‘কালো টাকা’ করের আওতায় আনতে আইন চায় সিপিডি
রাজস্ব আয় বাড়াতে অপ্রদর্শিত আয়কে করের মূল ধারায় আনতে আইন প্রণয়নের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সোমবার ‘বাংলাদেশের অর্থনীতি ২০১৪-১৫: তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ অনুষ্ঠানে এই প্রস্তাব তুলে ধরেন সংস্থার সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য্য।
তিনি বলেন, “অর্থনীতির অগ্রগতি ও রাজস্ব আয় বাড়ানোর জন্য অপ্রদর্শিত আয়কে করের মূল ধারায় আনতে হবে। এজন্য অপ্রদর্শিত আয় নিয়ে নির্ভরযোগ্য মধ্যমেয়াদি নীতিমালায় নিয়ে আসতে হবে- সে আয় দেশের বা বিদেশের যেখানকারই হোক।
“এজন্য বেনামি সম্পদ আইন করা যেতে পারে। বিশ্বের অনেক দেশে এ ধরনের আইন রয়েছে।”
অপ্রদর্শিত আয় বৈধ করতে আয়কর অধ্যাদেশে একটি ধারা রয়েছে, যাতে আয়কর বিবরণীতে অপ্রদর্শিত আয় বা অর্থের ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী কর আদায়ের পর অতিরিক্ত ১০ শতাংশ হারে জরিমানা দিতে হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন সিপিডির গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জাম, আনিসাতুল ফাতেমা ইউসুফ উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরে বিভিন্ন ক্ষেত্রের সম্ভাব্য চুক্তির সুবিধা নিতে করণীয় সম্পর্কে বেশকিছু প্রস্তাবনা তুলে ধরেন দেবপ্রিয়।
তিনি বলেন, “মোটর ভেহিকেল এগ্রিমেন্ট হবে। তার সুবিধা নিতে হলে যোগাযোগ অবকাঠামোর উন্নতি করতে হবে। এছাড়া নৌ ট্রানজিট হবে বলে শুনছি। সেক্ষেত্রেও অবকাঠামো উন্নয়ন দরকার।
“তার চেয়ে বেশি দরকার এটা স্পষ্ট করা যে, ভারতের পণ্য বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশে গেলে কি সুবিধা পাবে বা ভারতের পণ্য বাংলাদেশ হয়ে ভারতে গেলে কি সুবিধা পাবে।”
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের পক্ষ থেকে অসুবিধা অশুল্ক বাধাগুলো দূর করতে হবে। বাণিজ্য সহজীকরণের উদ্যোগ নিতে হবে।
“এজন্য দরকার ল্যান্ড কাস্টমসগুলোর (স্থল সীমান্ত বন্দর) উন্নয়ন, যাতে ব্যবসায়ীরা সেগুলো দ্রুত ও সাশ্রয়ীভাবে ব্যবহার করতে পারে। এ কাজটি দুদেশেরই করা উচিত।”
মূল বক্তব্যে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা সরকারের জন্য ইতিবাচক হবে বলে উল্লেখ করেন তৌফিকুল ইসলাম খান।
তিনি বলেন, “গত একবছর রাজনৈতিক অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে যেতে হয়েছে। এরপরও নিম্ন মূল্যস্ফীতি, নিম্নগামী সুদহার, স্থিতিশীল বিনিময় হার, নিয়ন্ত্রিত বাজেট ঘাটতি, ইতিবাচক ব্যালান্স অব পেমেন্ট ও বৈদেশিক মুদ্রার মজুদ আর বৈশ্বিক বাজারে পণ্যমূল্য কমে যাওয়ার মতো ভালো কিছু দিক রয়েছে অর্থনীতিতে।
“তবে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন না হওয়া, আমেরিকার বাজারে রপ্তানি কমে আসা এবং ধানের দাম নিশ্চিত করতে না পারা অর্থনীতির জন্য চ্যালেঞ্জ।”
এরকম পরিস্থিতিতে আগামী অর্থবছরে বাংলাদেশের নিম্নমধ্যম আয়ের দেশ হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন এই গবেষক।
তিনি বলেন, দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে হবে এবং ঋণের সুদহার কমাতে হবে। এজন্য ‘স্বাধীন ব্যাংকিং কমিশন’ গঠন করা যেতে পারে।
এছাড়া সামগ্রিক আর্থিক খাতে গতি ফেরাতে পরিসংখ্যান কমিশন, কৃষি মূল্য কমিশন, স্থানীয় সরকার অর্থায়ন কমিশন, সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন ও স্বাধীন আর্থিক খাতসংস্কার কমিশন গঠনের প্রস্তাব করেন তিনি।
