এটিএম বুথ স্থাপনে অনুমোদন লাগবে না
এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকগুলো এটিএম বুথ স্থাপন করতে পারবে।
এছাড়া ব্যাংকের জন্য অনুমোদিত বাড়ি বা ফ্লোর স্পেসের ভাড়ার নবায়নের জন্যও আর অনুমতির প্রয়োজন হবে না।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এই নির্দেশনা দেওয়া হয়।
এটিএম বুথ স্থাপন ও শাখার কার্যক্রম সহজ করতে আগের নীতিমালা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সার্কুলারে বলা হয়েছে, “এখন থেকে এটিএমসহ সব ধরনের ইলেকট্রনিক বুথ স্থাপন করতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতির প্রয়োজন হবে না। তবে এটিএম বুথ স্থাপনের ভাড়া ও খরচের ক্ষেত্রে আবশ্যিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।”
ভাড়া বা অন্য খরচের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট বুথের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
এধরনের বুথে ইলেকট্রনিক লেনদেন ছাড়া অন্য কোনো ধরনের ব্যাংকিং না করতে বলা হয়েছে সার্কুলারে।
আগের নীতিমালা অনুযায়ী, ব্যাংকের যে কোনো ধরনের স্থাপনা ভাড়া বা ইজারা গ্রহণ ও নবায়নের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো।
এখন থেকে ভাড়া বা ইজারা নেওয়ার ক্ষেত্রে একবার অনুমতি নেওয়ার পর পরবর্তী নবায়ন যদি ৩ বছর ও তার বেশি সময়ের জন্য সর্বোচ্চ ভাড়া ১৫ শতাংশের মধ্যে সীমিত থাকে সে ক্ষেত্রে আর অনুমতি নিতে হবে না।
তবে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাড়া নবায়নের অনুমোদন দেওয়ার এক মাসের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে অবহিত করতে বলা হয়েছে সার্কুলারে।
