গত ২ বছরে বন্ধ হিসাবের তথ্য চায় কেন্দ্রীয় ব্যাংক
গত দুবছরে ব্যাংকগুলো কি পরিমাণ হিসাব বন্ধ করেছে তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী ২৫ জানুয়ারির মধ্যে এসব হিসাবের তথ্য বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ আর্থিক গোয়েন্দা শাখা (বিএফআইএইউ) থেকে ব্যাংকগুলোকে বার্তা পাঠিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের(বিএফআইইউ) সম্প্রতি চালু করা গো-এএমএল এর মাধ্যমে মেসেজ পাঠিয়ে ব্যাংকগুলোর কাছে এ তথ্য চাওয়া হয়েছে।
এছাড়া বন্ধ এই হিসাবগুলোর মধ্যে ২০০২ সালের ৩০ এপ্রিলের আগে ও পরে খোলা হিসাবের সংখ্যা, বন্ধ হওয়া হিসাবধারী ব্যাংকের শাখার সংখ্যা ও বন্ধ করার কারণও জানাতে বলা হয়েছে।
বিএফআইইউর উপপ্রধান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি আমরা জেনেছি কোনো কোনো ব্যাংক কেওয়াইসি (নো ইউর কাস্টমার বা গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতি) না থাকায় হিসাব বন্ধ করে দিচ্ছে।
“কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো হিসাব বন্ধ করার নির্দেশনা দেয়া হয়নি। যেসব হিসাবের কেওয়াইসি নেই সেগুলো না পাওয়া পর্যন্ত সুপ্ত করে রাখার কথা বলা হয়েছে। এজন্য কোন ব্যাংক কতগুলো হিসাব বন্ধ করেছে সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।”
সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) না থাকলেও গ্রাহকের হিসাব বন্ধ না করে ‘সুপ্ত’ করে রাখার নির্দেশ দিয়ে দিয়ে সম্প্রতি এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
এ ধরনের গ্রাহকরা ওই হিসাব থেকে অর্থ উত্তোলন করতে না পারলেও জমা দিতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়, কোনো কোনো ব্যাংক বিএফআইইউর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে ২০০২ সালের ৩০ এপ্রিলের আগে খোলা হিসাবের মধ্যে কেওয়াইসি না থাকা পদ্ধতি সম্পন্ন না করা হিসাবগুলো বন্ধ করে দিচ্ছে।
আগে ব্যাংকগুলো নিজেদের মতো করে গ্রাহকের হিসাব খুলতে পারলেও ২০০২ সালের এপ্রিলের পর হিসাব খোলার আগে গ্রাহকের সঠিক ও পূর্ণাঙ্গ পরিচিতি (কেওয়াইসি) সংগ্রহ ও সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়।
এরপর ২০০৫ সালের জুলাইতে এক নির্দেশনায় আগে খোলা সব হিসাবের কেওয়াইসি সংগ্রহ করতে ২০১০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয় । পরে তা আরও দুবছর বাড়ানো হয়।
তবে নির্ধারিত সময়েও কেওয়াইসি হালনাগাদ করতে না পারায় গত নভেম্বরে সাতটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানকে জরিমানা করে বিএফআইইউ।
জরিমানার পর গত ৩০ নভেম্বর ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির পক্ষ থেকে পত্রিকায় ‘অ্যাকাউন্টে গ্রাহক তথ্য হালনাগাদ করুন’ শিরোনামে একটি জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
