২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ পুনঃতফসিলে নিয়ম মানার নির্দেশ

খেলাপি ঋণ পুনঃতফসিলে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছেন গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2015, 12:25 AM

Updated : 22 Aug 2022, 12:12 PM

গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সভায় তিনি এই নির্দেশনা দেন বলে সভার কার্যপত্রে বলা হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি নিয়মের বাইরে গিয়ে বিশেষ ব্যবস্থায় খেলাপি ঋণ পুনঃতফসিলের ঘটনা বাড়ায় গভর্নর এবিষয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সতর্ক করেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ঋণ পরিশোধে সর্বোচ্চ ৩৬ মাস সময়ের মধ্যে একটি খেলাপি ঋণ সর্বোচ্চ তিনবার পুনঃতফসিল করা যায়। এক্ষেত্রে ঋণের মান অনুযায়ী গ্রাহককে ১০ থেকে ৩০ শতাংশ পর‌্যন্ত ডাউন পেমেন্ট (এককালীন জমা) দিতে হয়।

ওই সভার কার‌্যপত্রে বলা হয়, “সম্প্রতি কিছু ব্যাংক নিয়ম অমান্য করে এককালীন জমা ছাড়াই অনেক ঋণ পুনঃতফসিল করেছে। কোনো কোনো ঋণ পঞ্চমবারের মতো পুনঃতফসিল করা হয়েছে; ঋণ পরিশোধের সময়সীমা ১০ বছর পর‌্যন্ত বাড়ানো হচ্ছে।”

বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী ও অডিট কমিটির সভার কার‌্যবিবরণী পর‌্যালোচনা করে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানতে পেরেছে।

এভাবে পুনঃতফসিলের মাধ্যমে ব্যাংকগুলো খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে এতে কম প্রভিশন সংরক্ষণ করে মুনাফাস্ফীতি ঘটাচ্ছে- এমন প্রমাণও পাওয়া গেছে বলে কার্যপত্রে বলা হয়েছে।

সভায় গভর্নর বলেছেন, “ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বা নির্বাহী ও অডিট কমিটি এ ধরনের সিদ্ধান্ত নিলে ঋণগ্রহিতারা ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ করা থেকে বিরত থাকবে। এটি খেলাপি ঋণ সংস্কৃতিকে উৎসাহিত করা।”

তবে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, সব ঋণই বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে পুনঃতফসিল করা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, খেলাপি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ঋণগ্রহিতার ব্যবসায়িক অবস্থা যাচাই করে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে।   

নিয়মের বাইরে খেলাপি ঋণ পুনঃতফসিলের জন্য বর্তমানে বিভিন্ন ব্যাংকের ২০০টি আবেদন বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে বলে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ তাদের প্রতিবেদনে জানিয়েছে।

সভায় উপস্থাপিত ওই প্রতিবেদনে বলা হয়, আবেদনগুলোর মধ্যে ২০০১৪ সাল পর‌্যন্ত ১৭০টি এবং এবছরের গত চার মাসে ৩০টি আবেদন এসেছে।  

‘এসব আবেদন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনঃতফসিলের জন্য অনুমোদন করেছে’ বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, “এই বিপুলসংখ্যক নিষ্পত্তির জন্য একদিকে যেমন সময়ের প্রয়োজন হবে, অন্যদিকে এর ফলে ব্যাংকগুলোর স্বাভাবিক ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিতে পারে।

“একইসাথে ব্যাংকগুলোর নিয়মের বাইরে গিয়ে ঋণ পুনঃতফসিলের প্রবণতা বাড়বে। এজন্য ব্যাংকগুলোকে ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়ম স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে।”

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ১৫৫ কোটি টাকা, যা ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক ৬৯ শতাংশ।