আমদানির আড়ালে চলছে মুদ্রা পাচার, সন্দেহ সিপিডির
মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শূন্য শুল্ক সুবিধার সুযোগ নিয়ে বিদেশে মুদ্রা পাচার করা হচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সোমবার রাজধানীকতে বাংলাদেশের অর্থনীতি নিয়ে সিপিডির এক পর্যালোচনা অনুষ্ঠানে এই মত তুলে ধরা হয়।
সংস্থাটি বলছে, ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ২৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও এসময়ে বেসরকারি খাতে ঋণে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
সিপিডির গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান তার মূল বক্তব্যে বলেন, “চারটি মূলধনী যন্ত্রপাতি খাতের আমদানিতে ব্যাপক প্রবৃদ্ধি হয়েছে। এগুলো হলো- এরোপ্লেন ও অন্যান্য এয়ার ক্রাফট, পিস্টন ইঞ্জিন, বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার।
“এসব পণ্য আমদানিতে বড় ধরনের দামের পরিবর্তন দেখছি, যা অস্বাভাবিক।”
ফাইল ছবি
মোস্তাফিজুর রহমান বলেন, “যেহেতু ক্যাপিটাল মেশিনারি আমদানিতে শুন্য শুল্ক সুবিধা আছে, সেহেতু এ খাতে অতিরিক্ত দাম দেখালে (ওভার ইনভয়েসিং) সমস্যা হয় না।”
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একই ধরনের আশঙ্কা থেকে ব্যাংকগুলোর কাছ থেকে ২০১৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমদানি করা মূলধনী যন্ত্রপাতির বিস্তারিত তথ্য চেয়েছে।
আমদানির আড়ালে মুদ্রা পাচার হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ফলপ্রসূ হবে আশা করেন সিপিডির নির্বাহী পরিচালক।
