়ে শুরু করে সবচেয়ে বেশি বার বাজেট দেওয়া প্রয়াত সাইফুর রহমানের শেষ বাজেট ছিল ৭০ হাজার কোটি টাকার।
মাঝে আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে প্রয়াত শাহ এ এম এস কিবরিয়াকে বাজেটের আকার বাড়াতে অতটা উদার দেখা যায়নি। তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের শাসনামলে মির্জ্জা আজিজুল ইসলামের বাজেটও ছিল ১ লাখ কোটির মধ্যে।
মধ্য আয়ের দেশে বাংলাদেশকে উন্নীত করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদের সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া মুহিত সাহস দেখাচ্ছেন বড় বাজেট দেওয়ার।
‘দিনবদলের স্বপ্ন’ দেখানোর দর্শন নিয়ে ক্ষমতায় আসা শেখ হাসিনার সরকার বা তার দল আওয়ামী লীগ কতটুকু সফল সে স্বপ্নপূরণে?
উত্তরে মুহিত বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯-১০ অর্থবছরে আমি যে বাজেট দিয়েছিলাম তার আকার ছিল এক লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা। সাত বছরের মাথায় ৩ লাখ কোটি টাকার যে বাজেট দিচ্ছি, সেটা দিনবদলের স্বপ্ন পূরণেরই বাজেট।
“সেই স্বপ্ন পূরণ হতে চলেছে…। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ে দেশে পরিণত হব।”
