‘অবদান কম বলে কৃষিকে পাত্তা দেব না?’
কৃষিখাতকে শক্তিশালী করতে আসন্ন বাজেটে বরাদ্দ বাড়ানো এবং চলতি বাজেটে দেওয়া কৃষি ভর্তুকি থেকে যে অর্থ সাশ্রয় হবে তাও কৃষি খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন একজন কৃষি অর্থনীতিবিদ।
আসন্ন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট সামনে রেখে বিআইডিএসের সাবেক মহাপরিচালক মাহবুব হোসেন এক সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজেটে কৃষিখাতের জন্য যে বরাদ্দ থাকে তা যথেষ্ট নয়।
“জাতীয় আয়ে কৃষি খাতের অবদান কম বলে কি কৃষিকে পাত্তা দেব না? অবশ্যই দিতে হবে। কারণ বাংলাদেশের কর্মসংস্থানের ৪৭ ভাগ এখনও কৃষিখাতকেন্দ্রীক।”
তিনি মনে করেন, আসন্ন বাজেটে মৎস্য ও প্রানিসম্পদ পালন কার্যক্রমকে ‘আকর্ষণীয় ও লাভজনক’ করার উদ্যোগ নেওয়া কৃষি বাজেটের ‘মূল ফোকাসে’ থাকা উচিৎ।
মাহবুব হোসেন বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে; মৎস্য ও প্রাণিসম্পদ খাতের পণ্যের চাহিদা বাড়ছে। কিন্তু অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার এসব খাতে বিনিয়োগকারীদের ঝুঁকিও অনেক বেশি।
“এজন্য চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন নিশ্চিত করা, উদ্যোক্তাদের ঝুঁকি কমানোর জন্য বাজেটে উদ্যোগ নেওয়া দরকার। সেজন্য বরাদ্দ ও পরিকল্পনা থাকতে হবে।”
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মাহবুব হোসেন বলেন, এ খাত থেকে যেমন আমিষের চাহিদা পূরণ হবে, তেমনি কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হবে, যা জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে অবদান রাখবে। এ খাতের রপ্তানি সম্ভাবনাও ‘অনেক’।
ওই অর্থ কৃষিখাতের উন্নয়নে বিনিয়োগ করা, কৃষিপণ্য বাজারজাতকরণে মধ্যস্বত্ত্বভোগীর দৌরাত্ম্য কমানো, কৃষিপণ্য সংরক্ষণের ব্যবস্থা ও ন্যায্যমূল্য নিশ্চিত করার পরামর্শ দেন ফিলিপাইনের আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সামাজিক বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান মাহবুব।
তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের যোগান প্রধানত অভ্যন্তরীণ কৃষিখাত থেকেই হচ্ছে। তারপরও জাতীয় আয়ে কৃষির অবদান দিন দিন কমছে।
দেশ স্বাধীন হওয়ার পর জাতীয় আয়ে কৃষির অবদান ছিল ৪০ শতাংশ, বর্তমানে তা কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে।
আর চলতি অর্থবছরের বাজেটে কৃষিখাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা মোট বাজেটের ৫.৬৮ শতাংশ।
“অনেক সময় প্রশ্ন ওঠে, জাতীয় আয়ে কৃষি খাতের অবদান কমে যাওয়া খারাপ কি না। আমি মনে করি না এটা খারাপ। কৃষি খাত নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করে। বিশেষত ভোগ্য পণ্য।
“মানুষের আয় বাড়লেও খাদ্যের জন্য খরচ খুব একটা বাড়ে না। দরিদ্ররা তাদের আয়ের বড় অংশ খাদ্যের জন্য খরচ করে। আর যাদের আয় বেশি তারা খাদ্যের চেয়ে শিল্প ও সেবা পণ্যে খরচ করে বেশি।”
তবে বাংলাদেশে যেহেতু প্রায় অর্ধেক মানুষ অর্থনৈতিকভাবে কৃষির ওপর নির্ভরশীল, সেহেতু কৃষিতে গুরুত্ব কমানোর কোনো সুযোগ নেই বলে তিনি মনে করেন।
“যেহেতু কর্মসংস্থানের দিক থেকে কৃষিখাত গুরুত্বপূর্ণ, সেহেতু দারিদ্র্য বিমোচনে এ খাতের বিশেষ ভূমিকা রয়েছে। দারিদ্র্য বিমোচনের জন্য প্রান্তিক চাষী, ক্ষুদ্র ও বর্গা চাষীসহ সার্বিকভাবে কৃষিখাতে জোর দেওয়া দরকার। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা দরকার।”
মাহবুব হোসেন বলেন, দেশের অর্থনৈতিক উন্নতি হলেও কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
“এ বছর ধান বেশি উৎপাদিত হয়েছে। কিন্তু কৃষক ধানের দাম পাচ্ছে না। ফলে আগামী বছর ধানের চাষ কম হবে। এ ধরনের বাজার ব্যবস্থার মাধ্যমে কোনো খাতের টেকসই উন্নয়ন সম্ভব হয় না।”
এ জন্য বাজার কাঠামোর উন্নয়ন, মধ্যস্বত্ত্বভোগীর দৌরাত্ম্য কমানো ও শস্য সংরক্ষণের ব্যবস্থা করার বিষয়ে বাজেটে উদ্যোগ রাখার পরামর্শ দেন তিনি।
“বাজেটে কৃষিখাতের জন্য যে বরাদ্দ থাকে সেটা যথেষ্ট না। এই বরাদ্দ আরও বাড়ানো দরকার। এখনও কৃষির অনেক খাত রয়েছে যেখানে বিনিয়োগের সুযোগ রয়েছে।”
দেশের দেড় কোটি কৃষককে কীভাবে সহযোগিতা করা যায়, কৃষকের উৎপাদন ক্ষমতা কীভাবে বাড়ানো যায়- সে বিষয়ে বাজেটে উদ্যোগ থাকা জরুরি বলে মনে করেন মাহবুব হোসেন।
বর্তমানে সরকারের তরফ থেকে সেচ, বন্যা নিয়ন্ত্রণ, লবণাক্ততা সহিষ্ণু বীজ ও উচ্চফলনশীল জাত উৎপাদনে সহায়তা দেওয়া হলেও কৃষিখাতে ব্যক্তি বিনিয়োগ বাড়ানোর বিশেষ কোনো উদ্যোগ নেই বলে মনে করেন তিনি।
এজন্য গ্রাম চিকিৎসকদের মত করে শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে এক বছরের ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা করা যেতে পারে বলে তিনি মত দেন।
বার্ড ফ্লুর কারণে পোল্ট্রি খাতের অনেক উদ্যোক্তার পুঁজি হারানোর বিষয়টি তুলে ধরে মাহবুব হোসেন বলেন, আগামীতে এ ধরনের ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের রক্ষার ব্যবস্থাও বাজেটে থাকা উচিৎ।
বাংলাদেশে শস্যবীমা কাজে না এলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে তিনি মত দেন।
ইতোমধ্যে সরকার ধান, গম ও ভুট্টার উন্নত ও উচ্চফলনশীল বীজ উৎপাদন করছে। একইভাবে তেলবীজ ও ডালবীজ উৎপাদনে মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে মাহবুব হোসেন বলেন, “এসব পণ্য আমদানিনির্ভর হওয়ায় ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়।”
