ব্যাংকে ডাকাতের হানায় নিহতদের পরিবারকে অনুদান
বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়ার কাঠগড়া বাজার শাখায় ডাকাতদের হানায় নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও কমার্স ব্যাংক লিমিটেড।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান রোববার এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভারের আশুলিয়ার কাঠগড়াতে কমার্স ব্যাংকের শাখায় গত ২১ এপ্রিল দুপুরে একদল ডাকাত হানা দেয়। এক পর্যায়ে গুলি চালিয়ে ও বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করে তারা।
ওই ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়ালিউল্লাহ, গানম্যান কাজী বদরুল আলম, নিরাপত্তা প্রহরী ইব্রাহিম মণ্ডল, গ্রাহক শাহাবুদ্দিন মোল্লা পলাশ ও নূর মোহাম্মাদ, স্থানীয় ব্যবসায়ী মনিরুজ্জামান মনির ও জমির আলী এবং অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আইয়ুব আলী নিহত হন।
ওই ঘটনার পরপরই বাংলাদেশ ব্যাংক ও কমার্স ব্যাংক কর্তৃপক্ষ এই আর্থিক অনুদানের ঘোষণা দেয়।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শাখা ব্যবস্থাপক ওয়ালিউল্লাহর পরিবারসহ নিহত আটজনের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
একই অনুষ্ঠানে নিহত শাখা ব্যবস্থাপক ওয়ালীউল্লাহর পরিবারকে ৫ লাখ এবং অন্যদের পরিবারকে এক লাখ টাকা অনুদান দেয় কমার্স ব্যাংক।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইউসূফ আলী হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
