নয় মাসের হিসাবে প্রবৃদ্ধি ৬.৫১%
প্রথম নয় মাসের তথ্য বিশ্লেষণ করে চলতি অর্থবছরে বাংলাদেশ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।
বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য তুলে ধরেন।
সভায় নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৯৭ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, “এ বছর আমাদের ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল। বছরের একটা বড় অংশজুড়ে জ্বালাও-পোড়াও না হলে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারতাম। ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধিও কম নয়।”
গত অর্থবছর শেষে ৬ দশমিক ১২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির কথা বলা হলেও পর্যালোচনা শেষে ৬ দশমিক ০৬ প্রবৃদ্ধির কথা জানান পরিকল্পনামন্ত্রী।
তিনি জানান, চলতি বাজার মূল্যে বর্তমানে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৫ লাখ ১৩ হাজার ৫৯৯ কোটি টাকা।
“টানা ছয় বছর ৬ এর উপরে জিডিপি প্রবৃদ্ধি পৃথিবীর মাত্র চারটি দেশ করতে পেরেছে। সম্মিলিত প্রয়াসে এ প্রবৃদ্ধি হয়েছে। এদেশের ব্যবসায়ী সমাজ অনেক প্রতিকূলতার মাঝেও তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেননি। এ প্রবৃদ্ধি অর্জনে বেশ কিছু সিএনজি ড্রাইভার ও সাধারণ মানুষ আত্মাহুতি দিয়েছেন। তাদের আত্মাহুতির বিনিময়ে এ প্রবৃদ্ধি অর্জিত হয়।”
তিনি জানান, দেশে মাথাপিছু বার্ষিক আয় ১১৯০ ডলার থেকে বেড়ে ১৩১৪ ডলার হয়েছে। পারচেজিং পাওয়ার প্যারাইটির (পিপিপি) ভিত্তিতে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ১৯০ ডলার।
